• ই-পেপার

নেত্রকোনায় ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২

বুড়িচংয়ে ১৮০ ইয়াবাসহ মাদক কারবারি আটক

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচংয়ে ১৮০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার বুড়িচংয়ে ১৮০ পিস ইয়াবাসহ মো. তারা মিয়া (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরাগ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিপা স্টিল দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে।

পরে ধাওয়া করে তারা মিয়াকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক তারা মিয়া উপজেলার পশ্চিমপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুড়িচং থানায় মামলা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

শহীদ আবু সাঈদের কবরে ছাত্রদল সভাপতির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
শহীদ আবু সাঈদের কবরে ছাত্রদল সভাপতির শ্রদ্ধা
সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ক‌রেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে শায়িত আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। 

এর আগে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ছাত্রদল সভাপতি। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের বাবা, মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে খোঁজখবর নেন তিনি। ছাত্রদল সভাপতি আবু সাঈদের পরিবারের বিভিন্ন দাবির কথা শুনেন এবং তা সরকারের শীর্ষ পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন।

এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মুসা, রংপুর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নেওয়াজ জোহাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ে শেষ হয়নি খাল পুনঃখনন, সরকারি কোষাগারে টাকা ফেরত

তিতাস-হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
নির্ধারিত সময়ে শেষ হয়নি খাল পুনঃখনন, সরকারি কোষাগারে টাকা ফেরত
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার তিতাসে ৩ কিলোমিটার খাল পুনঃখননের প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় বরাদ্দের ৪৫ লাখ ৫৬ হাজার ৭০৩ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। প্রকল্পের জন্য ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা বরাদ্দ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ১ দশমিক ০৬৭ কিলোমিটার খাল খনন হওয়ায় অব্যয়িত অর্থ ফেরত দিতে হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, মজিদপুর ইউনিয়নের দড়িগাঁও কাঠালিয়া নদী থেকে গঙ্গাপ্রসাদ পর্যন্ত তিন কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানোর লক্ষ্য নিয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া প্রকল্পটির উদ্বোধন করেন।

প্রকল্প অনুযায়ী গত ১৮ এপ্রিল খননকাজ শুরু হয়ে ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পুরো প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি। খননকাজ, শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি, পরিবহন ও অন্যান্য ব্যয় মিলিয়ে ৩১ লাখ ৭২ হাজার টাকা পরিশোধ করা হয়। অবশিষ্ট ৪৫ লাখ ৫৬ হাজার ৭০৩ টাকা সরকারি আর্থিক বিধি অনুযায়ী কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের পুরো সময়জুড়ে কাজের অগ্রগতি, ব্যয় ও গুণগত মান নিয়মিত তদারকি করেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় তিনি ৩০ জুন কুমিল্লা জেলা প্রশাসকের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করেন।

এদিকে, অসম্পূর্ণ খননের কারণে স্থানীয় কৃষকদের প্রত্যাশা পূরণ হয়নি। তাঁদের ভাষ্য, বছরের পর বছর ভরাট হয়ে থাকা খালটির কারণে বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচসংকট দেখা দেয়। পুরো খাল পুনঃখনন হলে পানি চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ত এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়ত।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুল ইসলাম বলেন, ‘সরকারি অর্থ জনগণের আমানত। এ অর্থ ব্যয়ে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে কাজ পরিচালনার চেষ্টা করেছি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় যে ৪৫ লাখ ৫৬ হাজার ৭০৩ টাকা ব্যয় হয়নি, তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।’

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৬ জুলাই গোপালগঞ্জ হত‍্যা দিবসের প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল। ছবি : ভিডিও থেকে নেওয়া।

১৬ জুলাই গোপালগঞ্জ সংঘটিত গণহত‍্যার প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বার ঝটিক‍া বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকায় ওই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের নেতৃত্বে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলার সহসভাপতি মো. জহির উদ্দিন, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুজ্জামান রনি, যুগ্ম আহ্বায়ক ইমরান আরেফিন ইমু প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় তারা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজ পথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘দেবীদ্বারের মাটি-কালাম ভাইয়ের ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান দেয়।

এ ব‍্যাপারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ দেবীদ্বার উপজেলা শাখার আহ্বায়ক মো. আসাদুজ্জামান রনি জানান, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে, বিদেশিদের কাছে ইজারা দেওয়া দেশ পুনরুদ্ধার এবং মুক্তিযুদ্ধের অস্তিত্ব রক্ষায়া শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের হারানো ঐতিহ‍্য ফিরিয়ে আনতেই আমাদের আজকের বিক্ষোভ মিছিল।

তিনি আরো বলেন, ‘আজ ১৬ জুলাই, ২০২৪ সালে একটি স্বৈরাচারী গোষ্ঠী ক্ষমতা দখলে গোপালগঞ্জে এক নারকীয় হত্যাযজ্ঞ চালায়। ১৬ জুলাই গোপালগঞ্জ হত‍্যা দিবসের প্রতিবাদে আজ আমরা সারা দেশে এ বিক্ষোভ মিছিল করেছি।’

এ ব‍্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘আমাদের কাছে ইনফর্মেশন ছিল কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করবে। সেই লক্ষ‍্যে আমরা গত রাত থেকে এ রোডে টহল বৃদ্ধি করি। আজ শুনলাম ওরা ঢাকা-চট্টগাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে। আমরা তদন্ত স্বার্থে এবং ভিডিও ফুটেজ দেখে মিছিলকারীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করব।’