ময়মনসিংহের নান্দাইলে পাঁচ বছর বয়সী এক শিশুকে নৌকা ভ্রমণের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচারের দাবিতে সোমবার (১৩ জুলাই) সকালে নান্দাইল মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন কয়েক হাজার স্থানীয় বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রবিবার দুপুরে নান্দাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এক দিনমজুরের কন্যাশিশুকে প্রতিবেশী যুবক মোস্তফা (২৫) নৌকা ভ্রমণের কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, নির্জন স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়।
পরিবারের সদস্যরা জানান, শিশুটি আহত অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি মাকে জানায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ রবিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক মোস্তফাকে আটক করে। পরে সোমবার সকালে ঘটনার সুষ্ঠু বিচার ও ধর্ষকের ফাঁসির দাবিতে পৌরসভার সর্বস্তরের কয়েক হাজার বাসিন্দা নান্দাইল মডেল থানায় গিয়ে জড়ো হন এবং থানা ঘেরাও করেন। এ সময় উত্তেজিত জনতা স্লোগান দিয়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
এ সময় নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তদন্তসাপেক্ষে সর্বোচ্চ আইনি ব্যবস্থা ও সঠিক বিচার নিশ্চিত করা হবে।’
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।




