• ই-পেপার

সবার সঙ্গে কথা বলেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল : শিক্ষামন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অক্সফামের ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অক্সফামের ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ
সংগৃহীত ছবি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ জেলার মানুষদের সহায়তায় ১ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে অক্সফাম ইন বাংলাদেশ।

পাশাপাশি সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে ৩০ লাখ ইউরো তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এসব কথা জানায়।

অক্সফাম জানায়, ১৪ জুলাই পর্যন্ত বন্যায় ৫৪ জনের মৃত্যু এবং ৩৯ জন আহত হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। বন্যায় ঘরবাড়ি, সড়ক, বাঁধ, কৃষিজমি, পানির উৎস, শৌচাগার ও মৎস্য খামার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ৩ হাজার ৫০০টি পানির উৎস ও ১২ হাজার ৪০০টি শৌচাগার নষ্ট হওয়ায় পানিবাহিত রোগের ঝুঁকিও বেড়েছে।

অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত বলেন, বন্যার কারণে মানুষের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বহু পরিবার ঘরবাড়ি ও আয়ের উৎস হারিয়েছে এবং নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে কক্সবাজারের ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা শিবিরে সীমিত নিরাপদ আশ্রয়, অস্থিতিশীল পাহাড়ি ঢাল ও ভূমিধসের ঝুঁকি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

সংস্থাটি জানায়, চট্টগ্রামে জরুরি খাদ্য, নিরাপদ খাবার পানি, স্বাস্থ্যবিধি ও মর্যাদা সুরক্ষা কিট বিতরণের পাশাপাশি সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পরিবারপ্রতি ৮ হাজার টাকা করে বহুমুখী নগদ সহায়তা দেওয়া হবে। এই অর্থ খাদ্য, ঘর মেরামত, চিকিৎসা, যাতায়াত ও জীবিকা পুনরুদ্ধারে ব্যয় করা যাবে।

কক্সবাজারে অক্সফাম ও এর অংশীদাররা ক্ষয়ক্ষতি মূল্যায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত এবং রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করছে।

স্থানীয় অংশীদারদের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের সবচেয়ে জরুরি প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে বর্তমান বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই আরো বেশি মানুষের কাছে জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দিতে দাতা সংস্থা, উন্নয়ন অংশীদার, ব্যবসাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান অনিল পান্ত।

বাংলাদেশ-সৌদি সহযোগিতা জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক

অনলাইন ডেস্ক
বাংলাদেশ-সৌদি সহযোগিতা জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক

বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বন্দর অবকাঠামোর আধুনিকায়ন, সামুদ্রিক পরিবহনব্যবস্থার উন্নয়ন, লজিস্টিকস খাতের সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস বিষয়ক ভাইস মিনিস্টার ড. রুমাইহ বিন মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের নৌখাতের চলমান রূপান্তরমূলক উদ্যোগ, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে টার্মিনালসহ বিভিন্ন মেগা প্রকল্পের অগ্রগতি এবং আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশের বন্দর, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এ খাতে যৌথ উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে।

সৌদি আরবের ভাইস মিনিস্টার ড. রুমাইহ বিন মোহাম্মদ আল-রুমাইহ বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতি এবং পরিবহন ও নৌপরিবহন খাতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে পরিবহন ও লজিস্টিকস খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং সৌদি আরব এ সহযোগিতা আরো সম্প্রসারণে আগ্রহী।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ এবং উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উভয় পক্ষ পরিবহন, বন্দর ও লজিস্টিকস খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতা আরো জোরদারের মাধ্যমে বাংলাদেশ-সৌদি সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে : সরোয়ার আলমগীর

অনলাইন ডেস্ক
আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে : সরোয়ার আলমগীর
চট্রগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। ছবি : সংগৃহীত

চট্রগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ‘আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে। গত ৪ মাস জাতীয় সংসদে আসতে না দিয়ে এলাকার মানুষকে অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়েছে।’

মঙ্গলবার (১৪ জুলাই) সংসদ অধিবেশনে প্রথম অংশগ্রহণ করে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। এর আগে গত ২ জুলাই শুনানি শেষে ৯ জুলাই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন আদালত। 

তিনি বলেন, ‘যারা ইনসাফের কথা বলে তারা আমাকে হাইকোর্টের দরজায় দরজায় ঘুরিয়েছে। ইনসাফের কথা যারা বলে তাদের প্রার্থী আমার চেয়ে অর্ধেকের চেয়ে কম ভোট পেয়েছিল। জনগণ যদি ক্ষমতার উৎস হয় আমাকে আবার কেন হাইকোর্ট থেকে জিতে আসতে হলো। এ প্রশ্ন রাখলাম।’

তিনি আরো বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো ব্যাংকের মামলা ছিল না। আমি দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে এখানে এসেছি। ফটিকছড়ির মানুষ আমাকে ভোট দিয়ে আমার আসন তারেক রহমানকে উপহার দিয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এ নিয়ে নির্বাচনের আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে ও ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।

তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। ঋণখেলাপির অভিযোগ এনে তিনি এ আবেদন করেন। লিভ টু আপিল মঞ্জুর করে গত ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ।

গত ২ জুলাই শুনানি শেষে ৯ জুলাই রুল সরোয়ার আলমগীরের পক্ষে রায় দেন আদালত।

৫ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, রংপুরে এখনো শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
৫ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, রংপুরে এখনো শঙ্কা
ছবি : কালের কণ্ঠ

দেশের পাঁচ জেলায় চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা তথ্য কেন্দ্র। একই সঙ্গে রংপুরে বিভাগের তিন জেলায় তিস্তার পানি বিপৎসীমার ওপরে থাকায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী (দায়িত্বরত কর্মকর্তা) নুসরাত জাহান জেরিন স্বাক্ষরিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস'-এ এসব তথ্য জানানো হয়েছে।

বন্যার পূর্বাভাস

উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে উত্তরাঞ্চলীয় নীলফামারী ও লালমনিরহাট জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

তবে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে রংপুর বিভাগের কয়েকটি জেলায়। আজকের বন্যা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর জেলায় তিস্তা নদীর কাউনিয়া স্টেশনে সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এ কারণে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

এ ছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহ সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ কারণে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি

দেশের নদ-নদীর পাঁচটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা নদীর ডালিয়া (নীলফামারী); সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ); কুশিয়ারা নদীর মারকুলি (সুনামগঞ্জ); ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃষ্টিপাতের পূর্বাভাস

বৃষ্টিপাতের পূর্বাভাসে বন্যা তথ্য কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ও উজানে ভারতের আসাম, মেঘালয়, অরুনাচল ও পশ্চিমবঙ্গ প্রদেশে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে—এমন অবস্থায় দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে দেশজুড়ে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

৮ জেলায় ৫৪ জনের মৃত্যু

বন্যা আক্রান্ত ৮ জেলায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানিয়ে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখের বেশি মানুষ।