• ই-পেপার

পাল্টে যাবে রাজনীতির হিসাব

  • নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র
  • শঙ্কা-উৎকণ্ঠা থাকলেও হতাশা নেই বিএনপিতে

পাহাড়ধসে প্রাণহানিতে শোক, মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এনসিপির

অনলাইন ডেস্ক
পাহাড়ধসে প্রাণহানিতে শোক, মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এনসিপির
সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে টানা চারদিনের রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা, ভয়াবহ পাহাড়ধস ও জলাবদ্ধতায় শিশুসহ ৩০ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় সরকারের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আটকে থাকা পর্যটক উদ্ধারের দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (১০ জুলাই) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনেই সাত শিশুর অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং এ অনাকাঙ্ক্ষিত প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি।

এনসিপি জানায়, টানা ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকা টানা দ্বিতীয় দিনের মতো হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নগরবাসীর জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমনকি রেললাইনের ওপর পানি জমে থাকায় পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছে।

এছাড়া আকস্মিক পাহাড়ি ঢলে রাঙ্গামাটির সড়কে প্রায় ৪৫০ জন পর্যটক আটকা পড়ার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। এনসিপি অবিলম্বে বর্তমান বিএনপি সরকারের প্রতি পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং আটকে পড়া পর্যটকদের নিরাপদ প্রত্যাবর্তনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞদের মতে, আষাঢ়ের প্রথম ২০ দিন বৃষ্টিহীন থাকার পর সাগরে লঘুচাপের কারণে এ ধরনের তীব্র ও অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট সংকেত। তবুও প্রতি বছর বর্ষা মৌসুমে চট্টগ্রামের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও পাহাড়ধসের মতো মানবিক বিপর্যয় রোধে যথাযথ পূর্বপ্রস্তুতি ও টেকসই পরিকল্পনার অভাব স্পষ্টভাবে দৃশ্যমান।

বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, চট্টগ্রামকে রক্ষা করতে হলে শুধু সাময়িক ত্রাণ বিতরণ করলেই হবে না। নগরীর জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের আওতায় এনে পাহাড়ধসের মতো মানবসৃষ্ট ও প্রাকৃতিক বিপর্যয় থেকে নাগরিকদের জীবন রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব। জনস্বার্থে এ সংকটের স্থায়ী সমাধানে সরকারকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার আহ্বান জানিয়েছে দলটি।

হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল
অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর। সংগৃহীত ছবি

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেন জানিয়েছেন, তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির
ফাইল ছবি

টানা ভারি বর্ষণ, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের খোঁজ নেবেন এবং স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টার ফ্লাইটে ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছাবেন। সেখান থেকে তিনি প্রথমে বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন। পরে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম মহানগর উপজেলায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি পাহাড়ি ঢলে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনাইশসহ বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এতে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এ ছাড়া মহানগর এলাকায় পাহাড়ধসের ঘটনায় প্রাণহানির পাশাপাশি বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে দুর্ভোগে পড়েছে।

কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
ছবি: কালের কণ্ঠ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পৌরসদরের প্রধান প্রধান সড়কে উপজেলা ও পৌর ছাত্রদলের ব‍্যানারে এই আনন্দ মিছিল করেন তারা।

এই আনন্দ মিছিলের নেতৃত্ব দেন, নবগঠিত কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলি, সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন, পৌর ছাত্রদলের সভাপতি মো. জাকারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। 

এ সময়  ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও আনন্দ মিছিল করে নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান। আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা বলেন, ‘রাজপথের আন্দোলন সংগ্রামে ছাত্রদল পরীক্ষিত সংগঠন। নতুন নেতৃত্বে প্রাণের এই সংগঠনটি আগামী দিনে রাজপথে আরো বেশি সক্রিয় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। সেই সঙ্গে দুঃসময়ের ত‍্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা নতুন নেতৃত্বের মূল‍্যায়িত হবে বলে আশা করছি।’

উল্লেখ্য, গত ৫ জুলাই নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত পৃথক দুটি কমিটি অনুমোদন দেওয়া হয়। 

পাল্টে যাবে রাজনীতির হিসাব | কালের কণ্ঠ