• ই-পেপার

বিশ্ব পরিবেশ দিবস ও ইসলাম

বৃষ্টির জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন

মুফতি ওমর বিন নাছির
বৃষ্টির জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
সংগৃহীত ছবি

আকাশে যখন মেঘ জমে, মাঠ-ঘাট শুকিয়ে যায়, নদী-নালা পানিশূন্য হয়ে পড়ে এবং মানুষ বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, তখন একজন মুমিনের হৃদয় সর্বপ্রথম মুখাপেক্ষী হয় আসমান-জমিনের মালিক মহান আল্লাহর দিকে। কারণ বৃষ্টি আল্লাহ তাআলার এক মহা রহমত, যার মাধ্যমে মৃতপ্রায় ভূমি পুনর্জীবন লাভ করে এবং মানুষের জীবন-জীবিকা সচল হয়। তাইতো মহানবী (সা.) যখন অনাবৃষ্টি লক্ষ করতেন, তখন তিনি আল্লাহর দরবারে বিনম্রভাবে হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করতেন। দোয়াটি হলো-

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعاً نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ ‏

উচ্চারণ : ‘আল্লাহুম্মাসকিনা গাইসান মুগিসান মারিআন মারিয়ান নাফিয়ান গাইরা দাররিন আজিলান গাইরা আজিলিন।’

অর্থ : ‘হে আল্লাহ! আমাদের বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত-কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করো।’

হাদিস : জাবির ইবনে আব্দুল্লাহ (রা.) বর্ণনা করে বলেন, একদিন মহানবী (সা.)-এর কাছে কিছু লোক (বৃষ্টি না হওয়ায়) কাঁদতে কাঁদতে আসলে তিনি তখন তীব্র গরম ও অনেক দিনের অনাবৃষ্টির কারণে বৃষ্টি প্রার্থনা করে এই দোয়া পাঠ করেন। বর্ণনাকারী সাহাবি বলেন, এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়। এবং প্রচুর বৃষ্টি বর্ষণ হয়। (আবু দাউদ, হাদিস নং : ১১৬৯)

আত্মকেন্দ্রিকতা আত্মার নীরব ব্যাধি

মুফতি মুহাম্মদ মর্তুজা
আত্মকেন্দ্রিকতা আত্মার নীরব ব্যাধি
সংগৃহীত ছবি

আত্মকেন্দ্রিকতা এমন এক মানসিক অবস্থার নাম, যেখানে ব্যক্তি নিজের চিন্তাভাবনা, অনুভূতি এবং চাওয়া-পাওয়াকে অধিক গুরুত্ব দেয়। অতিমাত্রায় আত্মকেন্দ্রিক মানুষরা নিজের দৃষ্টিভঙ্গি থেকেই শুধু পৃথিবীকে দেখেন এবং অন্যদের মতামত বা আবেগের প্রতি সংবেদনশীল হতে প্রায়শই ব্যর্থ হন। আত্মীয়স্বজনের খোঁজ নেওয়া, প্রতিবেশীর পাশে দাঁড়ানো কিংবা মানুষের উপকারে আসার চেয়ে নিজের জগতে সীমাবদ্ধ থাকতে পছন্দ করেন। অন্যের প্রয়োজন ও কষ্টের প্রতি উদাসীন হলেও কৌশলে নিজের স্বার্থসিদ্ধির ব্যাপারে থাকেন অত্যন্ত সচেতন, যা মূলত ইসলামবিরোধী নীতি।

ইসলামের দৃষ্টিতে নিজেকে ভালোবাসা নিষিদ্ধ নয়; এটা মানুষের স্বভাবজাত বিষয়। পবিত্র কোরআনে এ ব্যাপারে এসেছে, ‘এবং মানুষের মধ্যে কৃপণতা বিদ্যমান রয়েছে।’(সুরা : নিসা, আয়াত : ১২৮)

আর প্রতিটি ব্যক্তি সাধারণত নিজ নিজ স্বার্থের খাতিরে কৃপণ ও লোভী হয়ে ওঠে। কিন্তু এই আত্মপ্রেম বা স্বার্থসচেতনতা এমন মাত্রায় হতে দেওয়া যাবে না, যা অন্যের অধিকার গ্রাস করে ফেলবে। বরং ইসলামের শিক্ষা হলো, মানুষ যেমন স্বভাবজাত কারণে নিজের কল্যাণ চায়, তেমনি অন্য ভাইয়ের কল্যাণ চাইতে হবে। এটাই ঈমানের দাবি। রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে, তার ভাইয়ের জন্যও তা ভালোবাসে।’ (বুখারি, হাদিস : ১৩)

আরো পড়ুন
রিজিকের সন্ধানে প্রচেষ্টা প্রশংসনীয়

রিজিকের সন্ধানে প্রচেষ্টা প্রশংসনীয়

 

লক্ষ্য করলে দেখা যায়, হাদিসে নিজের জন্য ভালোবাসাকে অস্বীকার করা হয়নি; বরং সেই ভালোবাসার পরিধি অন্যের কাছেও সম্প্রসারিত করতে বলা হয়েছে। এটাই ইসলামের সৌন্দর্য। অতিমাত্রায় আত্মকেন্দ্রিকতা ঈমানের সঙ্গে সাংঘর্ষিক। কেননা আত্মকেন্দ্রিক মানুষরা পৃথিবীর সবকিছুর ওপর নিজের ইচ্ছা-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়।

কিন্তু মুমিন বান্দারা নিজের স্বার্থ ও ইচ্ছার চেয়ে আল্লাহর হুকুম ও মহানবী (সা.)-এর সুন্নতকে প্রাধান্য দেয়। তাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু হয় আল্লাহ ও তাঁর রাসুলের প্রেম। যেই প্রেম ছাড়া কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারে না। মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান, মা-বাবা ও সমস্ত মানুষের চেয়েও অধিক প্রিয় হই।’ (বুখারি, হাদিস ১৫)

আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি এই অগাধ ভালোবাসা মানুষকে মানবিক করে তোলে। ফলে তারা আত্মকেন্দ্রিকার ধারালো জিঞ্জির ছিঁড়ে একজন সোনার মানুষে পরিণত হয়। যাদের হৃদয়ে সংকীর্ণতার স্থান নেই। যারা আল্লাহকে খুশি করার জন্য নিজের অভাব থাকা সত্ত্বেও অন্যকে অগ্রাধিকার দিতে দ্বিধাবোধ করে না। মহানবী (সা.)-এর সোহবতের বরকতে তাঁর সাহাবিরাও এ রকম সোনার মানুষে পরিণত হয়েছিলেন। যাদের সুনাম করতে গিয়ে মহান আল্লাহ বলেছেন, ‘আর মুহাজিরদের আগমনের পূর্বে যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল (তাদের জন্যও এ সম্পদে অংশ রয়েছে), আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে। আর মুহাজিরদের যা প্রদান করা হয়েছে তার জন্য এরা তাদের অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না। এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের ওপর তাদের অগ্রাধিকার দেয়। যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে, তারাই সফলকাম।’ (সুরা : হাশর, আয়াত : ৯)

আরো পড়ুন
সফল হতে সকাল-সন্ধ্যায় পঠিতব্য দোয়া

সফল হতে সকাল-সন্ধ্যায় পঠিতব্য দোয়া

 

পবিত্র কোরআনের এই আয়াতে আত্মকেন্দ্রিকতা নিয়ন্ত্রণের উপকারিতা ফুটে উঠেছে। যারা আত্মকেন্দ্রিকতার মূল উপাদান মনের কার্পণ্য থেকে পবিত্র হতে পারবে, তারাই সফল হবে। সুবহানাল্লাহ! আর যারা তা থেকে বঞ্চিত হবে, তাদের আত্মা-প্রেতাত্মা হয়ে ওঠে, তাদের কাছে কোনো পাপই পাপ মনে হয় না। নিজেদের স্বার্থের জন্য তারা সব করতে পারে। নাউজুবিল্লাহ!

তাই মুমিনের উচিত, আত্মকেন্দ্রিকতামুক্ত হওয়ার চেষ্টা করা। আল্লাহর ভালোবাসাকে নিজের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, মানুষের উপকারে এগিয়ে আসা, নিয়মিত দান-সদকা করা, বাস্তব জীবনের সম্পর্ককে গুরুত্ব দেওয়া এবং নিজের কাছে প্রতিদিন এই প্রশ্ন করা ‘আজ আমি কার উপকার করেছি?’ কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে, যে মানুষের উপকার করে।

বস্তুত মানুষ তখনই পরিপূর্ণ হয় যখন সে নিজের কল্যাণের পাশাপাশি অন্যের কল্যাণও কামনা করে। আত্মপ্রেম মানবিক; কিন্তু আত্মকেন্দ্রিকতা ধ্বংসাত্মক। আর যে ব্যক্তি নিজের স্বার্থকে নিয়ন্ত্রণ করে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারে, কোরআনের ভাষায় সেই ব্যক্তিই প্রকৃত সফলকাম।

দরুদ পাঠের বিশেষ পাঁচ সময়

মুফতি ইবরাহিম সুলতান
দরুদ পাঠের বিশেষ পাঁচ সময়
সংগৃহীত ছবি

প্রতিদিনের পঠিত আমলগুলোর মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে তাঁর প্রিয় রাসুলের ওপর দরুদ পাঠ করা। ফজিলতপূর্ণ এ দরুদ পাঠের আমল যেকোনো সময়ই করা যায়। তবে বিশেষ কিছু সময়ের ক্ষেত্রে দরুদ পাঠ করার নির্দেশনা হাদিস শরিফে বর্ণিত হয়েছে। এখানে বিভিন্ন সময়ে দরুদ পাঠের কয়েকটি হাদিস তুলে ধরা হলো—
 
১. নবীর নাম শুনে দরুদ পাঠ করা : মালেক বিন হুয়াইরিস (রহ.)-এর সূত্রে বর্ণিত, একদা আল্লাহর রাসুল (সা.) মিম্বারে আরোহণ করেন। প্রথম ধাপে চড়েই বলেন, আমিন। অতঃপর দ্বিতীয় ধাপে চড়ে বলেন, আমিন। অনুরূপ তৃতীয় ধাপেও চড়ে বলেন, আমিন। অতঃপর তিনি (এর রহস্য ব্যক্ত করে) বলেন, “আমার  কাছে জিবরাঈল উপস্থিত হয়ে বলেন, ‘হে মুহাম্মদ! যে ব্যক্তি রমজান পেল অথচ পাপমুক্ত হতে পারল না আল্লাহ তাকে ধ্বংস করুন।’ তখন আমি (প্রথম) আমিন বললাম। তিনি আবার বলেন, ‘যে ব্যক্তি তার মাতা-পিতাকে অথবা তাঁদের একজনকে জীবিতাবস্থায় পেল অথচ তাকে দোজখে যেতে হবে, আল্লাহ তাকেও ধ্বংস করুন।’ এতে আমি (দ্বিতীয়) আমিন বললাম। অতঃপর তিনি বলেন, ‘যার কাছে আপনার (নাম) উল্লেখ করা হয় অথচ সে আপনার ওপর দরুদ পাঠ করে না, আল্লাহ তাকেও ধ্বংস করুন।’ এতে আমি (তৃতীয়) আমিন বললাম।’ (ইবনে হিব্বান, হাদিস : ৯০৭)
 
২. মজলিস শেষ করে দরুদ পাঠ করা : বিখ্যাত সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, যেসব লোক কোনো মজলিসে বসেছে অথচ তারা আল্লাহ তাআলার স্মরণ করেনি এবং তাদের নবীর প্রতি দরুদও পড়েনি, তারা বিপদগ্রস্ত ও আশাহত হবে। আল্লাহ তাআলা চাইলে তাদের শাস্তিও দিতে পারেন কিংবা মাফও করতে পারেন। (তিরমিজি,  হাদিস : ৩৩৮০)
 
৩. আজানের পর দরুদ পাঠ করা : বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, তিনি নবী করিম (সা.)-কে বলতে শুনেছেন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শোনো, তখন সে যা বলে তোমরা তা-ই বলো। অতঃপর আমার ওপর দরুদ পাঠ করো। কেননা যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার ওপর ১০ বার রহমত বর্ষণ করেন...। (মুসলিম, হাদিস : ৭৩৫)

৪. শুক্রবার বেশি বেশি দরুদ পাঠ করা : আওস ইবনু আওস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হলো জুমার দিন। এদিন আদম (আ)-কে সৃষ্টি করা হয়েছিল, এদিনই তাঁর রুহ কবজ করা হয়েছিল, এদিন শিঙায় ফুৎকার দেওয়া হবে এবং এদিনই বিকট শব্দ করা হবে। কাজেই এদিন তোমরা আমার ওপর বেশি দরুদ পাঠ করো। কারণ, তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। আওস ইবনে আওস (রা.) বলেন, লোকেরা বুঝতে চাচ্ছিল আপনার শরীর তো জরাজীর্ণ হয়ে মিশে যাবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, মহান সর্বশক্তিমান আল্লাহ মাটির জন্য নবী-রাসুলদের দেহ হারাম করে দিয়েছেন। (আবু দাউদ, হাদিস : ১০৪৭)

৫. মোনাজাতের আগে দরুদ : নামাজের পর মোনাজাতের আগে দরুদ পড়াও দোয়া করার আদবগুলোর অন্যতম আদম। যা রাসুল (সা.) নিজেই তাঁর প্রিয় সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। ফাজালাহ ইবনে উবাইদ (রা.) থেকে বর্ণিত, এক লোককে নবী (সা.) তাঁর নামাজের মাঝে দোয়া করতে শুনলেন, কিন্তু নবী (সা.)-এর ওপর সে দরুদ পড়েনি। রাসুলুল্লাহ (সা.) বলেন, এই ব্যক্তিটি তাড়াহুড়া করেছে। তারপর তিনি তাকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বলেন, তোমাদের কেউ নামাজ আদায় করলে সে যেন আল্লাহ তাআলার প্রশংসা ও তাঁর গুণগান করে, তারপর রাসুল (সা.)-এর ওপর দরুদ পাঠ করে, তারপর তার মনের কামনা অনুযায়ী দোয়া করে। (তিরমিজি, হাদিস : ৩৪৭৭)

মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাসুল (সা.) এর ওপর বেশি বেশি দরুদ পড়ার তাওফিক দান করুন। আমিন।

জুমার দিন যেসব কাজ কাম্য নয়

ইসলামী জীবন ডেস্ক
জুমার দিন যেসব কাজ কাম্য নয়
সংগৃহীত ছবি

মহান আল্লাহ দিন ও রাত সৃষ্টি করেছেন। সব দিনের মধ্যে জুমার দিন বিশেষ মর্যাদাপূর্ণ। কোরআন ও হাদিসে এই দিনের বিশেষ সম্মান ও মর্যাদা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) জুমার দিনের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তা হলো—এক. আল্লাহ তাআলা এই দিন আদম (আ.)-কে সৃষ্টি করেছেন, দুই. আল্লাহ তাআলা এই দিনে আদম (আ.)-কে জমিনে অবতরণ করিয়েছেন, তিন. এই দিনে আদম (আ.)-কে মৃত্যু দিয়েছেন, চার. এই দিনে এমন সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা দেবেন। যতক্ষণ না সে হারাম কিছু প্রার্থনা করবে না, পাঁচ. এই দিনে কিয়ামত সংঘটিত হবে।’ (ইবনে মাজাহ, হাদিস : ৮৯৫)

জুমার দিনটি যেমন মর্যাদা ও ফজিলতে পরিপূর্ণ, তেমনি এই দিনে কিছু নিষিদ্ধ কাজও রয়েছে। এর মধ্যে বেশ কিছু কাজ আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। জুমার দিনের নিষিদ্ধ কাজ হলো—

আজান হওয়ার পর ব্যবসা-বাণিজ্যে লিপ্ত থাকা : জুমার আজান হওয়ার পর কেনাবেচা করা এবং দুনিয়াবি সব কাজ নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা! যখন জুমার দিনে সালাতের জন্য আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো।’ (সুরা : জুমুআ, আয়াত : ৯)

এখানে বেচাকেনা ও ব্যবসা বলতে বোঝানো হয়েছে যাবতীয় ব্যস্ততাকে, তা যেকোনো প্রকারেরই হোক না কেন। জুমার আজানের পর তা ত্যাগ করতে হবে। খুতবা চলাকালীন ঘাড় মাড়িয়ে যাওয়া : খুতবা চলা অবস্থায় মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া নিষেধ। রাসুলুল্লাহ (সা.) খুতবা দিচ্ছিলেন এমন সময় দেখলেন জনৈক ব্যক্তি মানুষের ঘাড় ডিঙিয়ে সামনের দিকে যাচ্ছে। তিনি তাকে বললেন, ‘তুমি বসো, তুমি লোকদের কষ্ট দিচ্ছ।’ (আবু দাউদ, হাদিস : ১১১৮)

খুতবার সময় দুই হাঁটু উঁচু করে বসা : অনেকে দুই হাঁটু খাড়া করে দুই হাত দিয়ে জড়িয়ে বা কাপড় পেঁচিয়ে বসেন। একে আরবিতে ইহতেবা বলা হয়। খুতবা চলাকালীন এভাবে বসা নিষিদ্ধ। রাসুলুল্লাহ (সা.) জুমার দিন ইমামের খুতবা চলাকালে কাউকে হাঁটু খাড়া করে কাপড় জড়িয়ে বসতে নিষেধ করেছেন।’(আবু দাউদ, হাদিস : ১১১০)

খুতবার সময় অনর্থক কথা বলা ও কাজ করা : খুতবার সময় সম্পূর্ণ মনোযোগ দিয়ে খুতবা শোনা জরুরি। খুতবার সময় অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকতে হবে। অনেকেই খুতবার সময় মোবাইল টেপা, মেসেজ চেক করা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা ইত্যাদি অনর্থক কাজ করেন। এ কাজগুলো জুমার সওয়াব বাতিল করে দিতে পারে। যেমনটি রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জুমার দিন যখন তোমার সাথিকে চুপ থাকো বলবে, অথচ ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে তুমি অনর্থক কাজ করলে।’ (বুখারি, হাদিস : ৯৩৪)

খুতবা চলাকালীন ঘুমানো : খুতবার সময় ঘুম চলে এলে অজু ভঙ্গের আশঙ্কা থাকে এবং খুতবার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেন,  ‘যদি মসজিদে কোনো ব্যক্তি তন্দ্রাচ্ছন্ন হয়, তবে সে যেন স্বীয় স্থান ত্যাগ করে অন্যত্র সরে বসে। (আবু দাউদ, হাদিস : ১১১৯)

শুধু জুমার দিন রোজা রাখা : শুধু জুমার দিন নির্দিষ্ট করে সিয়াম পালন করা জায়েজ নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যেন শুধু জুমার দিন সিয়াম পালন না করে। তবে তার আগে এক দিন অথবা পরের দিন (মিলিয়ে রাখবে)।’ (বুখারি, হাদিস : ১৯৮৫)