• ই-পেপার

ফরিদপুর সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত ৫ কর্মকর্তা-কর্মচারী

আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামে সেনা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রামে সেনা মোতায়েন

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের প্রেক্ষিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। শুক্রবার (১০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী এই ৪টি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এর ফলে এসব এলাকার প্রায় ৪ লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়েছেন। উদ্ভুত এই সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জামাদি মোতায়েন করেছে।

এছাড়া ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ওই উপজেলাগুলোতে ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী এই অঞ্চলগুলোতে আটকে পড়া মানুষদের জন্য নিরলসভাবে অনুসন্ধান ও উদ্ধার (Search and Rescue - SAR) কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম দ্রুত এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকায় ৩টি ক্যাম্প স্থাপন করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতোই দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বদ্ধপরিকর। দুর্গত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর

জামালপুর প্রতিনিধি
জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর
ছবি : কালের কণ্ঠ

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়ে জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুর করা হয়।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের থানার মোড় এলাকার উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলা ডাকবাংলোর দ্বিতীয় তলায় এমপি সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব অবস্থান করছিলেন। এ সময়ে নিচে থাকা তাদের সমর্থকদের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময়ে এমপির গাড়িসহ তিনটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, ‘নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময়ে একদল দুষ্কৃতকারী আমার গাড়ি ভাঙচুর করেছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’

এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের বক্তব্য পাওয়া যায়নি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।’

বগুড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ২১ মাসের শিশুর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ২১ মাসের শিশুর
সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলায় পুকুরে ডুবে সুরভী আক্তার (২১ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুরভী ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত সুরভী পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে আশপাশে অনুসন্ধান শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

নাটোরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নাটোর প্রতিনিধি
নাটোরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সংগৃহীত ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের পাটুল বাজার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী মানিকের ছেলে।

পুলিশ জানায়, সাগর মোটরসাইকেলযোগে পাটুল খোলাবাড়ী জিরো পয়েন্ট থেকে পাটুল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পাটুল বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক চিকিৎসাধীন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।