• ই-পেপার

অর্থায়নের নতুন রোডম্যাপ হালনাগাদ

এসডিজি অর্জনে আরো ৪২১ বিলিয়ন ডলার দরকার

অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হলেন ড. আখতার হোসেন খান

অনলাইন ডেস্ক
অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হলেন ড. আখতার হোসেন খান

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বর্তমান উপাচার্য ড. মো. আখতার হোসেন খান। 

রবিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ৭(১) ধারা অনুযায়ী স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. মো. আখতার হোসেন খানকে আগামী ৪ বছরের জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিরের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ অনুযায়ী তিনি তাঁর দায়িত্ব পালন করবেন। চেয়ারম্যান পদে থাকাকালীন তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ এর ৭(৪) ধারা অনুযায়ী পদমর্যাদা এবং প্রচলিত বিধি মোতাবেক বেতন-ভাতাদি ও পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। চেয়ারম্যান পদে তাঁর মেয়াদ হবে ৪ বছর। তবে সরকার প্রয়োজনে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।

অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন। পরবর্তীতে তিনি ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে উপাচার্য হিসেবে যোগদান করেন।

আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় : শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। সঠিক দিকনির্দেশনা পেলে তারা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজকের এই তরুণ বিজয়ী শিক্ষার্থীদের দেখে আমি তাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী।’

রাজধানী (২৬ জুলাই) ঢাকার বিজয়নগরস্থ শ্রম ভবনের সম্মেলনকক্ষে ‘মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬’ উপলক্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা/প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

শ্রমমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার একটি শ্রমবান্ধব সরকার। দক্ষ শ্রমিক ছাড়া কোনো জাতির পক্ষে উন্নতি করা সম্ভব নয়। উদাহরণ হিসেবে, চীন তাদের দক্ষ শ্রমশক্তিকে কাজে লাগিয়ে আজ বিশ্বদরবারে অনেক দূর এগিয়ে গেছে।’

বিশ্বজুড়ে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশের গুরুত্ব তুলে ধরে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিশ্বের উন্নত দেশগুলোতে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশকে সবার আগে প্রাধান্য দেওয়া হলেও আমাদের দেশের কলকারখানাগুলোতে এখনো বিষয়টিতে কাঙ্ক্ষিত গুরুত্ব দেওয়া হয় না।’

এ বিষয়ে শ্রম পরিদর্শকদের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, পরিদর্শনে গিয়ে কেবল আনুষ্ঠানিকভাবে কাজ শেষ না করে, শ্রমিকদের মুখোমুখি হয়ে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করুন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিন। কারণ এই জনশক্তি আমাদের দেশের মূল্যবান সম্পদ, আর এর কার্যকর ব্যবহারের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। এ ছাড়া তরুণ ও বর্তমান প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক সময় নষ্ট না করে জ্ঞানচর্চা ও সৃজনশীল কাজে সময় ব্যয় করার আহ্বান জানান মন্ত্রী।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উদযাপনে স্টিয়ারিং কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উদযাপনে স্টিয়ারিং কমিটি গঠন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উদযাপনের জন্য স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

রবিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এসংক্রান্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে সভাপতি করে করে এ কমিটি গঠন করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আন্ত মন্ত্রণালয় সমন্বয়, তদারকি, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

স্টিয়ারিং কমিটি গঠন

শিক্ষামন্ত্রীকে সভাপতি করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক,  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন।

এ ছাড়া সদস্য হিসেবে আছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, এফবিসিসিআইয়ের সভাপতি, বিজিএমইএর সভাপতি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব।

দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে : বাণিজ্যমন্ত্রী

বাসস
দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মুক্ত বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ জোরালোভাবে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা খুব শিগগির শেষ হওয়ার আশা করা হচ্ছে।

রবিবার (২৬ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণকে সামনে রেখে রপ্তানি বাজার সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে আরো চার থেকে পাঁচটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্য নিয়েও সরকার কাজ করছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা এবং বিদ্যমান বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখতে এফটিএসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সইকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মুক্তাদির বলেন, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) কার্যকরের জন্য আগামী সংসদ অধিবেশনে উপত্থাপন করা হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো জোরদার হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে এফটিএ আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এসব চুক্তি রপ্তানি গন্তব্য বহুমুখীকরণে সহায়তা করবে, বিদেশি বিনিয়োগ বাড়াবে এবং এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রূপান্তর আরো সহজ করবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের বাণিজ্য কূটনীতি এবং গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর সঙ্গে চলমান আলোচনা রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং দেশের দীর্ঘমেয়াদি রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়ক হবে।