• ই-পেপার

ফেরেশতাদের দোয়া লাভের সেরা ১০ উপায়

শরিয়তে জুয়া নিষিদ্ধ হওয়ার সাত কারণ

মাওলানা সাখাওয়াত উল্লাহ
শরিয়তে জুয়া নিষিদ্ধ হওয়ার সাত কারণ
সংগৃহীত ছবি

জুয়া কোরআন ও হাদিসে ‘কিমার/মাইসির’ নামে পরিচিত। ইসলামের দৃষ্টিতে জুয়া সম্পূর্ণরূপে হারাম। ইসলামিক স্কলাররা জুয়ার সংজ্ঞা দিয়েছেন এভাবে—দুই পক্ষের এমন প্রতিযোগিতা বা লেনদেন, যেখানে প্রত্যেক পক্ষই লাভ বা ক্ষতির অনিশ্চয়তার মধ্যে থাকে এবং প্রবল ঝুঁকি বিদ্যমান থাকে। অর্থাৎ জুয়াড়ি জানে না সে লাভ করবে, নাকি ক্ষতিগ্রস্ত হবে; এই অনিশ্চিত ঝুঁকিপূর্ণ লেনদেনই জুয়ার মূল বৈশিষ্ট্য। সুতরাং জুয়া তার সব ধরনের রূপ নিয়ে হারাম।

অনলাইন, অফলাইন, আধুনিক কিংবা প্রাচীন সব ধরনের জুয়া হারাম। কারণ আল্লাহ তাআলা নিজেই এটিকে হারাম ঘোষণা করেছেন। তিনি যা ইচ্ছা বিধান করেন এবং তাঁর বিধানই চূড়ান্ত। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদাররা! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণের তীর—এসব শয়তানের অপবিত্র কাজ। অতএব, তোমরা এগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল হতে পারো। শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণ ও সালাত থেকে বিরত রাখতে চায়। সুতরাং, তোমরা কি এখনো বিরত হবে না?’ (সুরা : মায়িদা, আয়াত : ৯০-৯১)

জুয়া হারাম হওয়ার হিকমত ও কারণসমূহ
বিবেকবান মানুষ সহজেই উপলব্ধি করতে পারেন যে জুয়া নিষিদ্ধ হওয়ার পেছনে বহু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—

১. পরিবার ও সম্পদের ধ্বংস ডেকে আনে : জুয়া সুখী পরিবারকে ধ্বংস করে, মানুষের সম্পদ অবৈধ পথে নষ্ট করে, ধনী পরিবারকে নিঃস্ব করে এবং সম্মানিত মানুষকে অপমান ও লাঞ্ছনার মুখে ফেলে।

২. শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে : জুয়ার মাধ্যমে মানুষ অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। এর ফলে খেলোয়াড়দের মধ্যে হিংসা, বিদ্বেষ ও শত্রুতা জন্ম নেয়।

৩. আল্লাহর স্মরণ ও সালাত থেকে বিরত রাখে : জুয়া মানুষকে আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে দূরে সরিয়ে দেয় এবং তাকে নিকৃষ্ট চরিত্র ও জঘন্য অভ্যাসের দিকে ঠেলে দেয়।

৪. সময় ও শ্রমের অপচয় ঘটায় : জুয়া এমন একটি পাপপূর্ণ বিনোদন, যা মানুষের মূল্যবান সময় ও শক্তিকে গ্রাস করে। এটি অলসতা ও কর্মবিমুখতা সৃষ্টি করে এবং ব্যক্তি ও জাতিকে উৎপাদনশীল কাজ থেকে দূরে সরিয়ে দেয়।

৫. অপরাধের দিকে ধাবিত করে : যে ব্যক্তি জুয়ায় সর্বস্বান্ত হয়ে যায়, সে অর্থের জন্য যেকোনো পথ অবলম্বন করতে পারে—যেমন চুরি, ডাকাতি, ঘুষ, আত্মসাৎ ইত্যাদি।

৬. মানসিক ও শারীরিক ক্ষতি করে : জুয়া উদ্বেগ, মানসিক চাপ, স্নায়বিক দুর্বলতা ও নানা রোগের কারণ হয়। এটি মানুষের মনে বিদ্বেষ সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রে অপরাধ, আত্মহত্যা, উন্মাদনা বা কঠিন রোগের দিকেও ঠেলে দেয়।

