• ই-পেপার

তারাবি শেষে ক্ষেতে পানি দিতে যান, ফিরেননি ওবায়দুর

নাটোরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নাটোর প্রতিনিধি
নাটোরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সংগৃহীত ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের পাটুল বাজার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী মানিকের ছেলে।

পুলিশ জানায়, সাগর মোটরসাইকেলযোগে পাটুল খোলাবাড়ি জিরো পয়েন্ট থেকে পাটুল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পাটুল বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নৌকাডুবে নিখোঁজ মুয়াজ্জিন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে নৌকাডুবে নিখোঁজ মুয়াজ্জিন
পাকুন্দিয়ায় নিখোঁজ মুয়াজ্জিনের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে সিরাজ উদ্দীন (৬৫) নামে এক মুয়াজ্জিন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০জুলাই) সকালে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে তিনি ডুবে যান। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী চেষ্টা করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি ।

নিখোঁজ সিরাজ উদ্দীন বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দীনের ছেলে। তিনি বাহাদিয়া নামাবাজার জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে সিরাজ উদ্দীন তাঁর ছেলে শাকিলকে সঙ্গে নিয়ে গরুর জন্য ঘাস কেটে আনতে নৌকায় করে  ব্রহ্মপুত্রের নদের ওপারে যান। ঘাস কাটা শেষে সিরাজ উদ্দীন ও শাকিল আলাদা দুটি নৌকায় করে ঘাস নিয়ে বাড়ি ফিরছিলেন। প্রবল স্রােতের কবলে পড়ে মাঝ নদে সিরাজ উদ্দীনের নৌকাটি ডুবে যায়। এসময় পাশে থাকা নৌকায় ছেলে শাকিল দ্রুত এগিয়ে এলেও প্রবল স্রােতের কারণে সিরাজ উদ্দীনকে উদ্ধার করতে পারেননি। মুহুর্তের মধ্যে সিরাজ উদ্দীন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করলেও শুক্রবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কিশোরগঞ্জ ইউনিটের ডুবুরি দলের টিম লিডার আমিনুর রহমান জানান, নদে অতিরিক্ত স্রােত থাকার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ডুবুরি দল প্রায় ৮ ঘন্টা চেষ্টা চালিয়েও নিখোঁজ ব্যাক্তির কোনো সন্ধান পায়নি। তাই আপাতত উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কলম প্রযুক্তির বিস্ময়

বরিশালের বাবুগঞ্জে এক গাছেই ১০ জাতের আম

বরিশাল (বাবুগঞ্জ) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে এক গাছেই ১০ জাতের আম
ছবি : কালের কণ্ঠ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর হর্টিকালচার সেন্টারে (উদ্যানতত্ত্ব কেন্দ্র) কলম প্রযুক্তির মাধ্যমে একটি আমগাছেই ১০ জাতের আম উৎপাদনে সাফল্য এসেছে। একই সঙ্গে একটি গাছে ১৫ থেকে ২০ জাতের আম উৎপাদনের লক্ষ্যে গবেষণাও চলছে। উদ্ভাবনী এ উদ্যোগ কৃষক ও বাগানপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশীয় জাতের একটি আমগাছকে মূল (রুটস্টক) হিসেবে ব্যবহার করে মিয়াজাকি, ন্যাম ডক মাই, রেড আইভরি, ক্যাটিমন, থ্রি টেস্ট, ব্যানানা, আম্রপালি, বারিভোগ, বারি-১১সহ ১০টি দেশি-বিদেশি জাতের আম সংযোজন করা হয়েছে। ভবিষ্যতে একই গাছে ২০ জাত পর্যন্ত আম উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

হর্টিকালচার সেন্টারের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কলম প্রযুক্তির মাধ্যমে একটি গাছে একাধিক জাতের আম সংযোজন করা সম্ভব। বহুজাতের এসব চারা বিক্রির পাশাপাশি ক্রেতাদের পরিচর্যা ও ব্যবস্থাপনা বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

উদ্যানতত্ত্ববিদ ফেরদৌস আরা মিতা জানান, সীমিত জায়গায় বেশি জাতের ফল উৎপাদনের জন্য এ প্রযুক্তি বিশেষভাবে কার্যকর। ছাদবাগান ও ছোট পরিসরের বাগানের জন্য এটি উপযোগী এবং একটি গাছ থেকেই একটি পরিবারের মৌসুমি আমের চাহিদা পূরণ করা সম্ভব।

