তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। বৈভব সূর্যবংশীর ১৯ বলে ৫৯ রানের ঝোড়ো ব্যাটিংয়ে সহজে জয় পায় সফরকারীরা।
টর্নেডো ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন সূর্যবংশী। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ফিফটির বিশ্ব রেকর্ড গড়েছেন বাঁহাতি ওপেনার। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি করার দিন তার বয়স দাঁড়ায় ১৫ বছর ১১৮ দিনে। আগের রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার দখলে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডেতে ১৫ বছর ৩৪০ দিন বয়সে ফিফটি করেছিলেন নেপালের ব্যাটার।
এর আগে অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা ভালো হয়নি সূর্যবংশীর। তবে আজ ঠিকই নিজের বিধ্বংসীরূপটা দেখালেন তিনি। ২৬৩.১৫ স্ট্রাইকরেটের ৫৯ রানের ইনিংসটি সাজান সমান ৪ ছক্কা ও চারে।
হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ম্যাচটিতে ভারতের বোলার মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ব্যাটিংয়ে ভারতের বৈভব সূর্যবংশী মাত্র ১৯ বলে ৫৯ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অধিনায়ক হিসেবে এটি শ্রেয়াস আইয়ারের প্রথম টি-টোয়েন্টি জয়।




