• ই-পেপার

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

প্রাইভেট কারে বিশেষ কৌশলে লুকানো ৮০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রাইভেট কারে বিশেষ কৌশলে লুকানো ৮০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

কক্সবাজারের টেকনাফে প্রাইভেট কারে বিশেষ কৌশলে লুকিয়ে পাচারকালে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে টেকনাফ মেরিন ড্রাইভের মহেষখালীয়াপাড়া এলাকায় বিজিবির চেকপোস্টে তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়। 

আটক মাদক কারবারির নাম ইমরান হোসাইন ইমন (২৮)। তিনি টেকনাফ উপজেলার ডেইলপাড়া এলাকার কবির আহমদের ছেলে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থেকে একটি প্রাইভেট কারে করে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের দিকে পাচার হচ্ছে। পরে মেরিন ড্রাইভ চেকপোস্টে সাদা রঙের একটি টয়োটা করোলা ক্রস প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে গাড়ির নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার বক্স থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়ির মালিক ইমরান হোসাইনকে আটক করা হয় এবং ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সম্প্রতি প্রাইভেট কার ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। তাই সীমান্ত এলাকায় চেকপোস্টে তল্লাশি আরো জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

ধর্মীয় বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ধর্মীয় বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, ‘দেশের সব নাগরিক সমান মর্যাদার অধিকারী। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর দেশ গড়তে চাই। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুরের নগরকান্দা সদরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের মিলিত আবাসভূমি। যুগের পর যুগ ধরে এ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। ভবিষ্যৎ প্রজন্মও এই ঐতিহ্য ধারণ করবে।’

জুলাই শহীদ ও আহতদের স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাইয়ে যারা আত্মত্যাগের মাধ্যমে দেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আহত জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজন হলে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে।’

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি ডা. রনদা প্রসাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, চারন কবি সহাদেব সরকার, বাবু অজয় কর প্রমুখ।

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি সরকার : প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি সরকার : প্রতিমন্ত্রী মীর হেলাল
ছবি: কালের কণ্ঠ

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জুলাই বিপ্লবকে ধারণ করে সব গণতান্ত্রিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিএনপির নোট অব ডিসেন্টসহ একটি জুলাই সনদ স্বাক্ষর করা হয়। সেই জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়নে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, আজকের আলোচনা সভা শোকের নয়, এটি শক্তি সঞ্চয়ের সভা। জুলাইয়ের শক্তিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ছাত্রদলের সদস্য ছিল, তার চেয়ে বড় পরিচয় সে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের সৈনিক ছিল। আজকের দিন শোকের না হয়ে শক্তি সঞ্চয়ের কেন তা যারা রাজপথে আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, ত্যাগ শিকার করেছেন তারা অনুভব করবেন। ক্ষমতার স্রোতে যারা ভেসে বেড়ায় তারা কখনো ত্যাগের মহিমা অনুভব করতে পারবে না।

তিনি বলেন, প্রকৃত জুলাই যোদ্ধারা কখনো চেতনা নিয়ে ব্যবসা করে না। নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মানবিক সহায়তামূলক কার্যক্রম শুরু করেছেন। নিত্যপ্রয়োজনীয় ৬০টির বেশি পণ্যের মূল্য কমিয়েছেন। স্বাস্থ্যখাতে বিভিন্ন ব্যয়বহুল জিনিসপত্রের দাম কমিয়েছেন। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ একটি মানবিক ও উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হওয়া সময়ের ব্যাপার।

সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, শহীদ ওয়াসিমসহ যেসকল জুলাই যোদ্ধা জীবন দিয়েছেন আমরা তাদের ইতিহাস অবশ্যই সংরক্ষণ করব। প্রকৃত শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের নির্ভুলভাবে তালিকা করার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনাও আমাদের জুলাই বিপ্লবে জেগে উঠতে চেতনা জুগিয়েছে। এ দেশে ফ্যাসিবাদ যেন আবার ফিরে না আসে সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ নতুন করে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে জনগণ রুখে দেবে। দেশের জন্য যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন জাতির কাছে সম্মানিত করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির এমপি মোহাম্মদ আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় সদস্য এমপি হুম্মাম কাদের চৌধুরী, এমপি সাঈদ আল নোমান তুর্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

হবিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুহেরা বেগম (২৩) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ইনাতগঞ্জ ইউনিয়নের বাজারছড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুহেরা বেগম বাজারছড়া গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহটি উদ্ধারের পর ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, জুহেরা বেগম প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’