হর্টিকালচার সেন্টারের তথ্যমতে, প্রতিবছর এখান থেকে প্রায় আড়াই লাখ ফলজ চারা বিক্রি হয়। ২০২৬ সালে বিক্রি হওয়া চারার মধ্যে প্রায় দেড় লাখই ছিল বহুজাতের আমের চারা।

উপপরিচালক কৃষিবিদ মো. অলিউল রহমান বলেন, ‘কেন্দ্রে বর্তমানে ৭৪ জাতের আম সংরক্ষণ ও উৎপাদন করা হচ্ছে। বিশ্বের অন্যতম দামি মিয়াজাকি এবং জনপ্রিয় ন্যাম ডক মাই জাতও বরিশালের আবহাওয়ায় সফলভাবে ফলন দিচ্ছে। সরকারি নির্ধারিত মূল্যে কৃষকরা এসব উন্নত জাতের চারা সংগ্রহ করতে পারছেন।’

কৃষি বিশেষজ্ঞদের মতে, কৃষিজমি সংকুচিত হওয়া ও নগর কৃষির প্রসারের প্রেক্ষাপটে বহুজাতের ফলগাছ ভবিষ্যৎ কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

ফরিদপুর সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত ৫ কর্মকর্তা-কর্মচারী

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত ৫ কর্মকর্তা-কর্মচারী
সংগৃহীত ছবি

যে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব রাষ্ট্র নিয়েছে, সেই সরকারি আশ্রয়কেন্দ্রেই ১৪ বছর বয়সী এক কিশোরী ২৭ সপ্তাহের বেশি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ফরিদপুর সরকারি শিশু পরিবারে (বালিকা) ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সমাজসেবা অধিদপ্তর।

আজ শুক্রবার বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম বরখাস্তের নিশ্চিত করেছেন। বরখাস্তরা হলেন ফরিদপুর সরকারি শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান, কম্পিউটার অপারেটর আবীর দাস, মেট্রন-কাম-নার্স মনি আক্তার এবং আয়া শামসুন্নাহার আক্তার ও তানিয়া তাজরীন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কিশোরীটি ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সরকারি শিশু পরিবার থেকে প্রতিদিন স্কুলে যাতায়াতের সময় স্থানীয় একটি দর্জির দোকানের মালিক মো. ওয়াহিদ শেখ (৫৪) গত ৫ জানুয়ারি তাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে দোকানে নিয়ে ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। দীর্ঘ সময় ঘটনাটি গোপনই থেকে যায়। গত ৬ জুলাই শারীরিক জটিলতা দেখা দিলে ওই কিশোরীকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসক জানান সে ২৭ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর গত ৮ জুলাই অভিযুক্ত ওয়াহিদ শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, সরকারি আবাসিক প্রতিষ্ঠানে থাকা একজন কিশোরী প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা হলেও বিষয়টি এত দিন কারও নজরে আসেনি। সরকারি শিশু পরিবারে আবাসিক শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পর্যবেক্ষণ ও মানসিক সহায়তার ব্যবস্থা থাকার কথা। কিন্তু এই ঘটনায় সেই তদারকি কতটা কার্যকর ছিল, তা নিয়ে প্রশ্ন তুলছে তারা।

তারা জানান, শুধু একজন অভিযুক্তকে গ্রেপ্তার করলেই দায় শেষ হয় না। কিভাবে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে থাকা কিশোরীর শারীরিক পরিবর্তন দীর্ঘদিন অদৃশ্য থেকে গেল, সেটিও তদন্তের বিষয় হওয়া উচিত।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান জানান, আদালতের নির্দেশে কিশোরীকে শিশু পরিবার থেকে সরিয়ে সমাজসেবা বিভাগের অধীন নারী ও শিশু কিশোরী হেফাজতিদের আবাসন কেন্দ্রে রাখা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, ‘মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।’

তারাবি শেষে ক্ষেতে পানি দিতে যান, ফিরেননি ওবায়দুর | কালের কণ্ঠ