• ই-পেপার

রংপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ঝিনাইদহে কুকুরের কামড়ে আহত ৬

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহে কুকুরের কামড়ে আহত ৬
সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে কুকুরের কামড়ে ছয়জন আহত হয়েছেন। তাদের সবাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া ও কালীগঞ্জ শহরের পুরাতন বাজারের হাটচাঁদনী এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে নলপাঙ্গা সড়ক ধরে কালো রঙের একটি কুকুর পাইকপাড়া গ্রামে আসে। এ সময় কুকুরটি একে একে পাঁচজনকে কামড় দেয়। পরে একই সড়ক ধরে কালীগঞ্জ বাজারে প্রবেশ করে। বাজারের পুরাতন হাটচাঁদনী এলাকায় দাঁড়িয়ে থাকা আসুম কাজি নামের এক ব্যবসায়ীর ওপর হামলা করে তাকেও জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কুকুরের কামড়ে জখম পাইকপাড়া গ্রামের ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, তিনি ভ্যান নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি কুকুর আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ে কামড় দেয়। একই সময় পাইকপাড়া গ্রামের নারীসহ আরো চারজনকে কামড় দেয়।

কুকুরের কামড়ে জখম আসুম কাজি জানান, তার বাড়ি উপজেলার দুধরাজপুর গ্রামে। স্থানীয় গ্রামের ব্যবসা করেন তিনি। ব্যবসার মাল নিতে দুপুরে কালীগঞ্জ শহরে এসেছিলেন। হঠাৎ একটি কুকুর তার ওপর ঝাঁপিয়ে পড়ে হাতের একটি আঙুলের আংশিক ছিঁড়ে ফেলে। এ ছাড়া তার পরিহিত জামা ও প্যান্ট ছিঁড়ে ফেলে। পরে সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার ছানা জানান, কুকুরের কামড়ে জখম ছয়জন হাসপাতালে এসেছিল। সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরবর্তী ভ্যাকসিন নেওয়ার সময় উল্লেখ করে চিকিৎসাপত্র দেওয়া হয়েছে।

চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
সংগৃহীত ছবি

চট্টগ্রামে টানা বর্ষণে গত ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ১৯৮৩ সালের পর এটিই এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের এ তথ্য জানিয়েছে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৮৩ সালের ৪ আগস্ট চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এরপর মঙ্গলবার রেকর্ড হওয়া ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত গত চার দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

টানা ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন সড়ক এবং উপসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নগরজীবনেও দুর্ভোগ নেমে আসে। অনেক এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

চট্টগ্রামের প্রধান পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা সুমন সাহা কালের কণ্ঠকে বলেন, ‘১৯৮৩ সালের পর চট্টগ্রামে এক দিনে এত বৃষ্টিপাত আর হয়নি। সে হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ এবং গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত।’

তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সুমন সাহা আরো বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বর্তমানে সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

মানিকগঞ্জে সন্তানকে স্কুল থেকে বাড়ি আনতে গিয়ে না-ফেরার দেশে মা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জে সন্তানকে স্কুল থেকে বাড়ি আনতে গিয়ে না-ফেরার দেশে মা
ছবি: কালের কণ্ঠ

মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের গোলড়া চরখণ্ড এলাকার আকিজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় কামনা রানী দাস (৩৫) নামে নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২ স্কুল শিক্ষার্থীসহ ৪ জন আহত হয়।

কামনা ভগবানপুর মানিকগঞ্জ সদরের বাসিন্দা। তিনি তার সন্তান অর্ক এবং বাথুলি ধামরাইয়ের বাসিন্দা খোরশেদ আলমের মেয়ে নুশরাত আলমকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন।

মঙ্গলবার (৭ জুলাই) সাড়ে ১১টার দিকে আকিজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা আরিচা মহাসড়কের গোলড়া চরখন্ড এলাকার আকিজ টেক্সটাইলের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কামনা রাণী তার সন্তান অর্ক কুমার (১০) ও স্কুল শিক্ষার্থী নুসরাত আলমকে (১১) ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় কামনা গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকেসহ দুই শিক্ষার্থীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কামনার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করে। পরে এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কামনার মৃত্যু হয়। 

আহত বাকি ৪ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন আহত সবাই আশঙ্কামুক্ত।

গোলড়া হাইওয়ে থানা ওসি সেলিম মাদবর জানান, ট্রাকের চালক বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা রুজুর প্রক্রিয়া চলমান।

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা : এক মাসে ঝরল ১৪ প্রাণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা : এক মাসে ঝরল ১৪ প্রাণ
ছবি : কালের কণ্ঠ

ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলায় দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা। চলতি বছরের জুন মাস থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পাকুন্দিয়া উপজেলায় সড়কে ঝরেছে ১৪ তাজা প্রাণ।

দুর্ঘটনার কারণ হিসেবে সুশীল সমাজ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বেপরোয়া গতি, তিন চাকার যান, ওভারটেকিং, ড্রাইভারের অমনোযোগ, অপ্রস্তুত বাঁক নেওয়া, সড়কে চলার নিয়ম-কানুন না জানায় ও ট্রাফিক আইন মেনে না চলার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।

পাকুন্দিয়া থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরে জুন মাস থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের শুধু পাকুন্দিয়া উপজেলায় সড়কে ঝরেছে ১৪ তাজা প্রাণ। এর মধ্যে ৮ জন যুবক নিহত ও ৬টি গরুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকেই।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কটি প্রশস্ত হওয়ায় দিন দিন যানবাহনের সংখ্যা বাড়ছে। এ সড়কে মূলত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, সিএনজি-ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলগুলো অতিরিক্ত গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অধিকাংশ গাড়িচালকরা ট্রাফিক আইন মেনে গাড়ি চালায় না। তা ছাড়া নির্দিষ্ট গতিবেগের চাইতে দ্রুতগতিতে গাড়ি চালানোয় সড়কে দুর্ঘটনা বাড়ছে। মামলা করার পরও চালকরা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছে না।