• ই-পেপার

মাদারীপুরে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

যুবদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।

রবিবার (৭ জুন) বিকেল ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, শফিকুল ইসলাম লিপন, আহমেদ সেকুতর রব অনীক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ভুট্টুসহ অন্যান্য নেতারা।

এ সময় বক্তারা বলেন, যুবদল অতীতের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে জনগণের আস্থা অর্জন করেছে। তারেক রহমানের নেতৃত্বে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠিত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শব্দদূষণ রোধে অভিযান, ৪ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
শব্দদূষণ রোধে অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে শব্দদূষণকারী চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনগুলো থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় এবং চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিনের নেতৃত্বে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল সদর উপজেলার বিভিন্ন এলাকায় শব্দদূষণবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট যানবাহনগুলোর কাছ থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি অবৈধ হর্ন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, ‘শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। আইন অমান্য করে শব্দদূষণ সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। পরিবেশ অধিদপ্তরের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তিনি আরো জানান, পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অধিদপ্তর এবং সচেতনতার পাশাপাশি আইনগত ব্যবস্থাও চলমান থাকবে।

পুলিশ পরিচয়ে অপহরণচেষ্টা, কলমাকান্দায় দুজন গ্রেপ্তার

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
পুলিশ পরিচয়ে অপহরণচেষ্টা, কলমাকান্দায় দুজন গ্রেপ্তার
ছবি : এআই দিয়ে প্রস্তুত করা

নেত্রকোনার কলমাকান্দায় পুলিশ পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত যুবককে উদ্ধার করা হয়। রবিবার (৭ জুন) বিকেলে উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজার এলাকার আব্দুল লতিফ তালুকদারের ছেলে মো. সিজন মিয়া (৩৪) এবং একই এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে মো. সুজাত মিয়া (৩৩)।

উদ্ধার হওয়া যুবক সোহরাব হোসেন (২৮) বারহাট্টা উপজেলার চন্দ্রপুর পালপাড়া গ্রামের ওয়ারেজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে বারহাট্টা উপজেলার চিরাম এলাকা থেকে সোহরাব হোসেনকে তুলে নিয়ে কলমাকান্দার আমবাড়ী এলাকায় আসেন। তাদের আচরণ ও পরিচয় নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে কয়েকজন এগিয়ে গিয়ে দুই ব্যক্তিকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা কলমাকান্দা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিজন মিয়া ও সুজাত মিয়াকে হেফাজতে নেয়। একই সঙ্গে সোহরাব হোসেনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বারহাট্টা থেকে নিয়ে আসা সোহরাব হোসেন নামের এক যুবককে উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে।’

তিনি আরো বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রংপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩০

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩০
সংগৃহীত ছবি

রংপুর মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে রংপুর মহানগর পুলিশ (আরএমপি)। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বিত এ অভিযানে চুরি, মাদক, জুয়া, প্রতারণা এবং বিভিন্ন মামলার আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে চোরাই মালামাল, মাদকদ্রব্য এবং জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রবিবার (৭ জুন) বিকেলে রংপুর মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, মহানগরীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর কোতোয়ালী থানা পুলিশ। এর মধ্যে চুরির মামলায় নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকার মমিনুল ইসলাম (১৯) এবং পূর্ব খাসবাগ এলাকার মো. লিখনকে (২০) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি টিউবওয়েল, একটি ফ্যান ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ শ্রী চাঁন বাঁশফোঁড় (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন
৬৩ বছর পর পতেঙ্গায় যাচ্ছে ওয়াসার পানি

৬৩ বছর পর পতেঙ্গায় যাচ্ছে ওয়াসার পানি

 

‌এদিকে তাজহাট থানা পুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন পানবাড়ী এলাকার রাসেল মিয়া (২২), মো. জজ মিয়া (৬৫), তাজহাট এলাকার সুমন মিয়া (৪০), মো. আলাল আলী (৩৪) এবং ভক্তিপুর এলাকার মো. সোহাগ (৫৫)। এ সময় ঘটনাস্থল থেকে তাস, নগদ টাকা এবং জুয়া পরিচালনার বিভিন্ন আলামত জব্দ করা হয়।

এ ছাড়া জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পীরগঞ্জের মো. রজব আলী (৬০), বদরগঞ্জের মো. হযরত আলী (৩৫) এবং মো. লোকমান হাকিমকে (২০) গ্রেপ্তার করা হয়। একই থানার আরেক অভিযানে মাদক সেবনের দায়ে লালবাগ কেডিসি চুরিপট্টি এলাকার ময়নাল হককে (৪৫) গ্রেপ্তার করা হয়।

এদিকে পৃথক অভিযানে তিনজনকে আটক করেছে পরশুরাম থানা পুলিশ। এর মধ্যে জলছত্রবাজার এলাকার আরিফুল ইসলাম (৩২) ও রমজান আলীকে (৪৫) মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। অপরদিকে বালাকোয়ার এলাকার আজিজুল ইসলামকে (৩৮) ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। 

মাহিগঞ্জ থানা পুলিশের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পীরগাছার পারুল দেউতি এলাকার গোলাম মোস্তফা (৩৫) ও লিটন মিয়া (৩৫) রয়েছেন। এ ছাড়া প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জোবায়দুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের কাছ থেকে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন উত্তর ফতেহপুর এলাকার ওমেদ আলী (২৬), ধাপ কেল্লাবন্দ এলাকার রানা মিয়া (৩৪), কাউনিয়া উপজেলার মহেষা এলাকার রাজু মিয়া (৪০), বখতিয়ারপুর এলাকার বিপ্লব মিয়া (২৪), কদমতলা এলাকার ফরহাদ হোসেন (৪২), চিকলী ভাটা এলাকার আরাফাত হোসেন আপলে (২২) এবং কেল্লাবন্দ এলাকার মারুফ হোসেন (২৬)। দীর্ঘদিন ধরে হাসপাতালকেন্দ্রিক একটি চক্র রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও বিভিন্নভাবে হয়রানি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে গুড়াতিপাড়া এলাকার মো. আওসাফ (২৪), খাটারিপাড়ার মো. সেলিম উদ্দিন (৩১), আশরতপুর এলাকার সাজ্জাদ হোসেন (৩০) এবং মো. নাহিদ হাসানকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চুরি, ছিনতাই, জুয়া, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।