• ই-পেপার

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সুনামগঞ্জ প্রতিনিনিধি
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ছবি : কালের কণ্ঠ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ সীমান্ত এলাকার বন্যার্ত মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) তাহিরপুর উপজেলার লাউরগড় সীমান্ত এলাকায় একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে। এতে স্থানীয় প্রায় ৫০০ নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন বিজিবি সিলেটের ভারপ্রাপ্ত সেক্টর মেডিক্যাল কর্মকর্তা মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. নাজমুল আরেফিন।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সহায়তা দিয়ে আসছে বাহিনীটি। সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের যেকোনো জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে বিজিবির মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

ময়মনসিংহ বিভাগ

বৃষ্টিতে ভেসে গেছে ৩৯৮ পুকুরের মাছ

সব মিলে কোটি টাকার ক্ষতি  ৭০ শতাংশই ময়মনসিংহের

কামরান পারভেজ, ময়মনসিংহ
বৃষ্টিতে ভেসে গেছে ৩৯৮ পুকুরের মাছ
টানা বৃষ্টিতে ভেসে গেছে বহু পুকুরের মাছ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ডুবে যাওয়া একটি পুকুরের পাশে। সোমবার তোলা। -কালের কণ্ঠ

গত বুধবার রাত থেকে আজ সোমবার (১৩ জুলাই) পর্যন্ত ময়মনসিংহ বিভাগের চার জেলায় কখনো ভারি ও কখনো মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে ভেসে গেছে বহু পুকুরের মাছ। 

মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, বিভাগের মোট ৩৯৮টি পুকুর ডুবে মাছ ভেসে গেছে। এর পুকুরের মধ্যে অন্তত ৭০ শতাংশ পুকুর ময়মনসিংহ এবং ২০ শতাংশ নেত্রকোনা জেলার। বাকি ১০ শতাংশ শেরপুর ও জামালপুর জেলার। আজ সোমবার পর্যন্ত বিভাগে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে আরো বেশি ক্ষতির শঙ্কা রয়েছে। 

বৃষ্টি থামলে জেলাভিত্তিক ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে বলে সূত্র জানায়।

বিভাগীয় কার্যালয় সূত্র আরো জানায়, ময়মনসিংহ বিভাগে ডুবে যাওয়া ৩৯৮টি পুকুরের আয়তন প্রায় ৫০ হেক্টর। এসব পুকুর থেকে ভেসে গেছে মোট ৪২ টন মাছ, যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা। এ ছাড়া ওইসব পুকুর থেকে পোনা ভেসে গেছে অন্তত তিন লাখ, যার মূল্য পাঁচ লাখ টাকা।

বিভাগের চার জেলার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। গত বুধবার রাতভর বৃষ্টিতে ময়মনসিংহ শহর ও জেলার বিভিন্ন উপজেলার পুকুর ও রাস্তাঘাট তলিয়ে যায়। এতে অন্য এলাকা ছাড়াও দুর্ভোগে পড়ে ময়মনসিংহ নগরের বাসিন্দারা। নগরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যায়। মানুষের বসতঘরেও ঢুকে পড়ে  বৃষ্টির পানি।

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আবহওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ময়মনসিংহে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এ বৃষ্টিপাত থেমে থেমে আর সোমবার (১৩ জুলাই) পর্যন্ত অব্যাহত রয়েছে। সমুদ্রে নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাত চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহের ত্রিশাল, ফুলাবিড়য়া, গৌরীপুর, মুক্তাগাছা, তারাকান্দা ও ফুলপুরে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে অনেক পুকুর ডুবে যায়। মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় পুকুর রক্ষা করতে পারেননি চাষিরা।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাহেব কাচারি এলাকার মাছ চাষি নুরুল হক বলেন, বৃষ্টিতে গৌরীপুর উপজেলার বিভিন্ন গ্রামে চাষের পুকুর ভেসে মাছ বের হয়ে গেছে। এতে চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। গভীর রাতে বৃষ্টি শুরু হওয়ায় অনেক চাষি পুকুর রক্ষা করতে পারেননি।

মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয়ের উপপরিচালক রিপন কুমার পাল কালের কণ্ঠকে বলেন, বৃষ্টিতে ভেসে মাছ বের হয়ে যাওয়া পুকুরের তালিকা প্রস্তুতের কাজ চলছে। বৃষ্টি না থামা পর্যন্ত আমরা এ বিষয়ে বিভাগের চার জেলায় খোঁজ রাখছি।

এদিকে কৃষি বিভাগ বলছে, টানা বৃষ্টিতে পুকুর ডুবে মাছ বের হয়ে গেলেও ময়মনসিংহ বিভাগের কৃষিতে তেমন ক্ষতিকর প্রভাব পড়েনি। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা মশিউর রহমান বলেন, বর্তমানে মাঠে রয়েছে আউশ ধান, কিছু সবজি আবাদ আর আমনের বীজতলা। বৃষ্টিতে এসব ফসলের কোনো ক্ষতি এখন পর্যন্ত হয়নি। 

মশিউর রহমান জানান, আমনের বীজতলা সাধারণত একটু উঁচু জমিতে করা হয়, এ কারণে ময়মনসিংহ বিভাগের কোথাও আমনের বীজতলা ডুবে যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে আজ (সোমবার) পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘আমাদের কর্মীরা মাঠপর্যায়ে নিয়মিত খোঁজ রাখছেন। ফসলের ক্ষতি হলে সে তথ্য সংগ্রহ করে আমাদের জানাবেন।’

মানিকগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ
মানিকগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মো. শহীদ শিকদার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোর্দ মহেশপুর এলাকার একটি ফসলের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শহীদ শিকদার ওই এলাকার মৃত শমসের শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে খোর্দ মহেশপুর এলাকার চরাঞ্চলের ফসলের মাঠে কাজ করছিলেন শহীদ শিকদার। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয় কৃষকরা বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা মরদেহ দাফন করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসকের যোগদান

নিজস্ব প্রতিবেদক, সিলেট
অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসকের যোগদান
সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

নানা আলোচনা ও নাটকীয়তার পর অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকালে তিনি সিলেটে নিজের কর্মস্থলে যোগদান করেন। এর আগে সিলেটের আলোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলকে প্রত্যাহার করার পর কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসানকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও পরে তাকে সরিয়ে দেওয়া হয়।

নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ (সোমবার) সকালেই আমি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছি।’

সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাও এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নতুন জেলা প্রশাসক সকাল ৯টা থেকে অফিস করছেন।’

জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। তিনি দেওয়া গ্রামের গোলাম মাওলা চৌধুরীর ছেলে এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ৯ জুলাই তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক করে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক  মু. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। সিলেটে যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে পৌঁছালেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় তাকে।

তার আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। সারওয়ার আলমকে প্রত্যাহারের পর থেকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। তিনি ১২ জুলাই পর্যন্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।