<p>গাজীপুরের টঙ্গীতে সিএনজি থেকে নেমে ছিনতাই করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাত্রীবেশে ছিনতাইয়ের এই ভিডিওটি নতুন করে আতঙ্কের জন্ম দিয়েছে।</p> <p>মঙ্গলবার (৫ মে) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারের বাটা গেট এলাকায় একটি সিএনজি থেকে ছিনতাইকারীরা নামছে। এরপর কাজ শেষে একই সিএনজিতে চলে যায়। বিষয়টি কোন সময়ের তা জানা যায়নি।</p> <p>টঙ্গীর বাসিন্দারা জানায়, টঙ্গীতে দিন-রাত ছিনতাই হয়। ছিনতাইকারীদের ভয়ে মানুষ বাইরে যেতে ভয় পায়। প্রায়ই ছিনতাইকারী ধরে মারধর করা হয়, আবার মেরেও ফেলা হয়। ছিনতাই যেন কমছে না। এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার।</p> <p>এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার এসআই তুহীন কালের কণ্ঠকে বলেন, আজ ভোররাত থেকেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। ঘটনাটি টঙ্গী পূর্ব থানাধীন বাটা গেট এলাকার। এ বিষয়ে অনুসন্ধান বলছে।</p>