নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য ও রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে কর্মরত ডুবুরি সদস্য ছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, ফায়ার জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিল। এ সময় ডুবুরি সদস্য সাদিক, শামসুল এবং স্পিডবোট চালক সজল দায়িত্ব পালন করছিলেন। কাজের একপর্যায়ে স্পিডবোট থেকে নদীতে পড়ে নিখোঁজ হন সাদিক। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সাদিক একজন দক্ষ, সাহসী ও দায়িত্বশীল ডুবুরি ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদক অর্জন করেছেন তিনি। তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।





