• ই-পেপার

তেঁতুলিয়ায় তীব্র ভাঙন

বসতবাড়ি হারানোর শঙ্কা হাজারো পরিবারের

  • বালু তোলা বন্ধ ও বাঁধ দাবি

বরিশালে ২ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালে ২ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ছবি : কালের কণ্ঠ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে অভিযান চালিয়ে দুটি ফার্মেসিকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন অনুযায়ী দুটি মামলা করা হয়। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ বিক্রির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, ‘জনস্বার্থে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। কোনো ফার্মেসি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বা লাইসেন্সসংক্রান্ত বিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নিখোঁজ স্বামী

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, নিখোঁজ স্বামী
ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী মো. সোহাগ ওরফে জুলহাস (২৭) পলাতক রয়েছেন। তার অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া মাদবরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া আক্তার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পূর্বশেতা এলাকার শাহ আলমের মেয়ে। তার মা রাহিমা বেগম মারা গেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তানিয়ার স্বামী সোহাগ তার মামাতো বোন নাছিমার কাছে বাসার চাবি দিয়ে বলেন, তানিয়া ভোর ৭টার দিকে গার্মেন্টসে কাজে গেছেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে নাছিমা বাসায় গিয়ে বাইরে তালা দেখতে পান। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে তানিয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় জানানো হয়।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা
ছবি : কালের কণ্ঠ

নতুন কোনো কর আরোপ ছাড়াই গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে নগর ভবন মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এ বাজেট পেশ করেন। একই সঙ্গে তিনি ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ আল মামুন ও হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ অন্যরা।

বাজেট বক্তব্যে প্রশাসক জানান, প্রস্তাবিত বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। এছাড়া রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানভিত্তিক উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। বাজেটে সমাপনী স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।

প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, এবারের বাজেট জনকল্যাণমুখী। নগরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেটে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন, অবকাঠামো মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মশক নিধন কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

চাঁদা না দেওয়ায় নির্মীয়মাণ ভবনের সামনে ফাঁকা গুলি, শ্রমিকের ওপর হামলা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চাঁদা না দেওয়ায় নির্মীয়মাণ ভবনের সামনে ফাঁকা গুলি, শ্রমিকের ওপর হামলা
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি নির্মীয়মাণ বহুতল ভবনের সামনে ফাঁকা গুলি ছোড়া এবং শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রবিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বড়দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, প্রায় দেড় মাস আগে একটি অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তার দাবি, ওই ঘটনার ধারাবাহিকতায় রবিবার সকাল ৯টার দিকে একটি সিএনজি অটোরিকশাযোগে ৮ থেকে ৯ জন মুখোশধারী যুবক ওই ভবনের সামনে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে তারা এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরো জানান, এ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলি ছোড়ার বিষয়টি লোকমুখে শোনা গেলেও এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।’

তিনি আরো জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।