• ই-পেপার

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে বিদেশি একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এলাকার মো. আসিফ (২৫) এবং হাটহাজারী থানার ১ নম্বর পাহাড়তলী এলাকার সাইদুল ইসলাম প্রকাশ আরিফ (২৪)।

সোমবার (২৭ জুলাই) বিকেলে সিএমপির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, অস্ত্র আইন ও পুলিশের ওপর আক্রমণসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। অন্যদিকে আরিফের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা রয়েছে।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি: কালের কণ্ঠ

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা যাবে না।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল, সমুদ্রবন্দর, বিমানবন্দর ও জাতীয় মহাসড়কের সংযোগ থাকায় আনোয়ারা দেশের অন্যতম মাল্টিমোডাল হাব হিসেবে গড়ে উঠছে। ফলে এ অঞ্চল শিল্পায়নের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।

স্বরাষ্ট্রমন্ত্রী দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগের বিকল্প নেই : বেজা চেয়ারম্যান

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগের বিকল্প নেই : বেজা চেয়ারম্যান
ছবি: কালের কণ্ঠ

দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগের বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিদেশি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। 

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই আহ্বান জানান বেজা চেয়ারম্যান। 

আশিক চৌধুরী জানান, চট্টগ্রামের আনোয়ারায় নির্মীয়মাণ চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) আগামী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানার উৎপাদন শুরু করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে কাজ এগিয়ে নিতে ডেভেলপার প্রতিষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদন শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে। 

বেজা চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রীর চীন সফরের সময় ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে প্রকল্পটি চালু করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল। 

আশিক চৌধুরী বলেন, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের অতিথি। তারা বিনিয়োগের মাধ্যমে যেমন নিজেদের ব্যবসা সম্প্রসারণ করবেন, তেমনি দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের প্রতি তাদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বেজা চেয়ারম্যান আরো বলেন, যেকোনো সমস্যা দেখা দিলে সরকার, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই মিলে তা সমাধান করবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত অর্থনৈতিক অঞ্চলটি চালু করাই সরকারের লক্ষ্য।
 

সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিনিয়োগ : অর্থমন্ত্রী

আনোয়ারা (চট্টগ্রামের) প্রতিনিধি
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিনিয়োগ : অর্থমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিনিয়োগ। প্রথমত বিনিয়োগ, দ্বিতীয়ত বিনিয়োগ এবং তৃতীয়তও বিনিয়োগ।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, ‘বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমিয়েছে’। বাংলাদেশ এখন ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন ব্যবসার জন্য উন্মুক্ত উল্লেখ করে তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরো অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন এবং দক্ষ জনশক্তি উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল দেশের শিল্পায়ন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।