স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ শুক্রবার সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন। জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশ ও মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতেই এ আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, দেশকে সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। এ উদ্যোগ সফল করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মারক বৃক্ষরোপণের মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




