• ই-পেপার

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনের ঘটনায় ২ শ্রমিক নিহত

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

রাঙামাটি সংবাদদাতা
শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

কাপ্তাই লেকের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় আগামী শনিবার (১৮ জুলাই) কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ এমএসএল (মিনস সি লেভেল)। লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় লেকের পানি দ্রুত বাড়ছে।

এ পরিস্থিতিতে আগামী শনিবার সকাল ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। প্রাথমিকভাবে এতে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বলেন, লেকের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ (ইনফ্লো) এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের ওপর ভিত্তি করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে দেওয়া হতে পারে। একই সঙ্গে ইনফ্লো আরো বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে গেট আরো বেশি খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানো হবে।

তিনি আরো জানান, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

এদিকে, স্পিলওয়ে খোলার সম্ভাব্য ঘোষণায় কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিউবো।

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি সরকার : প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি সরকার : প্রতিমন্ত্রী মীর হেলাল
ছবি: কালের কণ্ঠ

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জুলাই বিপ্লবকে ধারণ করে সব গণতান্ত্রিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিএনপির নোট অব ডিসেন্টসহ একটি জুলাই সনদ স্বাক্ষর করা হয়। সেই জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়নে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, আজকের আলোচনা সভা শোকের নয়, এটি শক্তি সঞ্চয়ের সভা। জুলাইয়ের শক্তিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ছাত্রদলের সদস্য ছিল, তার চেয়ে বড় পরিচয় সে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের সৈনিক ছিল। আজকের দিন শোকের না হয়ে শক্তি সঞ্চয়ের কেন তা যারা রাজপথে আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, ত্যাগ শিকার করেছেন তারা অনুভব করবেন। ক্ষমতার স্রোতে যারা ভেসে বেড়ায় তারা কখনো ত্যাগের মহিমা অনুভব করতে পারবে না।

তিনি বলেন, প্রকৃত জুলাই যোদ্ধারা কখনো চেতনা নিয়ে ব্যবসা করে না। নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মানবিক সহায়তামূলক কার্যক্রম শুরু করেছেন। নিত্যপ্রয়োজনীয় ৬০টির বেশি পণ্যের মূল্য কমিয়েছেন। স্বাস্থ্যখাতে বিভিন্ন ব্যয়বহুল জিনিসপত্রের দাম কমিয়েছেন। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ একটি মানবিক ও উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হওয়া সময়ের ব্যাপার।

সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, শহীদ ওয়াসিমসহ যেসকল জুলাই যোদ্ধা জীবন দিয়েছেন আমরা তাদের ইতিহাস অবশ্যই সংরক্ষণ করব। প্রকৃত শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের নির্ভুলভাবে তালিকা করার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনাও আমাদের জুলাই বিপ্লবে জেগে উঠতে চেতনা জুগিয়েছে। এ দেশে ফ্যাসিবাদ যেন আবার ফিরে না আসে সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ নতুন করে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে জনগণ রুখে দেবে। দেশের জন্য যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন জাতির কাছে সম্মানিত করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির এমপি মোহাম্মদ আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় সদস্য এমপি হুম্মাম কাদের চৌধুরী, এমপি সাঈদ আল নোমান তুর্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

হবিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুহেরা বেগম (২৩) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ইনাতগঞ্জ ইউনিয়নের বাজারছড়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুহেরা বেগম বাজারছড়া গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহটি উদ্ধারের পর ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, জুহেরা বেগম প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

ময়মনসিংহে পুকুরে ডুবে আরো ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে পুকুরে ডুবে আরো ২ শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের পূর্বপাড়ার আব্দুল জলিলের মেয়ে টুনি মনি (৬) ও ফারুক মিয়ার কন্যা মোমেনা খাতুন (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন।

এর আগে, একই দিন বিকেলে জেলার নান্দাইল উপজেলার চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশে আমনের ধান রোপণের জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন এক কৃষক। এ সময় ওই দুই বোন অন্য শিশুদের সঙ্গে সেখানে খেলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে তারা একটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় পুকুর থেকে ওই দুই শিশু মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, তিনি এ বিষয়ে এখনো কোনো খবর পাননি। খোঁজ নিয়ে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।