• ই-পেপার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি, আত্মসমর্পণ করলে তাকে জেলে যেতে হবে

বিদেশি বিনিয়োগে আরো অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার : আইসিটি মন্ত্রী

বাসস
বিদেশি বিনিয়োগে আরো অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার : আইসিটি মন্ত্রী
সংগৃহীত ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগে আরো অনুকূল পরিবেশ গড়ে তুলছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য একটি আস্থাশীল ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন আজ সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

আইসিটি মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার আরো বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে কর কাঠামোকে আরো প্রতিযোগিতামূলক করা, প্রয়োজনীয় প্রণোদনা ও সুবিধা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য আরো আকর্ষণীয় গন্তব্যে পরিণত করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ডিজিটাল সেবার সুবিধা পৌঁছে দেওয়া। ডিজিটাল সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্ট ডিভাইস নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

তিনি আরো বলেন, মোবাইল ফোন উৎপাদন ও প্রযুক্তি শিল্পকে সরকার জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। দেশীয় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশকে স্মার্ট ডিভাইস উৎপাদন ও প্রযুক্তি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রে পরিণত করাই সরকারের লক্ষ্য।

রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার প্রশংসা করার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ও সহজতর ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। এতে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ আরো শক্তিশালী হবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহজ হবে বলে তিনি মত প্রকাশ করেন।

ভিসাসংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, সরকার বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর করতে কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সংস্কার গ্রহণ করা হবে, যাতে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা আরো সহজ হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, কোরিয়ান দূতাবাসের প্রথম সচিব লি নামসু এবং স্যামসাং ইলেকট্রনিক্স-এর কান্ট্রি ম্যানেজার জাংমিন জং উপস্থিত ছিলেন।

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার

নিজস্ব প্রতিবেদক
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক করল সরকার
সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় কমিয়ে এই হার নির্ধারণ করা হয়।

বিস্তারিত আসছে...

অপরাধীর কোনো দল, মত, সামাজিক শ্রেণি নেই : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
অপরাধীর কোনো দল, মত, সামাজিক শ্রেণি নেই : ডিএমপি কমিশনার
ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই। পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (১৩ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। কোনো ধরনের অপরাধ যাতে থানা এলাকায় সংঘটিত হতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, ‘ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হবে। অন্যদিকে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে আরো সামনের দিকে এগিয়ে যাবে।’

মাসিক অপরাধ সভায় জুন মাসে ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদল

বাসস
ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদল

পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত দুই দিনব্যাপী নারী বিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল যোগদান করেছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে ১২ ও ১৩ জুলাই দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক। এ ছাড়া পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানও এ সম্মেলনে যোগদান করেন।

এ সম্মেলনে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিবৃন্দ অংশ নিয়েছেন।

সম্মেলনের সাইডলাইনে গতকাল সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট যাহ্রা বেহেরোজ আযারের সঙ্গে বৈঠক করেন।

এতে আরো উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এবং ইরানের ডেপুটি হেড অব মিশন নাবি ওল্লাহ সিরাজি।

বৈঠকে অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

এ সময় মন্ত্রী বিভিন্ন সেক্টরে বাংলাদেশে নারী উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। নারীদের উন্নয়নে সাম্প্রতিক চালুকৃত ফ্যামিলি কার্ডের বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করে শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু এবং সামাজিক উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

ইরানের ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি অনুষ্ঠিত সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলের অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি নারীর উন্নয়নে বাংলাদেশকে রোল মডেল হিসেবে উল্লেখ করেন এবং নারীর উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষা ক্ষেত্রে ইরানের নারীদের অগ্রগতির বিষয়টি তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি নারীর উন্নয়নে মুসলিম উম্মাহর একসঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন এবং মন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান।