বুধবার দিবাগত রাতে বাড়ির পাশে অন্যদের সঙ্গে বসে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ উপভোগ করেছেন তিনি। পরদিন বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রামের সন্দ্বীপে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের এমন রহস্যজনক মৃত্যু হয়েছে।
ওই ইউপি সদস্যের নাম দিদারুল আলম মামুন। উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান নির্বাচিত সদস্য (মেম্বার) তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে অন্য কোনো সদস্য ছিলেন না। মামুনের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে বসবাস করে আসছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দিবাগত রাতেও মামুন মেম্বারকে বাড়ির পাশে অন্যদের সঙ্গে বসে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করতে দেখা গেছে। হঠাৎ তার এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়দের একাংশের দাবি, তিনি ব্যক্তিগত নানা কারণে দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।




