টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিবর্তন করেছে শিক্ষা বোর্ড। ওই কেন্দ্রের পরিবর্তে নগরীর অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে স্থানান্তরিত হয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা।
সোমবার (১৩ জুলাই) দুপুরে কুমিল্লা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম এ কথা জানান।
অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগামী পরীক্ষার জন্য কুমিল্লা সরকারি মহিলা কলেজকেন্দ্রের পরীক্ষার্থীরা নগরীর অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে স্থানান্তরিত হয়ে পরীক্ষা দেবে। পরবর্তীতে অন্যান্য পরীক্ষার জন্য যে সিদ্ধান্ত হয়, সেটি জানিয়ে দেওয়া হবে।
কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে অতি ভারি বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। এর মধ্যে কুমিল্লা সরকারি মহিলা কলেজকেন্দ্রের পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে দুটি নৌকা ও দুটি ভ্যানের ব্যবস্থা করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তীবরানি বলেন, যখন পরীক্ষা শুরু হচ্ছিল তখন বৃষ্টিও হচ্ছিল। কুমিল্লা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে প্রচুর পানি জমে যায়। যে কারণে পরীক্ষার্থীদের আসতে দেরি হওয়ায় আমরা কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে ৩০ মিনিট বেশি পরীক্ষা নিয়েছি।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, করপোরেশনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে পানি অপসারণের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ভারি বৃষ্টিপাতে এই ভোগান্তি তৈরি হয়েছে।





