কক্সবাজারের টেকনাফে প্রাইভেট কারে বিশেষ কৌশলে লুকিয়ে পাচারকালে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে টেকনাফ মেরিন ড্রাইভের মহেষখালীয়াপাড়া এলাকায় বিজিবির চেকপোস্টে তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মাদক কারবারির নাম ইমরান হোসাইন ইমন (২৮)। তিনি টেকনাফ উপজেলার ডেইলপাড়া এলাকার কবির আহমদের ছেলে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থেকে একটি প্রাইভেট কারে করে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের দিকে পাচার হচ্ছে। পরে মেরিন ড্রাইভ চেকপোস্টে সাদা রঙের একটি টয়োটা করোলা ক্রস প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে গাড়ির নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার বক্স থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়ির মালিক ইমরান হোসাইনকে আটক করা হয় এবং ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সম্প্রতি প্রাইভেট কার ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। তাই সীমান্ত এলাকায় চেকপোস্টে তল্লাশি আরো জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।




