• ই-পেপার

লক্ষ্মীপুর

অনিয়মের অভিযোগে হাসপাতাল-প্যাথলজিসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নরসিংদীতে ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ চাচির বিরুদ্ধে

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ঘুমন্ত শিশুর পা ভাঙার অভিযোগ চাচির বিরুদ্ধে
সংগৃহীত ছবি

নরসিংদীর মাধবদীতে দুই মাসের এক শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঘটনার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে। 

পরিবারের সদস্যরা জানান, শিশুটি জন্মের পর থেকেই অস্বাভাবিকভাবে কান্না করত। শিশুর মা সায়েবা বেগমের সন্দেহ হলে তিনি ঘরে গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করেন।

ভিডিওতে দেখা যায়, মায়ের অনুপস্থিতিতে শিশুর চাচি ঘরে ঢোকেন। এক পর্যায়ে তিনি ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুটির একটি পা ভেঙে গেছে। বর্তমানে তার পায়ে প্লাস্টার করা হয়েছে। শিশুটি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে।

ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল
সংগৃহীত ছবি

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় খাল দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং ব্যক্তিস্বার্থে কালভার্ট নির্মাণকে জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, দখলদার যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, জেলা ও উপজেলা প্রশাসনের সক্রিয় সহযোগিতায় ইতিমধ্যে বিভিন্ন এলাকায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জলাবদ্ধতা নিরসন ও প্রাকৃতিক পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে এ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় সারা দেশে ২৬ হাজার কিলোমিটার খাল খননের একটি মেগা উদ্যোগ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি খালের দুই পাড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।’

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাতিয়ায় মাঝ নদীর চরে যাত্রীবাহী ফেরি আটকা, দুর্ভোগে যাত্রীরা

নোয়াখালী প্রতিনিধি
হাতিয়ায় মাঝ নদীর চরে যাত্রীবাহী ফেরি আটকা, দুর্ভোগে যাত্রীরা
ছবি: কালের কণ্ঠ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট রুটে চলাচলকারী ফেরি মহানন্দা মেঘনা নদীর মাঝ চরে আটকা পড়েছে। এতে ফেরিতে থাকা দুই শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীর একটি ডুবো চরে ফেরিটি আটকে যায়।

ফেরির মাস্টার মো. করিম জানান, ফেরিটিতে দুই শতাধিক যাত্রী ছাড়াও পণ্যবাহী ১৬টি যানবাহন রয়েছে। 

ফেরিতে অবস্থান করা যাত্রীরা জানান, তারা ফেরি দিয়ে চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ার মূল ভূখণ্ড নলচিরা যাচ্ছিলেন। সকাল ৮টার সময় ফেরিটি চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটে যারার পথে মেঘনা নদীর একটি ডুবো চরে আটকা পড়ে। নদীতে নাব্যতা সংকট এবং সময়মতো ফেরি না ছাড়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ফেরি আটকে থাকায় শিশু, নারীসহ যাত্রদের দুর্ভোগ পোহাতে হয়েছে। দ্রুত নদী ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা না হলে বর্ষা মৌসুমে এ ধরনের সমস্যা আরো বাড়তে পারে।

ফেরির মাস্টার মো. করিম জানান, ঘাটে নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে ফেরি ছাড়তে প্রায় ১০ মিনিট দেরি হয়েছে। সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভাটার শেষ সময়ে ফেরি ছাড়ায় ডুবো চরে আটকে যায়। দুপুরে জোয়ার এলে পানি বাড়ার পর ফেরিটি ভাসমান হলে পুনরায় চলাচল শুরু করা যাবে।

স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক
সংগৃহীত ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘরে তালা দিয়ে স্ত্রীর হাত-পা বেঁধে মাথার চুল কেটে রাতভর নির্যাতন করেছে স্বামী। খবর পেয়ে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ওই গৃহবধূ ও তার দুই শিশুসন্তানকে উদ্ধার করে পুলিশ। পরে অভিযুক্ত নাজমুলকে আটক করে থানায় নেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে গত ১৩ জুলাই রাতে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে। 

অভিযুক্ত নাজমুল ওই গ্রামের নওয়াব আলী শেখের ছেলে। নির্যাতনের শিকার গৃহবধূর নাম সোনিয়া (২৫)। তিনি মুন্সীগঞ্জের চরমুসুরিয়া এলাকার লোকমান সরকারের মেয়ে। 

স্থানীয়রা জানান, নাজমুল প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী সোনিয়াকে মারধর করতেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে তালা দিয়ে স্ত্রী সোনিয়ার হাত-পা বেঁধে মাথার চুল কেটে দেন। পরে দুই শিশুসন্তান আবু রায়হান (৮) ও আবু মুছার (৪) সামনে তাকে রাতভর নির্যাতন করেন স্বামী।

মঙ্গলবার সকালে গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘরের তালা ভেঙে সোনিয়া ও তার দুই সন্তানকে উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়। আহত সোনিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নির্যাতনের শিকার গৃহবধূ সোনিয়া বলেন, স্বামী নেশা করে বাড়িতে এসে সামান্য বিষয় নিয়ে আমাকে মারধর করত। সোমবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে আমার দুই শিশুসন্তানের সামনে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন করে। আমি এর বিচার চাই।

আটক নাজমুল পুলিশকে জানান, স্ত্রী পালিয়ে যাওয়ার আশঙ্কায় তার হাত-পা বেঁধে চুল কেটে দেন, যাতে সে চলে যেতে না পারে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর বলেন, নাজমুল একজন মাদকসেবী। তিনি প্রায়ই মাদক সেবন করে স্ত্রীকে মারধর করেন।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব বলেন, খবর পেয়ে নির্যাতনের শিকার গৃহবধূ ও তার দুই সন্তানকে উদ্ধার করি এবং অভিযুক্ত নাজমুলকে আটক করে মুকসুদপুর থানায় পাঠানো হয়েছে। ভুক্তভোগী মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।