বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফ শেখ (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের লতিফপুর কলোনির প্রীতি প্রাইমারি স্কুলের পেছনের একটি গলিতে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ শেখ ওই এলাকার মো. আজিজ শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে আরিফ শেখের বিরোধ চলছিল। শুক্রবার গভীর রাতে কৌশলে তাকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট বোন রুমি আফরিন অভিযোগ করে বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রধান আসামি সেলিম, তার ভাগ্নে শুভ ও জীবন পরিকল্পনা করে আমার ভাইকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমার অসুস্থ ভাইয়ের একটি হাতও ভাঙা ছিল। সেই সুযোগ নিয়ে তার গলা, হাত-পায়ের রগসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি দাবি করেন, পরিবারের সঙ্গে তার মামার আর্থিক বিরোধ ছিল। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য টাকা ফেরত চাইতে গিয়ে বিরোধ আরো তীব্র হয়। ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
রুমি আফরিন বলেন, আমরা এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি চাই।
নিহতের বড় বোন রোজিনা খাতুন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রশাসনের কাছে হাতজোড় করে আবেদন জানাচ্ছি, আমার ভাই হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন। আমরা পাঁচ বোন আমাদের একমাত্র ভাইকে হারিয়েছি। আমাদের বৃদ্ধ বাবা-মা আজ অসহায়। আমরা প্রতিশোধ চাই না, আইনের মাধ্যমে সুষ্ঠু ও দ্রুত বিচার চাই।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।