৭. জুয়া অন্য পাপের দরজা খুলে দেয় : জুয়ার আসরে প্রায়ই মদ, মাদক, ধূমপান, অশ্লীলতা, প্রতারণা ও অসৎ সঙ্গের প্রচলন থাকে। সেখানে খেলোয়াড়রা পরস্পরের বন্ধু নয়; বরং একে অপরের ক্ষতির অপেক্ষায় থাকে। প্রতারণা, ষড়যন্ত্র ও অন্যায় কৌশল সেখানে সাধারণ বিষয়। শেষ পর্যন্ত প্রায় সবাই ক্ষতিগ্রস্ত হয়—কেউ অর্থ হারায়, কেউ চরিত্র, কেউ সম্মান, কেউ বা পরিবার। রাত শেষে তারা হতাশা, লজ্জা ও অনুশোচনা নিয়ে ফিরে আসে। বিজয়ীও প্রকৃত অর্থে লাভবান হয় না; কারণ নানা ব্যয় ও পাপের মাধ্যমে তার লাভও প্রায় শেষ হয়ে যায়। আর পরাজিত ব্যক্তি হারায় তার সম্পদ, মানসিক শান্তি ও আত্মসম্মান। এভাবে জুয়া শুধু অর্থের ক্ষতি করে না; বরং এটি মদ, ধূমপান, অসৎ সঙ্গ, প্রতারণা, অন্ধকার পরিবেশ, বিদ্বেষ, ষড়যন্ত্র, আত্মসাৎ এবং নানা ধরনের অনৈতিকতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এ ছাড়া জুয়া মানুষকে অর্থহীন কাজে ব্যস্ত রাখে। এতে সালাতের সময় নষ্ট হয়, ইবাদতের প্রতি উদাসীনতা আসে এবং আল্লাহর স্মরণ থেকে মানুষ দূরে সরে যায়। জুয়াড়ি ব্যক্তি জিতুক বা হারুক—তার মন সর্বদা জুয়াকেই ঘিরে থাকে। হারলে দুশ্চিন্তায় থাকে, আর জিতলে আরো বেশি জেতার লোভে বিভোর হয়ে পড়ে। ফলে সে আল্লাহমুখী হতে পারে না।

জুয়া এমন উপার্জনের পথ, যা সমাজের কোনো উপকার করে না। ইসলামের শিক্ষা হলো মানুষের উপার্জন এমন কাজের মাধ্যমে হওয়া উচিত, যা নিজের পাশাপাশি সমাজ ও অর্থনীতিরও কল্যাণ সাধন করে। কিন্তু জুয়া মানুষের কর্মস্পৃহা ধ্বংস করে দেয়। ফলে সে কোনো সম্মানজনক পেশা বা উৎপাদনশীল কাজে আগ্রহী থাকে না। আল্লাহ সবাইকে হারাম থেকে রক্ষা করুন। আমিন।

এবার তীব্র গরমে মক্কা ও মদিনায় বিশেষ সতর্কতা

ইসলামী জীবন ডেস্ক
এবার তীব্র গরমে মক্কা ও মদিনায় বিশেষ সতর্কতা
সংগৃহীত ছবি

সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তর দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি, ধূলিঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা নিয়ে নতুন সতর্কতা জারি করেছে, বিশেষ করে মক্কা ও মদিনা অঞ্চলের কিছু অংশে দিনের বেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বাসিন্দা ও ভ্রমণকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মক্কা ও মদিনার পাশাপাশি আল-জাওফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল-কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় অঞ্চল এবং নাজরানের কিছু এলাকায় ধুলা ও বালুবাহী প্রবল বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি দৈনন্দিন চলাচলেও বিঘ্ন ঘটতে পারে।

এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও আবহাওয়া অস্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। জাজান, আসির ও আল-বাহা অঞ্চলের কিছু অংশ এবং মক্কার দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকায় সক্রিয় বাতাসের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কোরআন অনুধাবনে যে সাতটি বিষয় প্রতিবন্ধক

আলেমা হাবিবা আক্তার
কোরআন অনুধাবনে যে সাতটি বিষয় প্রতিবন্ধক
সংগৃহীত ছবি

মুমিনের জন্য কোরআন নিয়ে চিন্তা ও গবেষণা করা আবশ্যক। পবিত্র কোরআনে সেসব মানুষের নিন্দা করা হয়েছে, যারা কোরআন নিয়ে চিন্তা ও গবেষণা করে না। মহান আল্লাহ বলেন, ‘তবে কি তারা কোরআন সম্পর্কে অভিনিবেশসহকারে চিন্তা করে না? না তাদের অন্তর তালাবদ্ধ?’ (সুরা : মুহাম্মদ, আয়াত : ২৪)

