• ই-পেপার

কালকিনিতে ২৭ লাখ টাকার নির্মাণ কাজ বন্ধ

হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল
অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর। সংগৃহীত ছবি

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেন জানিয়েছেন, তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ফের নোয়াখালীর ব্যবসায়ী নিহত

নোয়াখালী প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ফের নোয়াখালীর ব্যবসায়ী নিহত
বেলাল হোসেন ওরফে সুমন। সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) বিকেলে দেশটির জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

নিহত ওই ব্যবসায়ীর নাম বেলাল হোসেন ওরফে সুমন (৩৫)। তিনি উপজেলার ৯ নম্বর মিরওয়ারীশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে।

এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর দুই ব্যবসায়ীকে হত্যা করল দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, সুমন গত ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। গত ১ বছর আগে দেশে ঘুরে যান তিনি। বুধবার বিকেলের দিকে একদল দুর্বৃত্ত দোকানে এসে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে মাথা ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সুমন নিহত হন। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে, গত শুক্রবার রাতে নোয়াখালীর সদর উপজেলার মোহাম্মদ ইয়াছিন নামের এক ব্যবসায়ীকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে দোকান বন্ধ করে বাসায় ফেরার মুহূর্তে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে সুমনের নিহতের বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জেনেছি। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে।

নাটোরে ইজিবাইকে ট্রাকের ধাক্কা, প্রাণহানি বেড়ে ৩

নাটোর প্রতিনিধি
নাটোরে ইজিবাইকে ট্রাকের ধাক্কা, প্রাণহানি বেড়ে ৩
ছবি: কালের কণ্ঠ

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ইজিবাইকের চালক নিহত হওয়ার পর হাসপাতালে আরো দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের গোপালপুর রাজাপুর সরকারের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক চালক রান্টু মিয়া (২৮), যাত্রী তলৈক্ষ্য হালদার (৬০) ও শিপন খান (২৪)।

রান্টু মিয়া উপজেলার গোপালপুর গড়মাটি গ্রামের তফেজউদ্দিন ঝড়ুর ছেলে। তলৈক্ষ্য পারগোপালপুরের মৃত কৃপা হালদারের ছেলে ও শিপন গড়মাটি খাঁ পাড়ার চাঁদ আলী খানের ছেলে। আহত একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এবং অপরজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ৪ জন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকটি রাজাপুর থেকে গড়মাটি বাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে সরকারের ঢালান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন দুই যাত্রীর মৃত্যু হয়।

তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।

সম্পত্তির জন্য মাকে বাড়ি থেকে বের করা সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সম্পত্তির জন্য মাকে বাড়ি থেকে বের করা সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে

জামালপুরের সরিষাবাড়ীতে সম্পত্তির জন্যে মাকে বাড়ি থেকে বের করে দেওয়া ও ভরণপোষণ না করার অভিযোগের মামলায় প্রকৌশলী ছেলে রাশেদুল ইসলাম জাকিরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন।

এর আগে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া এলাকায় রাশেদা বেগম নামের এক নারীকে বসতবাড়ি থেকে বের করে দেয় ছেলে। ভিডিওতে দেখা যায়, রাশেদা বেগম কুরআন শরীফ হাতে কান্নাজড়িত অবস্থায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় বয়ে যায়।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম। গত ১০ বছর আগে স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর আগেই সম্পত্তি ছেলে ও মেয়েদের মধ্যে প্রাপ্ত হারে বণ্টন করা হয়। এরপর বৃদ্ধা রাশেদা বেগম স্বামীর বসতবাড়িতে বসবাস করে আসলেও তার কোনো ভরণপোষণের দ্বায়িত্ব পালন করে না ছেলে রাশেদুল ইসলাম জাকির। উল্টো তার নামে ৩ বিঘা জমি ছেলের নামে লিখে দিতে চাপপ্রয়োগ করে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও মায়ের ভরণপোষণ দিতে নারাজ ছেলে। ফের মায়ের কেনা জমি ছেলে রাশেদুল ইসলাম জাকির তার নামে লিখে দিতে মাকে চাপপ্রয়োগ করতে থাকেন। এক পর্যায়ে ছেলে রাশেদুল বাড়িতে তালা দিয়ে স্ত্রীকে নিয়ে মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে চলে যান। রাশেদা বেগম প্রতিবেশীদের সহায়তায় বাড়ি উঠলে খবর পেয়ে ছেলে ফের মা রাশেদা বেগমকে বাড়ি থেকে বের করে দেন।

এ ঘটনায় রাশেদা বেগম বুধবার (৮ জুলাই) রাতে ছেলে রাশেদুল ইসলাম জাকির ও ছেলের স্ত্রী ফাতেমাতুজ্জ্বহুরা ওরফে স্মৃতি বেগমকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা করেন। রাতেই পুলিশ তাদের তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ছেলেকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, বাড়ি থেকে বের করে দেওয়া ও ভরণপোষণ না করায় রাশেদা বেগম নামের এক নারী ছেলের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা থেকে রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কালকিনিতে ২৭ লাখ টাকার নির্মাণ কাজ বন্ধ | কালের কণ্ঠ