জামালপুরের দেওয়ানগঞ্জ ও কুড়িগ্রামের রৌমারী সীমান্তের আটটি পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাত সাড়ে ১২টার পর থেকে ভোর পর্যন্ত ভারতীয় অংশ থেকে ট্রাকযোগে লোকজন এনে সীমান্তে পুশইনের চেষ্টা চালানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেওয়ানগঞ্জ উপজেলার খেয়ারচর, পাথরেরচর, বাঘারচর, ঝাউডাঙ্গা ও সাতানীপাড়া এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, মোল্লারচর ও ইসলামারী সীমান্ত পয়েন্টে বিএসএফ সীমান্ত এলাকার আলো নিভিয়ে ট্রাকযোগে লোকজন এনে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়।
তবে বিজিবি সদস্যদের তৎপরতা এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে পুশইনের ওই প্রচেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে বাহিনীটি।
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক হাসানুর রহমান বলেন, ‘সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাতে পুশইনের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। স্থানীয়রাও সতর্ক অবস্থানে রয়েছে।’





