• ই-পেপার

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে থানা ঘেরাও

নালিতাবাড়ীতে নৈতিক শিক্ষা চর্চায় সততা স্টোর

নালিতাবাড়ী প্রতিনিধি
নালিতাবাড়ীতে নৈতিক শিক্ষা চর্চায় সততা স্টোর
নালিতাবাড়ীর তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সততার চর্চা গড়ে তুলতে ‘সততা স্টোর’ উদ্বোধন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সততার চর্চা গড়ে তুলতে ‘সততা স্টোর’ নামে একটি বিক্রেতাবিহীন দোকানের উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে সোমবার (১৩ জুলাই) সকালে দোকানটির উদ্বোধন করা হয়। ফিতা কেটে ‘সততা স্টোর’-এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. আব্দুল মালেকের সভাপতিত্বে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মান্নান সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন দুপ্রকের সভাপতি হাকাম হীরা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, বিআরডিবির চেয়ারম্যান এম এ রায়হান, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ প্রমুখ।

বক্তারা বলেন, ‘সততা স্টোর’ একটি বিক্রেতাবিহীন দোকান। এখান থেকে শিক্ষার্থীরা মূল্যতালিকা দেখে প্রয়োজনীয় পণ্য নিজেরাই সংগ্রহ করবে এবং নির্ধারিত মূল্য ক্যাশ বাক্সে জমা দেবে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের চর্চা গড়ে উঠবে। ভবিষ্যতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন তারা।

পাকাকরণের নামে ২ কিমি সড়কের ইট তুলে বিক্রি করে দিল প্রতারকচক্র

স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে করা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান

জামালপুর প্রতিনিধি
পাকাকরণের নামে ২ কিমি সড়কের ইট তুলে বিক্রি করে দিল প্রতারকচক্র
ছবি : কালের কণ্ঠ

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গজারিআটা থেকে ময়নার মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণের কথা বলে পুরোনো ইট খুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এতে গত দুই মাস ধরে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ।

স্থানীয় সূত্র জানায়, গত ১২ মে সড়ক পাকাকরণের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন দিগপাইত ইউনিয়নের হবদেশ গ্রামের আবদুল মান্নান। অনুষ্ঠানে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবদুল মান্নান দাবি করেন, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে এবং তিনি সাব-ঠিকাদার হিসেবে কাজ করবেন। পরদিন থেকেই তার লোকজন সড়কের পুরোনো ইট খুলে বিভিন্ন যানবাহনে করে অন্যত্র নিয়ে বিক্রি শুরু করে। তবে পরে দীর্ঘ সময়েও নির্মাণকাজ শুরু না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়।

খোঁজ নিয়ে এলাকাবাসী জানতে পারেন, ওই সড়কের কোনো সরকারি প্রকল্প বা দরপত্রই হয়নি। প্রতারণার মাধ্যমে সড়কের ইট তুলে বিক্রি করা হয়েছে।

এরপর গত ১৬ জুন দিগপাইত ইউনিয়নের চাঁদপুর এলাকার আরেকটি সড়ক থেকেও একই কৌশলে ইট তুলতে গেলে স্থানীয়রা আবদুল মান্নানসহ ১১ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

শনিবার (১২ জুলাই) ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

সোমবার (১৩ জুলাই) সরেজমিন দেখা যায়, সড়কের ইট তুলে নেওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির কারণে পুরো সড়ক কাদায় পরিণত হয়েছে। এতে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী জুতা হাতে নিয়ে খালি পায়ে হেঁটে স্কুলে যেতে বাধ্য হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আছমত আলী বলেন, ‘সড়ক পাকাকরণের কথা বলে পুরোনো ইট তুলে নেওয়া হয়েছিল। বলা হয়েছিল নতুন ইট বসানো হবে। কিন্তু পরে সব ইট বিক্রি করে দেওয়া হয়েছে। এখন কাদা আর গর্তের কারণে চলাচলই দায়।’

আরেক বাসিন্দা বলেন, ‘এভাবে প্রতারণা করবে, কেউ ভাবেনি। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানাই।’

সড়কের ইটের এক ক্রেতা আফসার আলী বলেন, ‘আবদুল মান্নানের কাছ থেকে প্রতি হাজার ৭ হাজার টাকা দরে ৮ হাজার ইট কিনেছিলাম। পরে জানতে পারি, তিনি প্রতারণা করে সড়কের ইট বিক্রি করেছেন।’

