ফরিদপুরের নগরকান্দায় বাবার সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় মলয় কান্তি বিশ্বাস নিশান (২৬) নামে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে পথরোধ করে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থী বৃহস্পতিবার বিকেলে নগরকান্দায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
স্থানীয়দের দাবি, সামান্য বিরোধের জেরে প্রকাশ্যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আহত শিক্ষার্থী নিশান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থী। তিনি নগরকান্দা পৌরসভার মধ্যজগদিয়া এলাকার বাসিন্দা ও সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা নলিনী কান্তি বিশ্বাসের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মে এলাকার এক প্রতিবেশীর তালগাছ থেকে তাল পাড়াকে কেন্দ্র করে নলিনী কান্তি বিশ্বাসের সঙ্গে নগরকান্দা পৌরসভার জুঙ্গুরদী এলাকার বাসিন্দা আরমান হোসেনের বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, এ সময় নলিনী কান্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। বিষয়টি দেখে ছেলে মলয় প্রতিবাদ করলে আরমান তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
অভিযোগ অনুযায়ী, গত বুধবার সন্ধ্যায় মলয় কান্তি দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বের হলে বাড়ির সামনের সড়কে একটি হাইয়েস মাইক্রোবাস দিয়ে তার পথরোধ করা হয়। পরে আরমান ও তার সহযোগীরা তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তার সঙ্গে থাকা বন্ধু বিকাশ পালও হামলার শিকার হন।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত মলয়ের মাথায় গুরুতর আঘাতের কারণে তিনটি সেলাই দিতে হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
আহত মলয় কান্তি বিশ্বাস বলেন, ‘বাবার সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করেছিলাম। সেই ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে আমার পথরোধ করে হামলা করা হয়েছে।’
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসমিমা আক্তার বলেন, ‘রোগীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় আঘাতজনিত ক্ষতস্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরমান হোসেন বলেন, আপনি আমার সামনে এসে বক্তব্য নিয়ে যান।’
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বলেন, ‘ভুক্তভোগী মৌখিক অভিযোগ দিয়েছেন। পরে লিখিত অভিযোগ জমা দিয়েছে। এ ঘটনার ছবি ও ভিডিওচিত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’