কিন্তু কোরআন নিয়ে চিন্তা-গবেষণা করলেই সবাই কোরআন অনুধাবন করতে পারে? না, পারে না। কেননা মানুষের কোরআন অনুধাবনে কিছু প্রতিবন্ধকতা আছে। নিম্নে এমন সাতটি প্রতিবন্ধক বিষয় নিয়ে আলোচনা করা হলো।

কোরআন অনুধাবনে প্রতিবন্ধকতাসমূহ 
কোরআনের অর্থ বোঝা ও মর্ম অনুধাবন করার ক্ষেত্রে সাতটি বিশেষ প্রতিবন্ধকতা তুলে ধরা হলো—
১. অবিরাম পাপ করা : কোরআনের অর্থ ও মর্ম বোঝার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো অবিরাম পাপ করে যাওয়া। কেননা কোরআন হলো জ্যোতি আর পাপ হলো অন্ধকার। তাই পাপে আচ্ছন্ন হৃদয় কোরআন অনুধাবন করতে পারে না। পবিত্র কোরআনে পাপীদের অবস্থা তুলে ধরে বলা হয়েছে, ‘তারা বলে, তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছো সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত, আমাদের কানে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল; সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি।’ (সুরা : হা-মিম-সাজদা, আয়াত : ৫)

আল্লামা জারকাশি (রহ.) বলেন, নিশ্চয়ই কোরআনের সেই পাঠক ওহির প্রকৃত মর্ম অনুধাবন করতে পারে না এবং কোরআনের ভেদ-রহস্য উন্মোচন করতে পারে না যার অন্তরে দুনিয়ার মোহ ও অহংকার আছে, যে বিদআত করে, যে প্রবৃত্তির অনুসারী, যে অবিরাম পাপ করে, যে ঈমানের দাবিতে মিথ্যাবাদী বা দুর্বল।’ (আল বোরহান ফি উলুমিল কোরআন : ২/১৮০)

২. অমনোযোগ ও উদাসীনতা : কোরআন আদর, যত্ন ও মনোযোগের দাবিদার। তার প্রতি অমনোযোগীদের অন্তরে কোরআন প্রবেশ করে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এই কোরআন সংরক্ষণে তোমরা যত্নবান হও। কেননা যার হাতে মুহাম্মদের প্রাণ তাঁর শপথ! নিশ্চয়ই তা রশি ছিঁড়ে পলায়নরত উটের তুলনায় অধিক পলায়নপর।’ (সহিহ বুখারি, হাদিস : ৫০৩৩)

৩. আরবি ভাষা না জানা : আল্লাহ আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই কোরআন জগত্গুলোর প্রতিপালক থেকে অবতীর্ণ। জিবরাইল তা নিয়ে অবতরণ করেছে তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারী হতে পারো। অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়।’ (সুরা : শুআরা, আয়াত : ১৯২-১৯৫)

অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘এটা আমিই অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোরআন, যাতে তোমরা বুঝতে পারো।’ (সুরা : ইউসুফ, আয়াত : ২)

আল্লামা ইবনে কাসির (রহ.) বলেন, ‘আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হওয়ার কারণ হলো আরবি ভাষাগুলোর ভেতর সবচেয়ে অলংকারপূর্ণ, সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে বিস্তৃত এবং অন্তরের অভিব্যক্তি প্রকাশে সবচেয়ে সক্ষম ভাষা। অর্থাৎ সবচেয়ে সম্মানিত ভাষায় সবচেয়ে সম্মানিত কিতাব অবতীর্ণ হয়েছে।’ (তাফসিরে ইবনে কাসির : ২/৪৬৭)

সুতরাং যে পাঠক আরবি ভাষা সম্পর্কে জানে না এবং তাদের বাচনভঙ্গি সম্পর্কে অবগত নয়, সে কোরআন নিয়ে চিন্তা-গবেষণা করতে পারবে না এবং আল্লাহর কথার মর্মও বুঝতে পারবে না। ইমাম মালিক (রহ.) বলেছেন, ‘যে ব্যক্তির আরবি ভাষা সম্পর্কে জ্ঞান নেই সে কোরআনের ব্যাখ্যা করলে অবশ্যই ব্যর্থ হবে।’ (শুআবুল ঈমান : ২/৪২৫)

