• ই-পেপার

চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা
ছবি : কালের কণ্ঠ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। জানাজা ও দাফন শেষে প্যারোলের শর্ত অনুযায়ী তাকে আবারও বাগেরহাট জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে বাগেরহাট জেলা কারাগার কর্তৃপক্ষ নাশকতার মামলায় আটক জাহিদুল ইসলামকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেয়। পরে তিনি উপজেলার খারইখালী গ্রামের নিজ বাড়িতে গিয়ে মরহুমা মা সবেজান বিবির জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন।

পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার সবেজান বিবি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা জাহিদুল ইসলামের প্যারোলে মুক্তির আবেদন করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও অনুমোদন শেষে শুক্রবার তাকে নির্ধারিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।

জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর প্যারোলের শর্ত অনুযায়ী জাহিদুল ইসলামকে পুনরায় বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মানবিক বিবেচনা এবং প্রচলিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতেই তাকে সাময়িকভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

চৌদ্দগ্রাম সীমান্তে ৩৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম সীমান্তে ৩৪ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। শুক্রবার (১৭ জুলাই) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপি-এর একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করে জব্দ করা হয়।

বিজিবি আরো জানায়, জব্দ ভারতীয় শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা। জব্দ মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইজি বাইক যাত্রীদের গরমে স্বস্তি দিতে ছাতাযুক্ত ফ্যান

নওগাঁ প্রতিনিধি
ইজি বাইক যাত্রীদের গরমে স্বস্তি দিতে ছাতাযুক্ত ফ্যান
ছবি: কালের কণ্ঠ

নওগাঁ শহরের গোস্তহাটীর মোড়ে শৈলগাছী ইজিবাইক স্ট্যান্ডে এলেই নজড়ে পড়বে অভিনব যাত্রী সেবার দৃশ্য। এই স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ৮০টি ইজিবাইক নওগাঁ সদর থেকে শৈলগাছী ইউনিয়ন সড়কে চলাচল করে। ইজিবাইকগুলোর সিরিয়াল নিয়ন্ত্রণে জন্য রয়েছে একজন চেইন মাস্টার। নির্ধারিত একটি স্থান থেকে র্নিদিষ্ট সময়ের মধ্যে একটির পর একটি ইজিবাইক যাত্রী নিয়ে ছেড়ে যায়।

নওগাঁয় এখন প্রখর রোদ আর সেই সঙ্গে তীব্র গরম চলছে। যাত্রীদের ইজিবাইকের মধ্যে অপর যাত্রীর জন্য খানিকটা সময় অপেক্ষায় বসে থাকতে কষ্ট হয়। যাত্রীদের কষ্টের কথা ভেবে শৈলগাছী চার্জার সমিতির পক্ষ থেকে ইজি বাইকের কাছে একটি স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এতে ইজিবাইকের মধ্যে যাত্রীরা অনেকটাই স্বস্তিতেই বসে থাকছেন। আর সেই ফ্যানের ওপর যাতে রোদ বৃষ্টি না পড়ে সেজন্য ফ্যানের ওপর একটি ছাতা বেঁধে রাখা হয়েছে।

মাসুমা খাতুন নওগাঁ সদর হাসপাতালে তার চিকিৎসাধীন মাকে দেখতে এসেছিলেন। তিনি বলেন ‘ফ্যানের বাতাসোত আরামে বোসা আছি। গরম লাগোছে না।’

শৈলগাছী দীঘির পাড়ে যাবেন মোয়াজ্জেম হোসেন। অনেকটা সময় ইজি/বাইকে বসে আছেন। তিনি বলেন ‘আজ শুক্রবার তো তাই যাত্রী কম। ফ্যানের বাতাসোত বোসে থাকতে তেমন কষ্ট হছেনা। গরমত বাতাস প্যায়া ঝিমানি ধরিছে।’

শৈলগাছী চার্জার স্ট্যান্ড সমিতির চেইন মাস্টার দানেশ উদ্দীন বলেন, ‘গরমে যাত্রীদের কষ্ট দেখে সমিতির পক্ষ থেকে স্ট্যান্ড ফানের ব্যবস্থা করা হয়েছে। এতে যাত্রীরা স্বস্তিতেই বসে থাকেন। গাড়ি ছাড়ার জন্য আগের মতো তাগিদ দেয় না।’

গোয়ালন্দে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে জাহিদ বিশ্বাস (৪০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি গোয়ালন্দ পৌরসভার জবানীপাড়া মহল্লার জামাল বিশ্বাসের ছেলে। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘মৃতের গলায় নাইলনের রশি পেঁচানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

তিনি আরো বলেন, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট ও প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় জাহিদ বিশ্বাসকে পেটানোর পর তাকে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করে অটোরিকশা নিয়ে পালিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’