• ই-পেপার

স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক

পুলিশের জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ১১৬৫ জেলের বিরুদ্ধে মামলা

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
পুলিশের জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ১১৬৫ জেলের বিরুদ্ধে মামলা
ছবি : সংগৃহীত

নেত্রকোনায় পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ছিনিয়ে জাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১১৬৫ জেলের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দুই জেলেকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৪ জুলাই) আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে গত ১৩ জুলাই রাতে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১১০০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, মোহনগঞ্জ উপজেলার মাঘান কুড়েরপাড় এলাকার জাকির (২২) ও মামুন (২৪)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১১ জুলাই বিকেলে উপজেলার ডিঙ্গাপোতা হাওরে অভিযান চালিয়ে বিশাল আকৃতির চারটি নিষিদ্ধ (খনা) জাল ও দুটি নৌকা জব্দ করে মোহনগঞ্জ থানার অধীন আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। একেকটি খনা জালের দৈর্ঘ্য ২ হাজার ৫০০ ফুট। জব্দ করা জাল ও নৌকা তদন্ত কেন্দ্রে রাখা হয়।

অভিযোগ রয়েছে, পরদিন ১২ জুলাই দুপুরে কয়েকশ জেলে সংঘবদ্ধ হয়ে আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে জব্দ করা জাল ও নৌকা নিয়ে যান। পরে ১৩ জুলাই হাওরে অভিযান চালিয়ে একটি খনা জাল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১১০০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান বলেন, মামলায় দুজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন টুকু এবং স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর হাওরে ৭৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনাগুলো বড় হওয়ার আগ পর্যন্ত নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকতে স্থানীয়ভাবে আহ্বান জানানো হয়।

তবে স্থানীয় জেলেদের দাবি, সরকারি নিষেধাজ্ঞার মেয়াদ গত ২৮ জুন শেষ হয়েছে। ফলে তারা বৈধভাবে মাছ ধরার অধিকার ফিরে পেয়েছেন। এ কারণে স্থানীয়ভাবে আরোপিত নিষেধাজ্ঞা মানতে তারা অনীহা প্রকাশ করছেন। বিষয়টি নিয়ে জেলে ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে কয়েক দফা উত্তেজনা ও বাগবিতণ্ডার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হাওরের মৎস্যসম্পদ রক্ষায় এবং দেশীয় মাছের বিস্তার বাড়াতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আরিফুল ইসলাম (৩৫) গুরুতর আহত হওয়ায় তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলিতে দেলোয়ার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ আরিফুল ইসলাম রংপুরের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজার এলাকায় ভাড়াবাসায় থাকতেন। আহত অপর তিন শ্রমিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিল জানান, ১৭ হাজার টাকার বিনিময়ে সড়ক কেটে ওই বাড়িতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার চুক্তি হয়েছিল। এ কাজে অগ্রিম ২ হাজার টাকা দেওয়া হয়। পরে স্থানীয় এক গ্যাস ঠিকাদারের মাধ্যমে কয়েকজন শ্রমিক নিয়ে রাতে কাজ শুরু করা হয়। মাটি খুঁড়ে পাইপে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হন।

তিনি আরো জানান, গুরুতর আহত আরিফুলকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আরিফুলের শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নরসিংদীতে ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ চাচির বিরুদ্ধে

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ চাচির বিরুদ্ধে
সংগৃহীত ছবি

নরসিংদীর মাধবদীতে দুই মাসের এক শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঘটনার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে। 

পরিবারের সদস্যরা জানান, শিশুটি জন্মের পর থেকেই অস্বাভাবিকভাবে কান্না করত। শিশুর মা সায়েবা বেগমের সন্দেহ হলে তিনি ঘরে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করেন।

ভিডিওতে দেখা যায়, মায়ের অনুপস্থিতিতে শিশুর চাচি ঘরে ঢোকেন। এক পর্যায়ে তিনি ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুটির একটি পা ভেঙে গেছে। বর্তমানে তার পায়ে প্লাস্টার করা হয়েছে। শিশুটি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে।

ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল
সংগৃহীত ছবি

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় খাল দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং ব্যক্তিস্বার্থে কালভার্ট নির্মাণকে জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, দখলদার যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, জেলা ও উপজেলা প্রশাসনের সক্রিয় সহযোগিতায় ইতিমধ্যে বিভিন্ন এলাকায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জলাবদ্ধতা নিরসন ও প্রাকৃতিক পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে এ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় সারা দেশে ২৬ হাজার কিলোমিটার খাল খননের একটি মেগা উদ্যোগ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি খালের দুই পাড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।’

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।