৪. পূর্বসূরিদের কিতাব থেকে বিমুখতা : রাসুলুল্লাহ (সা.) থেকে অবিচ্ছিন্ন পরম্পরায় ইলমে ওহির চর্চা হয়ে আসছে। ইসলামী জ্ঞানচর্চায় এই পরম্পরা রক্ষা করা জরুরি। সুতরাং কোরআনের মর্ম অনুধাবনে পূর্বসূরিদের কিতাব পাঠ ও মতামত অবগত হওয়া অপরিহার্য। পূর্বসূরিদের কিতাব ও ব্যাখ্যা থেকে বিমুখতা কোরআন বোঝার ক্ষেত্রে বিভ্রান্তির অন্যতম কারণ। ইমাম তাবারি (রহ.) বলেন, ‘আমি আশ্চর্য হই সেই ব্যক্তি সম্পর্কে যে কোরআন পাঠ করে, অথচ তার ব্যাখ্যা জানে না। সে কিভাবে কোরআন তিলাওয়াতের স্বাদ পাবে।’ (মুজামুল উদাবা : ৫/২৫৬)

৫. কোরআন নাজিলের প্রেক্ষাপট না জানা : কোরআনের ভাষা ও উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট জানা আবশ্যক। ইমাম শাতেবি (রহ.) বলেন, ‘নিশ্চয়ই আরবদের উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে সংবোধনকারী ও সংবোধিত ব্যক্তির অবস্থা জানার ওপর নির্ভরশীল। কেননা একই বক্তব্যের উদ্দেশ্য ভিন্ন হয়ে যায় দুটি প্রেক্ষাপট ও সংবোধিত ব্যক্তির বিবেচনায়। যদি এগুলো জনা না যায়, তবে সঠিক উদ্দেশ্য সম্পর্কে অবগত হওয়া কঠিন হয়ে যায়। কোরআন বোঝার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট না জানলে বিভিন্ন ধরনের সন্দেহ ও সংশয় তৈরি হয়।’ (আল মুওয়াফিকাত : ৪/১৪৬)

৬. কোরআনের আংশিক পাঠ : কোরআন যথাযথভাবে বোঝার ক্ষেত্রে আল-কোরআনের সামগ্রিক পাঠ জরুরি। আংশিক পাঠ কোরআন বোঝার ক্ষেত্রে যেমন প্রতিবন্ধক, তেমনি তা বিভ্রান্তি সৃষ্টির অন্যতম কারণ। আল্লামা ইবনে হাজম (রহ.) বলেন, ‘খারেজিদের বিভ্রান্ত হওয়ার কারণ হলো কোরআনের একাংশ আঁকড়ে ধরা এবং অন্য অংশ ছেড়ে দেওয়া। আর তারা রাসুলুল্লাহ (সা.) কর্তৃক কোরআনের ব্যাখ্যাও ত্যাগ করেছে, অথচ এই দায়িত্ব আল্লাহই তাদের দিয়েছিলেন। যদি তারা সমগ্র কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর পরিপূর্ণ বক্তব্য আঁকড়ে ধরত, একই হুকুমের অধীন মনে করত, পুরোপুরি আমল করত, তবে তারা অবশ্যই হেদায়েত পেত।’ (আল ইহকাম ফি উসুলিল আহকাম : ৩/৪০)

৭. আল্লাহভীতি ও বিনয়হীন পাঠ : যারা অন্তরে আল্লাহভীতি ও বিনয় নিয়ে কোরআন পাঠ করে না, আল্লাহ তাদেরকে কোরআনের হেদায়েত থেকে বঞ্চিত করেন। ইমাম নববী (রহ.) বলেন, ‘কোরআন তিলাওয়াতকারীর উচিত হলো আল্লাহভীতি, বিনয় ও চিন্তা-ভাবনার সঙ্গে তা পাঠ করা। আর এটা আল্লাহর প্রত্যাশিত ও উদ্দিষ্টও বটে। এর মাধ্যমে হৃদয় প্রশস্ত হয়, অন্তর আলোকিত হয়। এর স্পবক্ষে এত বেশি ও বিখ্যাত বিখ্যাত প্রমাণ রয়েছে যে তা বর্ণনা করার অপেক্ষা রাখে না।’ (আল আজকার : ১/৮৭)

আল্লাহ সবাইকে কোরআন অনুধাবন করার তাওফিক দিন। আমিন।

আজকের নামাজের সময়সূচি, ৮ ‍জুলাই ২০২৬

ইসলামী জীবন ডেস্ক
আজকের নামাজের সময়সূচি, ৮ ‍জুলাই ২০২৬
সংগৃহীত ছবি

আজ বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩, ২২ মহররম, ১৪৪৮।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—
জোহরের সময় শুরু ১২টা ০৭ মিনিটে।
আসরের সময় শুরু ৪টা ৪৩ মিনিটে।
মাগরিব ৬টা ৫৪ মিনিটে।
এশার সময় শুরু ৮টা ১৯ মিনিটে।
আগামীকাল ফজর শুরু ৩টা ৫৪ মিনিটে 
আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১৭ মিনিটে।
সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।