বিশ্বকাপের শেষ ১৬-এর ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে মিসরের নাটকীয় ৩-২ ব্যবধানে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তা নিয়ে সরব গোটা ফুটবলবিশ্ব। রেফারিং বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। রেফারির সিদ্ধান্তগুলোকে সম্পূর্ণ সঠিক ও ন্যায়সংগত বলে সমর্থন করেছেন এই স্প্যানিশ কোচ।
ডিএজেডএন স্পোর্টস প্ল্যাটফর্মকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। ফুয়েন্তে বলেন, আমি সত্যি বুঝতে পারছি না, আর্জেন্টিনা বনাম মিসর ম্যাচের রেফারিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন। এই প্রসঙ্গটা কোথা থেকে এলো?
আমি পুরো ম্যাচটি দেখেছি এবং আমার মনে হয়েছে রেফারি প্রতিটি সিদ্ধান্তই সঠিক নিয়েছেন। আমি বরং রেফারিকে অভিনন্দন জানাতে চাই, কারণ তার প্রতিটি সিদ্ধান্ত একদম নিখুঁত ছিল বলে যোগ করেন তিনি।
নাটকীয় এই ম্যাচে আর্জেন্টিনা শুরুতে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত মিসরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায়।
ম্যাচের ৫৮ মিনিটে মিসরের মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) মিসরের একটি গোল বাতিল করেন।
প্রথমার্ধে মিসরের বিরুদ্ধে একটি পেনাল্টি দেওয়া হয় এবং শেষ মুহূর্তে মোহাম্মদ সালাহ বক্সের ভেতর ফাউলের শিকার হলেও পেনাল্টি পায়নি মিসর।
মিসরের কোচ হোসাম হাসান ম্যাচ শেষে অভিযোগ করেন, অফিশিয়ালরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সুবিধা পাইয়ে দিয়েছেন। মিসরের ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এই রেফারিংকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জমা দিয়েছে।
ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কোলিনা রেফারির সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক ছিল বলে সমর্থন জানান এবং পক্ষপাতিত্বের অভিযোগ পুরোপুরি নাকচ করে দেন। এরই মধ্যে স্প্যানিশ কোচও রেফারির পাশে দাঁড়িয়েছেন এবং পক্ষপাতিত্বের সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।