• ই-পেপার

চামড়া খাত থেকে ১০ বিলিয়ন ডলারের বেশি আয়ের লক্ষ্য : মুক্তাদির

১৬৮ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

নিজস্ব প্রতিবেদক
১৬৮ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

বন্দরের কন্টেইনার জট কমানো ও দীর্ঘদিন পড়ে থাকা অখালাস পণ্য দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ১৬৮ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, জুলাইয়ে দুটি ই-অকশনের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।

মঙ্গলবার (৭ জুলাই) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এর আওতায় ৭৬টি লটে ৯৩ কন্টেইনার এবং ই-অকশন নং-০৭/২০২৬-এর আওতায় ৫৫টি লটে ৭৫ কন্টেইনার পণ্য বিক্রি হবে। এতে কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি, কাপড়, কাগজ, গৃহস্থালিসামগ্রীসহ বিভিন্ন শিল্প ও ভোগ্যপণ্য রয়েছে।

এনবিআর জানায়, নিলাম প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে হবে। আগ্রহী বিডাররা পণ্য পরিদর্শন করতে পারবেন—ই-অকশন নং-০৭/২০২৬-এর পণ্য ১৩ থেকে ২০ জুলাই এবং বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এর পণ্য ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত দেখা যাবে।

অনলাইনে দরপত্র জমার শেষ সময় ই-অকশন নং-০৭/২০২৬-এর জন্য ২২ জুলাই বিকেল ৩টা এবং বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এর জন্য ২৬ জুলাই বিকেল ৩টা। দরপত্র ২২ জুলাই বিকেল সাড়ে ৩টায় এবং ২৭ জুলাই সকাল ১১টায় উন্মুক্ত করা হবে।

এনবিআরের মতে, এ উদ্যোগ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো, কন্টেইনার জট কমানো এবং জাতীয় সম্পদের কার্যকর ব্যবস্থাপনায় সহায়ক হবে।

আকুর দেনা শোধের পর রিজার্ভ ৩১.৭২ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
আকুর দেনা শোধের পর রিজার্ভ ৩১.৭২ বিলিয়ন ডলার

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন মেয়াদের আমদানি বিল পরিশোধের পর দেশের বিদেশি মুদ্রার নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে। মঙ্গলবার (৭ জুলাই) রিজার্ভের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তাতে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী বর্তমানে দেশের নিট রিজার্ভ ৩ হাজার ১৭২ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিন শেষে দেশে মোট রিজার্ভের পরিমাণ (এলটিএফএফ সমন্বয় ছাড়া) দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার।

একই সময়ে বিপিএম৬ অনুযায়ী বা নিট ৩ হাজার ১৭২ দশমিক ২৩ লাখ ১০ হাজার ডলার। আর খরচ করার মতো প্রকৃত রিজার্ভ বা নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) দাঁড়িয়েছে ২ হাজার ৭৯২কোটি ৯৩ লাখ ৬০ হাজার ডলার।

সাধারণত দুই মাস অন্তর আকুর বিল পরিশোধ করতে হয়। সদস্য দেশগুলোর আমদানি বিলের দায় কেন্দ্রীয় ব্যাংক মাস শেষে সমন্বয় করে।

এবারের দায় পরিশোধের পর রিজার্ভের এই স্থিতিকে সন্তোষজনক মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাস আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ইতিবাচক থাকায় আকুর দায় পরিশোধের পরও রিজার্ভের শক্তিশালী অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সাধারণ দুই ধরণের রিজার্ভের হিসাব প্রকাশ করে। এগুলো হলো, বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ বা মোট রিজার্ভ, আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী। এর বাইরে এবার ব্যবহারযোগ্য বা নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) প্রকাশ করল।

আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান ও মালদ্বীপ।

জুলাইয়ের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৯ কোটি ৬০ লাখ ডলার

অনলাইন ডেস্ক
জুলাইয়ের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৯ কোটি ৬০ লাখ ডলার

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ৬ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় আট হাজার ৫৪৩ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গতকাল (৬ জুলাই) রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৮৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪২ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে ৬২ দশমিক ৮০ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

ফের কমল জেট ফুয়েলের দাম

অনলাইন ডেস্ক
ফের কমল জেট ফুয়েলের দাম

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার তেলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ জুন দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। এ ছাড়া তখন আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়।