মাদারীপুরের শিবচরে পদ্মা অববাহিকায় বন্যার পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচির আওতায় বন্যা প্রস্তুতির জনসচেতনতামূলক ‘পদ্মা পাড়ের জীবন যুদ্ধ’ শিরোনামে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মহড়ায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতা ও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) বাস্তবায়নে বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়ার কার্যক্রম পরিচালিত হয়। এতে বন্যায় করণীয় বিভিন্ন বিষয়ের ওপর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বন্যা আশ্রয় কেন্দ্র, নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন কেন্দ্র, প্রাণীসম্পদ আশ্রয়, জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র, অভিযোগ ও পরামর্শ কেন্দ্রসহ জনসচেতনতায় বিভিন্ন স্টল, জরুরি স্বাস্থ্য সেবাসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যার ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই দুর্যোগের আগে সচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের নিয়মিত মহড়া স্থানীয় জনগণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগকালীন জানমাল ও জীবিকার ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহড়ায় উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন কুমার ঘোষ, ডব্লিউএফপি-এর খুলনা অঞ্চল হেড অব প্রোগ্রাম তাসনীম তাবাসসুম, প্রকল্প পরিচালক (এসআরএসপি) মাহফুজুল হক এবং কাঠালবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদ আহমেদ সৈয়দ বেপারী।
মাহফুজ আলমের গল্প অবলম্বনে মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় মহড়াটি অনুষ্ঠিত হয়। মহড়াটি পরিবেশনা করেন অদিতি শিল্পী-গোষ্ঠী। পাণ্ডুলিপি ও নির্দেশনায় ছিলেন মনোজ মণ্ডল। এ ছাড়াও এসডিএসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।




