ফেনীর পরশুরাম উপজেলায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত ফাতেমা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর বাউরখুমা তালুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফাতেমা ওই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ গোলাম হক্কানী ও মোস্তফা কামালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফেনীর আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
থানা সূত্রে আরো জানা যায়, সিডিএমএসে যাচাই করে ফাতেমার বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা পাওয়া গেছে। এসব মামলার মধ্যে ২০০৯, ২০১৭, ২০১৮, ২০২১, ২০২২ ও ২০২৫ সালে দায়ের করা একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’
তিনি আরো বলেন, ‘সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ফেনী জেলাজুড়েও মাদক নির্মূলে অভিযান জোরদার করা হয়েছে।’






