চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)’র অধীনস্থ দেশে জ্বালানি তেল বিপণনকারি প্রতিষ্ঠান যমুনা অয়েল, পদ্মা অয়েল, ইস্টার্ণ রিফাইনারি এবং মেঘনা পেট্রোলিয়াম যৌথভাবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যাদুর্গত জনগণের মাঝে ২ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে ত্রাণগুলো আজ সোমবার সকালে সার্কিট হাউজে চট্টগ্রামের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন এসব ত্রাণ গ্রহণ করেন।
ত্রাণের প্রতি প্যাকেটে আছে- ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ প্যাকেট বিস্কুট (ফ্যামেলি সাইজ), ৪ প্যাকেট নুডুলস, ৬ পিস ওরস্যালাইন এবং ২ পিস সাবান রয়েছে বলে ত্রাণ প্রদানকারি প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তারা জানিয়েছেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপিসি ও তেল বিপণন কোম্পানীগুলো উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া কোম্পানীগুলোর ব্যবস্থাপনা পরিচালকগণ যথাক্রমে মো. ইউসুফ হোসেন ভূঁইয়া, শরীফ হাসনাত, মফিজুল ইসলাম এবং শাহীরুল ইসলাম এ সময়ে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী হস্তান্তর সম্পন্ন করেন।




