গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে ওড়না দিয়ে শ্বাসরোধ করে স্বামীকে হত্যা করেছেন স্ত্রী। এ ঘটনার পর অভিযুক্তকে পুলিশে দিয়েছে জনতা। পরে পুলিশের কাছে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে মাছিমপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ জুলাই) আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম আবুল কালাম (২২)। তিনি জামালপুরের মেলান্দহ থানার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। কালাম অটোরিকশা চালিয়ে জীবিকানির্বাহ করতেন। গ্রেপ্তার পিপাশা আক্তার একই এলাকার আব্দুল করিমের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পিপাশাকে প্রথম স্বামীর ঘর থেকে আবুল কালাম জোর করে নিয়ে এসে বিয়ে করে। এরপর মাসখানেক আগে জীবিকার তাগিদে সপরিবারে টঙ্গীতে আসেন কালাম। পরে টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তিতে বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি। সোমবার রাতে বাসায় ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। এক পর্যায়ে পিপশা তার স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ পিপাশাকে গ্রেপ্তার করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




