• ই-পেপার

কেন্দুয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

শূন্যরেখায় ১২ জনের অবস্থান, পুশইনের চেষ্টা ব্যর্থ

মাল্টিমিডিয়া রিপোর্টার
শূন্যরেখায় ১২ জনের অবস্থান, পুশইনের চেষ্টা ব্যর্থ
ছবি: কালের কণ্ঠ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বর্তমানে ওই ১২ জন সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাথুয়া সীমান্তে তাদের প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

এ সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সহায়তায় ১৪৮ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকা দিয়ে তাদের পুনরায় ভারতীয় সীমান্তের দিকে ফেরত পাঠানো হয়।

স্থানীয় সূত্র আরো জানায়, বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ অংশে বিজিবি ও স্থানীয় জনসাধারণ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নেত্রকোনা প্রতিনিধি
কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩
সংগৃহীত ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ধানবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুতুরা কবরস্থান সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম উপজেলার ছোট শৌলজান গ্রামের নওয়াব আলীর ছেলে। আহতরা হলেন কলমাকান্দা মধ্যবাজার এলাকার মৃত লাল মিয়ার ছেলে হাজী রফিকুল ইসলাম (৬০), চানপুর গ্রামের রাকেশ তালুকদারের ছেলে শান্ত শংকর (৩৮) এবং বাসাউড়া গ্রামের গোপাল সাহার ছেলে অন্তর সাহা (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনার রাজুর বাজার এলাকা থেকে চার যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কলমাকান্দা বাজারের দিকে যাচ্ছিল। পথে গুতুরা কবরস্থান সড়ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে উল্টে যায় এবং এতে থাকা চার যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানার এসআই ফেরদৌস আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৭ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ কোরিয়ার পতাকা টানালেন মিন্টু

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
৭ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ কোরিয়ার পতাকা টানালেন মিন্টু
৫ কি.মি দীর্ঘ কোরিয়ান পতাকা টানিয়ে সাড়া ফেলেছেন মিন্টু মিয়া। ছবি : কালের কণ্ঠ

 

ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন সারাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা দেখা যায়, তখন ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দা আবু কাউছার মিন্টু মিয়া। প্রিয় দল দক্ষিণ কোরিয়ার প্রতি ভালোবাসা থেকে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দীর্ঘ দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়ে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

মিন্টু মিয়া উপজেলার খাল্লা গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে ১৯৯৮ সালে তিনি দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ তিনি সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করেন। সে সময় দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার আহন জুং-হোয়ানের নৈপুণ্যে মুগ্ধ হয়ে দেশটির ফুটবল দলের সমর্থকে পরিণত হন।

দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০১৩ সালে দেশে ফিরে এলেও দক্ষিণ কোরিয়ার প্রতি তার ভালোবাসা এতটুকু কমেনি। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের বিশ্বকাপে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ওভারব্রিজ এলাকায় এক কিলোমিটার দীর্ঘ দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়ে আলোচনায় আসেন তিনি। পরে ২০২২ বিশ্বকাপ উপলক্ষে নিজ এলাকা খাল্লা থেকে তেজখালি পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পতাকা টানান।

এবার সেই রেকর্ড ছাড়িয়ে খাল্লা বিষ্ণুরামপুর থেকে বাহাদুর হয়ে খাল্লা পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরার পর থেকেই দেশটির প্রতি মিন্টু ভাইয়ের আলাদা টান তৈরি হয়। ২০১৮ সালে তিনি এক কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়ে সবার নজর কাড়েন। এরপর ২০২২ সালে ৪ কিলোমিটার এবং এবার প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন। তার এমন উদ্যোগ আমাদেরও উৎসাহিত করে।

বব

ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ঠিকাদার মো. আনোয়ার পারভেজ সেন্টু বলেন, দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় থাকার কারণে দেশটির প্রতি মিন্টু ভাইয়ের গভীর আবেগ রয়েছে। সেই ভালোবাসা থেকেই তিনি প্রতিবছর ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে থাকেন। আমরা চাই তার প্রিয় দল ভালো ফল করুক।

মিন্টু মিয়া বলেন, ২০০২ সালে দক্ষিণ কোরিয়ায় বসে বিশ্বকাপ খেলা দেখার সময় থেকেই আমি দেশটির ফুটবল দলের ভক্ত। দক্ষিণ কোরিয়া ও তাদের ফুটবলের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবেই এই পতাকা টানানো। এলাকাবাসী ও স্বজনদের উৎসাহ আমাকে অনুপ্রাণিত করে।

দুই সন্তানের জনক মিন্টু মিয়া জানান, প্রিয় দলের সাম্প্রতিক জয়ে তিনি আনন্দিত। এ উপলক্ষে তার ‘পিস কোরিয়া ক্যাফে’-তে বিশ্বকাপ চলাকালীন ১০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছেন। তিনি আশা করেন, ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া ভালো ফল করবে এবং সবার কাছে দলের সাফল্যের জন্য দোয়া কামনা করেন।

চীন বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
চীন বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করবে: মির্জা ফখরুল
ছবি: কালের কণ্ঠ

চীনের জনগণ ও সরকার উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নেও তারা সহযোগিতা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ জুন) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমি নিজেও দুইবার চীন সফর করেছি। বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রয়েছে। আমি চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানাই। তাকে আজ ঠাকুরগাঁওয়ে আমন্ত্রণ জানিয়েছি। আমরা ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আগামী দুই-এক বছরের মধ্যে চীনা প্রতিনিধিদল ঠাকুরগাঁও সফর করবে। এখানে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করার ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে।’

শিশুদের শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু লেখাপড়াই নয়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ ও সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের সম্পদে পরিণত হতে পারে। নিজেদের পায়ে দাঁড়াতে পারলেই দেশ আরও এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ইয়াও ওয়েন, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।