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেন, ‘ওই সড়ক পাকাকরণের কোনো সরকারি প্রকল্প ছিল না। একটি প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে সড়কের ইট তুলে নিয়ে গেছে। এ ঘটনায় ইউপি সচিব বাদী হয়ে মামলা করেছেন। ইতিমধ্যে কিছু ইট উদ্ধার করা হয়েছে। বাকি ইট শনাক্ত ও উদ্ধারে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘প্রতারক চক্রটি সড়ক পাকাকরণের টেন্ডার হয়েছে বলে প্রচার করে ইট তুলে বিক্রি করে দেয়। প্রথমে আমরাও বিষয়টি বুঝতে পারিনি। পরে তদন্ত করে জানা যায়, ওই সড়কের কোনো টেন্ডারই হয়নি। এরপর ১১ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

নিষিদ্ধ করতে চাওয়া জাপা নেতার বাড়িতে খাওয়া শেষে রাত্রিযাপন নাহিদ-হাসনাতের

নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ করতে চাওয়া জাপা নেতার বাড়িতে খাওয়া শেষে রাত্রিযাপন নাহিদ-হাসনাতের
সংগৃহীত ছবি

জাতীয় পার্টির (জাপা) এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ দুই নেতা নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহর অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

রবিবার (১২ জুলাই) রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামের ঐতিহ্যবাহী ‘খান বাহাদুর বদি আহমদ বাড়ি’তে অবস্থান করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে সহযোগিতার অভিযোগে একসময় জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছিল এনসিপি। সেই দলেরই এক শীর্ষ নেতার বাড়িতে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ দিতে এসে দলটির শীর্ষ দুই নেতার রাতযাপন ও নৈশভোজের বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ ও আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈলছড়ি গ্রামের ওই বাড়িটি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র এবং জাতীয় পার্টির আমলে দুই দফায় বাঁশখালী আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে ১৯৭৯ সালে বিএনপি থেকেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মাহমুদুল ইসলাম চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। বাড়িটি আমাদের ছয় ভাইয়ের নামে। এনসিপি নেতাদের আমাদের বাড়িতে অবস্থানের বিষয়ে প্রথমে আমি কিছু জানতাম না, পরে শুনেছি তারা সেখানে ছিলেন।’

তিনি আরো বলেন, ‘আমার এক ছোট ভাই আমেরিকায় থাকেন। তার সঙ্গে হয়তো তাদের কোনো যোগাযোগ থাকতে পারে। তবে আমাদের পরিবারের কেউ এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত নয়।’

স্থানীয় বাসিন্দারা জানায়, রবিবার রাতে এনসিপি নেতাদের থাকা-খাওয়ার সার্বিক বিষয়টি দেখভাল করেছেন মাহমুদুল ইসলাম চৌধুরীর বড় ভাই অলিউল ইসলাম চৌধুরী শুক্কু মিয়ার ছেলে রহিমুল এহসান চৌধুরী মিঠু।

এনসিপি সূত্রে জানা গেছে, বন্যাদুর্গত মানুষের সহায়তায় রবিবার সকালে চট্টগ্রামে আসেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ। দিনভর আনোয়ারা ও বাঁশখালী উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের পর সন্ধ্যায় তারা ‘খান বাহাদুর বদি আহমদ বাড়ি’তে যান এবং সেখানে রাতযাপন করেন।

জানতে চাইলে চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় কালের কণ্ঠকে বলেন, ‘তারা বাঁশখালীতে রাতে অবস্থান করেছিলেন এটি সত্য। তবে বাড়িটি সুনির্দিষ্টভাবে কার, তা আমার জানা নেই।’

পাবনায় ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনায় ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মোহাম্মদ আলী (১৭) নামের এক হকারের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ আলী পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলীর ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পপকর্নভর্তি বস্তা নিয়ে চাটমোহর স্টেশন থেকে ট্রেনে করে ঈশ্বরদী বাইপাস স্টেশনে আসেন মোহাম্মদ আলী। সেখান থেকে চাটমোহরমুখী অন্য একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। 

মোহাম্মদ আলীর স্বজনরা জানান, পারিবারিক অভাব-অনটনের কারণে অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে জীবিকার তাগিদে বিভিন্ন ট্রেনে পপকর্ন বিক্রি শুরু করে মোহাম্মদ আলী। প্রতিদিন পপকর্ন বিক্রি করে যা আয় হতো, তা পরিবারের হাতে তুলে দিতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।