পটুয়াখালীর গলাচিপায় বজ্রাঘাতে মো. রিয়াজ হাওলাদার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহত রিয়াজ হাওলাদার ওই গ্রামের মো. খলিল হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রিয়াজ হাওলাদার বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আমখোলা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষকের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মরদেহ গলাচিপায় আনার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





