ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দুর্ঘটনা কবলিত একটি যাত্রীবাহী বাসসহ অন্তত ৪টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার সোয়াদি বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলে ওই এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান মহাসড়কের ওপর উল্টে যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা সড়কে ছড়িয়ে থাকা ডিম উত্তোলন করতে যায়। তখন দ্রুতগতিতে নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস তাদের ওপর তুলে দেয়। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে অনেকে হতাহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ পাঁচজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নড়াইল এক্সপ্রেসওয়ের বাসটিসহ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, ডিমভর্তি একটি গাড়ি দুর্ঘটনা কবলিত হলে ওই গাড়িটি উদ্ধারের জন্য এলাকাবাসী এগিয়ে আসে। তখন বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী পরিবহন স্থানীয় লোকজনের উপর উঠে গেলে বেশ কয়েকজন মারা যায়। মৃতের সংখ্যা কত তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালুদ্দিন বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। ঘটনাস্থলে এলাকাবাসী উত্তেজিত অবস্থায় রয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।





