• ই-পেপার

টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিয়াল ঠেকাতে জিআই তারে বিদ্যুৎ সঞ্চালন, সেই ফাঁদেই প্রাণ গেল খামারির

লালপুর (নাটোর) প্রতিনিধি
শিয়াল ঠেকাতে জিআই তারে বিদ্যুৎ সঞ্চালন, সেই ফাঁদেই প্রাণ গেল খামারির
সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে শিয়ালের আক্রমণ থেকে মুরগির খামার রক্ষায় জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়ারুল ইসলাম (৩০) নামের এক খামারির মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর এলাকায় পদ্মার চরের একটি মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল ইসলাম উপজেলার মোহরকয়া গ্রামের মো. আছান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজস্ব মুরগির খামার পরিচালনা করছিলেন। সম্প্রতি খামারে শিয়ালের আক্রমণ বেড়ে যাওয়ায় তিনি খামারের চারপাশে জিআই তারের বেড়া তৈরি করে তাতে বৈদ্যুতিক সংযোগ দেন, যাতে শিয়াল প্রবেশ করতে না পারে।

শনিবার সকালে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই তিনি একা খামারে কাজ করতে যান। ধারণা করা হচ্ছে, কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ-সংযুক্ত জিআই তারের সংস্পর্শে এসে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি খামারের ভেতরে লুটিয়ে পড়েন।

সকাল আনুমানিক ৮টার দিকে তার মা জাহানারা বেগম খামারে গিয়ে ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিয়ারুল ইসলামের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, তিনি পরিশ্রমী ও পরিবারমুখী মানুষ ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

পাবনায় ফাঁদে আটকা পড়ল বিরল গন্ধগোকুল, পরে বনে অবমুক্ত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনায় ফাঁদে আটকা পড়ল বিরল গন্ধগোকুল, পরে বনে অবমুক্ত
ছবি : কালের কণ্ঠ

পাবনার চাটমোহর উপজেলায় মাছ ধরার ফাঁদে আটকা পড়া একটি বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে স্থানীয়দের মাছ ধরার ফাঁদে প্রাণীটি আটকা পড়ে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেটিকে উদ্ধার করে কাছাকাছি একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে গ্রামের মিলন হোসেন মাছ ধরার ফাঁদে প্রাণীটিকে আটকা অবস্থায় দেখতে পান। প্রথমে প্রাণীটিকে শনাক্ত করতে না পারলেও ইউটিউবে অনুসন্ধান করে এটি গন্ধগোকুল বলে নিশ্চিত হন। এরপর তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে জানান।

খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগের সহায়তায় প্রাণীটিকে উদ্ধার করেন। পরে বিলচলন ইউনিয়ন পরিষদের পেছনের জঙ্গলে গন্ধগোকুলটি অবমুক্ত করা হয়। 

এদিকে বিরল এই প্রাণীটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, ‘গন্ধগোকুল একটি বিরল ও নিরীহ নিশাচর বন্য প্রাণী। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছি। প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার স্বার্থে এটিকে ঘন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।’

খুলনায় একা বসবাস করতেন মতি, ঘরে মিলল অর্ধগলিত মরদেহ

খুলনা অফিস
খুলনায় একা বসবাস করতেন মতি, ঘরে মিলল অর্ধগলিত মরদেহ
সংগৃহীত ছবি

খুলনায় একটি ভবন থেকে মো. মতি (৫৪) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) দুপুরে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার শেখপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মতি নগরীর শেখপাড়ার হাবিবুল্লাহর ছেলে। তিনি গড়াই পরিবহনের টিকিট কালেকক্টর হিসেবে কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, পরিবহনের টিকেট কালেকক্টর মতি দীর্ঘদিন শেখপাড়া খলিল চেম্বারের পার্শ্ববর্তী বাসিন্দা আনোয়ারের বাড়ির ভাড়াটিয়া হিসেবে একা বসবাস করতেন। শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তাকে সর্বশেষ গত বৃহস্পতিবার দেখা গেছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে একজন কাজ করার জন্য বাড়ির ছাদে উঠলে দুর্গন্ধ পান। পরে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে মতির মরদেহ উদ্ধার করে।

সোনাডাঙ্গা থানার এসআই মো. ফরিদুল ইসলাম জানান, নিহত মতির মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে বাসচাপায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরে বাসচাপায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার
সংগৃহীত ছবি

যশোরের কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৭৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) দুপুরে শহরের মাইকেলগেট নামক এলাকায় বাসচাপায় নিহত হন তিনি। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী মোটরসাইকেলযোগে সাগরদাঁড়ি সড়কের মুক্তিযোদ্ধা অফিসে যাওয়ার পথে যশোর-সাতক্ষীরা সড়কে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন বলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি।