• ই-পেপার

রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ম্যাচ দেখেছিলেন, পরদিন নিজ ঘরে মিলল ঝুলন্ত লাশ

মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৪

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৪
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ১১টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার আনজুমানপাড়া সুইচগেট এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে সীমান্তসংলগ্ন বেড়িবাঁধ দিয়ে কয়েকজনকে বস্তা বহন করে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন—মো. একরাম (২৭), মো. আয়েচ (২৪), মো. সাবেদ (১৬) ও মো. সাবেদ (২১)। তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ১৪ হাজার ৩০০ টাকা। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ পণ্য উদ্ধার হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে সার, ভোজ্যতেলসহ অন্যান্য বাংলাদেশি পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং চোরাচালানে জড়িতদের নিরুৎসাহিত করার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ‘সীমান্ত পাহারার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

প্রাইভেট কারে বিশেষ কৌশলে লুকানো ৮০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রাইভেট কারে বিশেষ কৌশলে লুকানো ৮০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

কক্সবাজারের টেকনাফে প্রাইভেট কারে বিশেষ কৌশলে লুকিয়ে পাচারকালে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে টেকনাফ মেরিন ড্রাইভের মহেষখালীয়াপাড়া এলাকায় বিজিবির চেকপোস্টে তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়। 

আটক মাদক কারবারির নাম ইমরান হোসাইন ইমন (২৮)। তিনি টেকনাফ উপজেলার ডেইলপাড়া এলাকার কবির আহমদের ছেলে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থেকে একটি প্রাইভেট কারে করে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের দিকে পাচার হচ্ছে। পরে মেরিন ড্রাইভ চেকপোস্টে সাদা রঙের একটি টয়োটা করোলা ক্রস প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে গাড়ির নিচে বিশেষভাবে তৈরি দুটি লোহার বক্স থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়ির মালিক ইমরান হোসাইনকে আটক করা হয় এবং ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সম্প্রতি প্রাইভেট কার ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। তাই সীমান্ত এলাকায় চেকপোস্টে তল্লাশি আরো জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

ধর্মীয় বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ধর্মীয় বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, ‘দেশের সব নাগরিক সমান মর্যাদার অধিকারী। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর দেশ গড়তে চাই। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ফরিদপুরের নগরকান্দা সদরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ বহু ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের মিলিত আবাসভূমি। যুগের পর যুগ ধরে এ দেশের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। ভবিষ্যৎ প্রজন্মও এই ঐতিহ্য ধারণ করবে।’

জুলাই শহীদ ও আহতদের স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাইয়ে যারা আত্মত্যাগের মাধ্যমে দেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আহত জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজন হলে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে।’

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি ডা. রনদা প্রসাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, চারন কবি সহাদেব সরকার, বাবু অজয় কর প্রমুখ।

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

রাঙামাটি সংবাদদাতা
শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

কাপ্তাই লেকের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় আগামী শনিবার (১৮ জুলাই) কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ এমএসএল (মিনস সি লেভেল)। লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় লেকের পানি দ্রুত বাড়ছে।

এ পরিস্থিতিতে আগামী শনিবার সকাল ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। প্রাথমিকভাবে এতে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বলেন, লেকের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ (ইনফ্লো) এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের ওপর ভিত্তি করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে দেওয়া হতে পারে। একই সঙ্গে ইনফ্লো আরো বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে গেট আরো বেশি খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হবে।

তিনি আরো জানান, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

এদিকে, স্পিলওয়ে খোলার সম্ভাব্য ঘোষণায় কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিউবো।