• ই-পেপার

বিপদের সময় যেসব দোয়া পড়বেন

হাদিসের বাণী

খ্যাতিহীন সাধারণ মানুষের মর্যাদা ও ফজিলত

ইসলামী জীবন ডেস্ক
খ্যাতিহীন সাধারণ মানুষের মর্যাদা ও ফজিলত
সংগৃহীত ছবি

আবু আব্বাস সাহল ইবনে সাদ সায়েদি (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি মহানবী (সা.)-এর পাশ দিয়ে অতিক্রম করছিল। তখন মহানবী (সা.) তার পাশে বসা এক লোককে জিজ্ঞেস করলেন, এ লোকের ব্যাপারে তোমার ধারণা কী? সে বলল, সে সম্মানি লোক। আল্লাহর কসম! যদি সে কাউকে বিয়ের প্রস্তাব দেয়, তাহলে তার প্রস্তাব গ্রহণ করা হবে এবং কারও জন্য সুপারিশ করলে তার সুপারিশও কবুল করা হবে। একথা শোনে মহনবী (সা.) চুপ করে থাকলেন; কিছুই বললেন না। একটু পর আরেক ব্যক্তি সেখান দিয়ে অতিক্রম করছিল। মহানবী (সা.) তার পাশে বসা লোককে এবার জিজ্ঞেস করলেন, এ লোকের ব্যাপারে তোমার ধারণা কী? সে বলল, ইয়া রাসুলাল্লাহ, এ তো একজন দরিদ্র মুসলমান। সে এমন ব্যক্তি, কোথাও সে বিয়ের প্রস্তাব দিলে, সেটা কবুল করা হবে না; কারও জন্য সুপারিশ করলে, তা কবুল করা হবে না। সে কোনো কথা বললে, তার কথা কেউ শুনবেও না। তখন মহানবী (সা.) বললেন, ওরকম খ্যাতিমানদের চেয়ে এ-রকম সাধারণ লোক পুরো দুনিয়া ভরে যাওয়া উত্তম। (সহিহ বুখারি, হাদিস নং : ৬৪৪৭)


শিক্ষা ও বিধান

১. আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া মানুষের ধন-সম্পদ, বংশমর্যাদা, পদ-পদবি বা সামাজিক অবস্থান নয়; বরং আল্লাহর কাছে প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় ঈমান, তাকওয়া ও নেক আমলের মাধ্যমে।

২. বাহ্যিক চাকচিক্য দেখে মানুষকে বিচার করা উচিত নয়। অনেক সময় ধনী ও প্রভাবশালী ব্যক্তিকে মানুষ সম্মান দেয়, আর দরিদ্র ও সাধারণ মানুষকে অবহেলা করে। অথচ প্রকৃত অবস্থান আল্লাহই ভালো জানেন।

৩. দরিদ্র মুমিনের মর্যাদা অনেক উচ্চ হতে পারে। যে ব্যক্তি মানুষের চোখে তুচ্ছ, সে-ই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ও মর্যাদাবান হতে পারে। তাই কোনো দরিদ্র বা সাধারণ মুসলমানকে ছোট করে দেখা যাবে না।

৪. সামাজিক মর্যাদা নয়, ঈমান ও চরিত্রই আসল সম্পদ। মানুষের প্রকৃত মূল্য তার ঈমান, আমল, আখলাক ও আল্লাহভীতির মধ্যে নিহিত। ধন-সম্পদ ও খ্যাতি ক্ষণস্থায়ী, কিন্তু নেক আমল চিরস্থায়ী।

৫. অহংকার থেকে বেঁচে থাকার শিক্ষা। ধন, বংশ, সৌন্দর্য বা প্রভাবের কারণে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা ইসলামে নিন্দনীয়। এই হাদিস অহংকার পরিহার করে বিনয়ী হওয়ার শিক্ষা দেয়।

৬. সমাজের দুর্বল ও অসহায় মানুষের সম্মান রক্ষা করা উচিত। ইসলাম দরিদ্র, অসহায় ও সাধারণ মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করেছে। তাদের অবজ্ঞা করা বা তুচ্ছজ্ঞান করা মুমিনের বৈশিষ্ট্য নয়।

৭. মানুষের অন্তরের অবস্থা আল্লাহই জানেন। কোনো ব্যক্তির বাহ্যিক অবস্থা দেখে তার চূড়ান্ত মূল্যায়ন করা যায় না। তার অন্তরের ঈমান, ইখলাস ও তাকওয়ার খবর একমাত্র আল্লাহ তাআলাই জানেন।

৮. দুনিয়ার সম্মান সবসময় প্রকৃত সম্মান নয়। যে ব্যক্তি মানুষের কাছে সম্মানিত, সে আল্লাহর কাছেও সম্মানিত হবে—এমন নয়। আবার যে ব্যক্তি মানুষের কাছে অখ্যাত, সে আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাবান হতে পারে।

অতএব, আমাদের উচিত মানুষকে বাহ্যিক অবস্থান দিয়ে নয়, বরং ইসলামী মূল্যবোধের আলোকে মূল্যায়ন করা এবং সকল মুসলমানের প্রতি সম্মান ও সদ্ভাব প্রদর্শন করা।

জীবিতদের দোয়া মৃতদের উপকারে আসে

ইসলামী জীবন ডেস্ক
জীবিতদের দোয়া মৃতদের উপকারে আসে
সংগৃহীত ছবি

জীবিতদের দোয়া মৃতদের উপকারে আসে, এ কথা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত এবং এটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদা ও বিশ্বাস। এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ‘(আর এই সম্পদ তাদের জন্য) যারা তাদের পরে এসেছে। যারা বলে, হে আমাদের পালনকর্তা! আমাদের এবং আমাদের ভাইদের ক্ষমা করো, যারা আমাদের আগে ঈমান এনেছে। আর ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের রব! নিশ্চয়ই তুমি স্নেহশীল ও পরম দয়ালু।’ (সুরা : হাশর, আয়াত : ১০)

এখানে পূর্ববর্তী মুমিনদের জন্য (যাতে জীবিত ও মৃত সবাই আছেন) দোয়া করার প্রশংসা করা হয়েছে।

এ ছাড়া ইবরাহিম (আ.) ও নুহ (আ.) তাঁদের পিতা-মাতা ও মৃত-জীবিত সব মুমিনের জন্য দোয়া করেছেন। (সুরা : ইবরাহিম, আয়াত : ৪১; সুরা নুহ, আয়াত : ২৮)

আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ (সা.)-কে সব নর-নারীর জন্য ক্ষমা প্রার্থনা করার আদেশ করেছেন। আল্লাহ বলেন, ‘অতএব তুমি জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর তুমি ক্ষমা প্রার্থনা করো তোমার ও মুমিন নর-নারীদের জন্য। বস্তুত আল্লাহ ভালোভাবেই জানেন তোমাদের চলাফেরা ও আশ্রয় সম্পর্কে।’ (সুরা : মুহাম্মাদ, আয়াত : ১৯)

আসমানের ফেরেশতারাও সব মুমিন নর-নারীর জন্য ক্ষমা প্রাথর্না করে, যা জীবিত-মৃত সবাইকে শামিল করে। আল্লাহ তাআলা বলেন, ‘যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তারা তাদের পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করে ও তাঁর প্রতি ঈমান রাখে। আর তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের রব! তোমার অনুগ্রহ ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব যারা তওবা করে ও তোমার রাস্তায় চলে তাদের তুমি ক্ষমা করো এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করো! হে আমাদের প্রতিপালক! আর তাদের তুমি প্রবেশ করাও চিরস্থায়ী বসবাসের জান্নাত, যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ।

আর তাদের বাপ-দাদা, স্বামী-স্ত্রী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরও। নিশ্চয়ই তুমি তো পরাক্রমশালী ও প্রজ্ঞাময় এবং তুমি তাদের মন্দ কাজ থেকে রক্ষা করো। আর যাকে তুমি মন্দ কাজ থেকে রক্ষা করলে তাকে তো তুমি কিয়ামতের দিন (জান্নাতে প্রবেশ করানোর মাধ্যমে) অনুগ্রহ করলে। আর সেটাই হলো মহা সফলতা।’ (সুরা : গাফের, আয়াত : ৭-৯)
এ দোয়াগুলোতে জীবিত-মৃত সব মুমিনের জন্য দোয়া করা হয়েছে।

দোয়া মৃতের পক্ষে কল্যাণকর হওয়ার সবচেয়ে বড় দলিল হলো জানাজার সালাত। জানাজার সালাত মূলত দোয়া। জানাজার সালাতে আল্লাহর রাসুল (সা.) যেসব দোয়া করতেন সেগুলো থেকেই তা পরিষ্কার। এ জন্য নিষ্ঠার সঙ্গে দোয়া করা একান্ত জরুরি। রাসুলুল্লাহ (সা.) মাইয়েতের জন্য নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করতে বলেছেন। তিনি বলেন, ‘তোমরা যখন মাইয়েতের জন্য জানাজার সালাত আদায় করবে তখন তার জন্য নিষ্ঠার সঙ্গে দোয়া করবে।’ (আবু দাউদ, হাদিস : ৩১৯৯)

ওসমান বিন আফফান (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) মৃতের দাফনকার্য সম্পন্ন করে কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, ‘তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার দৃঢ় থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কেননা সত্বর সে জিজ্ঞাসিত হবে।’ (আবু দাউদ, হাদিস : ৩২২১)

কবর জিয়ারতকালীন কবরস্থ ব্যক্তিদের জন্য দোয়া করা যায়। আয়েশা (রা.) বললেন, হে আল্লাহর রাসুল (সা.), আমি কিভাবে তাদের জন্য দোয়া করব? তিনি বলেন, তুমি বলবে—‘আস্সালা-মুআলা আহলিদ দিয়া-রি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা; ওয়া ইয়ারহামুল্লা-হুল মুস্তাক্বদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিনা; ওয়া ইন্না ইনশা-আল্লা-হু বিকুম লাহেকুন।’

অনুবাদ : ‘মুমিন ও মুসলিম কবরবাসীর ওপর শান্তি বর্ষিত হোক। আমাদের অগ্রবর্তী ও পরবর্তীদের ওপর আল্লাহ রহম করুন! আল্লাহ চাহে তো আমরা অবশ্যই আপনাদের সঙ্গে মিলিত হতে যাচ্ছি।’ (নাসাঈ, হাদিস : ২০৩৭; মুসলিম, হাদিস : ২১৪৬)

রাসুলুল্লাহ (সা.)-এর অভ্যাস ছিল, তিনি শেষ রাতে উঠে জান্নাতুল বাকি কবরস্থানে চলে যেতেন এবং দোয়া করতেন। (দেখুন—সহিহ মুসলিম, হাদিস : ২১৪৫)

উপরোক্ত আয়াত ও হাদিসগুলো থেকে স্পষ্ট হয়ে গেল যে দোয়া জীবিত ও মৃত সবার জন্য কল্যাণকর। দোয়া করলে এর দ্বারা মৃতরাও উপকৃত হয়।

আল্লাহ যেভাবে কল্যাণের ফয়সালা করেন

ইসলামী জীবন ডেস্ক
আল্লাহ যেভাবে কল্যাণের ফয়সালা করেন
সংগৃহীত ছবি

মানুষের জীবনে চাওয়া-পাওয়া, আশা-নিরাশা, সফলতা-ব্যর্থতা—এসব যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মানুষ যখন কাঙ্ক্ষিত কোনো কিছু অর্জন করে তখন সেটাকে আল্লাহর বিশেষ অনুগ্রহ মনে করে।

আবার যখন কোনো স্বপ্ন ভেঙে যায়, প্রার্থিত কোনো সুযোগ হাতছাড়া হয় কিংবা জীবনের পরিকল্পনা ব্যর্থ হয়ে পড়ে, তখন অনেকেই মনে করেন আল্লাহ হয়তো তার প্রতি অসন্তুষ্ট। অথচ একজন মুমিনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। সে বিশ্বাস করে, তার জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর জ্ঞান, প্রজ্ঞা ও রহমতের অধীনেই সংঘটিত হয়। কারণ আল্লাহ তাআলা বান্দার বর্তমান নয়, তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ—সবকিছু জানেন।

তাই অনেক সময় যে বিষয়টিকে আমরা ক্ষতি মনে করি, তার মধ্যেই লুকিয়ে থাকে অমূল্য কল্যাণ; আর যেটিকে আমরা লাভ মনে করি, সেটিই কখনো কখনো হয়ে ওঠে বড় ক্ষতির কারণ। মুমিনের দায়িত্ব হলো আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসা রাখা এবং প্রতিটি অবস্থায় তাঁর হিকমতের প্রতি আস্থা রাখা।

সবকিছুর পেছনে রয়েছে আল্লাহর অসীম প্রজ্ঞা
আল্লাহ তাআলা মানুষের স্রষ্টা। তিনি মানুষের অন্তরের অবস্থা, প্রয়োজন, দুর্বলতা এবং ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখেন। তাই তিনি যা ফয়সালা করেন, তা বান্দার প্রকৃত কল্যাণের জন্যই করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো বিষয়কে ভালো মনে করছ, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না।’
(সুরা : বাকারা, আয়াত : ২১৬)
এই আয়াত আমাদের শেখায়, মানুষের বিচার সীমাবদ্ধ; কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। আমরা শুধু বাহ্যিক অবস্থা দেখি, কিন্তু আল্লাহ দেখেন তার সুদূরপ্রসারী ফলাফল।

ব্যর্থতা সব সময় প্রত্যাখ্যান নয়
মানুষ সাধারণত ব্যর্থতাকে জীবনের সমাপ্তি মনে করে। কিন্তু ইসলামের শিক্ষা হলো, প্রতিটি ব্যর্থতার আড়ালেও আল্লাহর কোনো না কোনো হিকমত লুকিয়ে থাকে। কখনো আল্লাহ বান্দাকে এমন একটি পথ থেকে ফিরিয়ে দেন, যার শেষপ্রান্তে রয়েছে বিপদ, কষ্ট, গুনাহ কিংবা ধ্বংস। আমরা শুধু বন্ধ হয়ে যাওয়া দরজাটি দেখি, কিন্তু আল্লাহ জানেন সেই দরজার ওপারে কী অপেক্ষা করছে। হয়তো যে চাকরিটি আপনি পাননি, সেটি আপনার দ্বিন, পরিবার কিংবা মানসিক প্রশান্তির জন্য ক্ষতিকর ছিল। হয়তো যে সম্পর্কটি ভেঙে গেছে, সেটি ভবিষ্যতে আপনার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার কারণ হতে পারত। হয়তো যে ব্যবসাটি সফল হয়নি, তার মধ্যে এমন ক্ষতি লুকিয়ে ছিল, যা থেকে আল্লাহ আপনাকে রক্ষা করতে চেয়েছেন। তাই একজন মুমিন ব্যর্থতার মধ্যেও আল্লাহর রহমত ও কল্যাণের সন্ধান করে।

মুমিনের জীবনে প্রতিটি অবস্থা কল্যাণকর
মহানবী (সা.) মুমিনের জীবন সম্পর্কে এক অসাধারণ সত্য তুলে ধরেছেন। তিনি বলেন, ‘মুমিনের বিষয়টি সত্যিই আশ্চর্য! তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। যখন সে সুখ পায় তখন আল্লাহর শুকরিয়া আদায় করে; এতে তার কল্যাণ হয়। আর যখন দুঃখ-কষ্টে আক্রান্ত হয় তখন ধৈর্য ধারণ করে; এতেও তার কল্যাণ হয়।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৯৯৯)

এই হাদিস প্রমাণ করে যে মুমিনের জীবনে কোনো ঘটনাই অর্থহীন নয়। সুখ হোক কিংবা দুঃখ—সবকিছু তার জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়।

কষ্টের আড়ালে থাকে স্বস্তির বার্তা
জীবনের কঠিন সময়গুলো মানুষকে ভেঙে দেয় না; বরং অনেক সময় তাকে আরো শক্তিশালী, পরিণত ও আল্লাহমুখী করে তোলে। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ২৮৬)

আল্লাহ তাআলা আরো বলেন, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্ত্তি।’ (সুরা : ইনশিরাহ, আয়াত : ৫-৬)
এই আয়াতগুলো মুমিনকে আশা ও সাহস জোগায়। কারণ আল্লাহ যখন পরীক্ষা দেন, তখন সেই পরীক্ষার মধ্যেই মুক্তির পথও নির্ধারণ করে রাখেন।

তাকদিরের প্রতি বিশ্বাস মুমিনকে প্রশান্তি দেয়
একজন মুমিন বিশ্বাস করে যে পৃথিবীতে যা কিছু ঘটে সবই আল্লাহর পূর্বনির্ধারিত ফয়সালার অংশ। তাই সে হারিয়ে যাওয়া বিষয় নিয়ে অতিরিক্ত আফসোস করে না এবং প্রাপ্ত বিষয় নিয়ে অহংকারও করে না। মহানবী (সা.) ইবনে আব্বাস (রা.)-কে উপদেশ দিয়ে বলেছেন, ‘জেনে রাখো, যা তোমাকে এড়িয়ে গেছে তা কখনো তোমার জন্য নির্ধারিত ছিল না; আর যা তোমার কাছে এসেছে, তা কখনো তোমাকে এড়িয়ে যেতে পারত না।’ (তিরমিজি, হাদিস : ২৫১৬)

এই বিশ্বাস মানুষের হৃদয়ে গভীর প্রশান্তি সৃষ্টি করে এবং তাকে হতাশা থেকে রক্ষা করে।

ব্যর্থতার পর মুমিনের করণীয়
ব্যর্থতার মুখোমুখি হলে একজন মুমিনের উচিত- আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকার চেষ্টা করা। ধৈর্য ও সবরের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করা। নিজের ভুলত্রুটি ও দুর্বলতাগুলো পর্যালোচনা করা। নতুনভাবে পরিকল্পনা করে আবার চেষ্টা করা। বেশি বেশি দোয়া, ইস্তিগফার ও নফল ইবাদতে মনোযোগ দেওয়া। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হওয়া। অত্যন্ত দৃঢ়ভাবে এই বিশ্বাস রাখা যে আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক উত্তম।

সুতরাং জীবনের প্রতিটি ব্যর্থতা হারিয়ে যাওয়ার গল্প নয়; অনেক ব্যর্থতা আসলে রক্ষা পাওয়ার গল্প। যে সুযোগটি আপনি হারিয়েছেন, হয়তো সেটিই আপনার জন্য ক্ষতিকর ছিল। যে স্বপ্নটি পূরণ হয়নি, হয়তো তার চেয়ে উত্তম কিছু আল্লাহ আপনার জন্য সংরক্ষণ করে রেখেছেন। একজন মুমিন জানে, আল্লাহর কোনো ফয়সালাই উদ্দেশ্যহীন নয়। তিনি যখন কিছু দেন, তাতে কল্যাণ থাকে; আবার যখন কিছু থেকে বঞ্চিত করেন তাতেও কল্যাণ লুকিয়ে থাকে। তাই সুখে শুকরিয়া এবং দুঃখে সবর—এই দুই ডানায় ভর করেই মুমিন তার জীবনযাত্রা পরিচালনা করে।

মনে রাখতে হবে, আল্লাহ বান্দার শত্রু নন; তিনি পরম দয়ালু ও সর্বজ্ঞ রব। তাই কোনো দরজা বন্ধ হয়ে গেলে হতাশ না হয়ে তাঁর ওপর ভরসা রাখতে হবে। কারণ অনেক সময় যে ব্যর্থতাকে আমরা দুর্ভাগ্য মনে করি, সেটিই আল্লাহর পক্ষ থেকে আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার সবচেয়ে নিখুঁত ব্যবস্থা। আর এটাই হলো আল্লাহ যেভাবে তাঁর বান্দার জন্য কল্যাণের ফয়সালা করেন তার এক অনন্য ও হৃদয়স্পর্শী বাস্তবতা।

আজকের নামাজের সময়সূচি, ৭ জুন ২০২৬

ইসলামী জীবন ডেস্ক
আজকের নামাজের সময়সূচি, ৭ জুন ২০২৬
সংগৃহীত ছবি

আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২০ জিলহজ ১৪৪৭।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের সময় শুরু ১২টা ০১ মিনিটে।

আসরের সময় শুরু ৪টা ৩৭ মিনিটে।

মাগরিব ৬টা ৪৮ মিনিটে।

এশার সময় শুরু ৮টা ১৪ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৩টা ৪৬ মিনিটে 

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১০ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।