চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি বসতঘরের টিনের চালে প্লাস্টিকের বালতিতে সুকৌশলে করা হচ্ছিল গাঁজার চাষ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে ১২টি গাঁজাগাছ উদ্ধারসহ লোকমান হোসেন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার হায়দ্রাবাদ এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিষয়টি কালের কণ্ঠকে জানান র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, গতকাল সোমবার রাতে নগরের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম শান্তিনগর এলাকায় এই অভিনব মাদক চাষের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, বায়েজিদ বোস্তামী এলাকার লোকমান হোসেন তার বসতঘরের টিনের চালের ওপর প্লাস্টিকের বালতি ও টবের ভেতর অত্যন্ত গোপনে অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছ চাষ করে আসছিলেন, এমন গোপন তথ্য পায় র্যাব-৭-এর একটি আভিযানিক দল। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই শেষে ২৭ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে লোকমানকে হাতেনাতে আটক করা হয়।
পরে তার দেখানো মতে, টিনের চালের ওপর থেকে দুটি প্লাস্টিকের বালতিতে বিশেষভাবে রোপণ করা ১২টি সতেজ গাঁজাগাছ জব্দ করা হয়। প্রতিটি বালতিতে ৬টি করে গাছ রোপণ করা হয়েছিল।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আলামতসহ বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।







