বরিশালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর স্কুল ফিডিং রুটির মধ্যে ধারালো একটি ব্লেড পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই) বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ওই স্কুলের প্রথম শ্রেণির আলমতাজ নামের এক ছাত্রী স্কুল ফিটিংয়ের দেওয়া রুটি খাওয়ার সময় একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়।
রুটিটি খাওয়ার আগেই তার মধ্যে ব্লেডটি দেখতে পাওয়ায় শিক্ষার্থীর কোনো শারীরিক ক্ষতি হয়নি। বৃহস্পতিবার সকালে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজের সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহি কর্মকর্তা। গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দর শেখকে আহ্বায়ক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল আলম মৃধাকে সদস্য সচিব করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্য হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসের ড সৌভিক সরকার ও উপজেলা স্যানিটারি ইন্সপের সংকর কুমার দাস।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, বিষয়টি জানার পর বৃহস্পতিবার সকালে স্কুলটি পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন দাখিলের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়ফুন নাহার তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম মৃধাকে জানানো হয়েছে।
এ বিষয়ে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রতিনিধি আরিফ হোসেন বলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে পারব না।




