টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিতা আক্তার (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও ছেলে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার নল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিতা আক্তার ভূঞাপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী। তিনি স্বামী ও ছেলের সঙ্গে মোটরসাইকেলযোগে জামালপুরের দিকে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, ভূঞাপুর থেকে জামালপুরগামী মোটরসাইকেলের সঙ্গে জামালপুর থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতপরিচয় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রিতা আক্তারের মৃত্যু হয়।
দুর্ঘটনায় তার স্বামী সাখাওয়াত হোসেন (৬০) ও ছেলে আরিফ (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে।





