জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও থানায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপকে হত্যার অভিযোগ করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা জেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশের সাত দিন আবেদনের ওপর শুনানির জন্য আগামীকাল বুধবার দিন নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এসব আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা, তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও ডিএমপির গোয়েন্দা (তেজগাঁও বিভাগ) পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে রিমান্ড সংক্রান্ত শুনানির তারিখ পিছিয়ে আগামীকাল নির্ধারণ করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মামলার এজাহারে ঘটনার তথ্যাদি ও সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। আসামির বাড়ি ভিন্ন জেলায়। নাম-ঠিকানা যাচাই-বাচাই করা হয়নি। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় মামলাটির সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং মামলার মূল রহস্য উৎঘাটনের জন্য ঘটনায় জড়িত এজাহারনামীয় ও অজ্ঞাতানামা আসামিরাসহ অন্যান্য পলাতক ও সহযোগী হুকুমদাতার নাম ঠিকানা সংগ্রহ ও অবস্থান নির্ণয়, ঘটনায় জড়িত আরোও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন। গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ আগস্ট ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ (২১)
বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। ওই দিন কাওরান বাজার মেট্রো রেল স্টেশনের কাছে আসামিদের ছোড়া গুলি রূপের ডান চোখে লাগে। তাকে মৃত ভেবে আসামিরা রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে চলে যায়। পরে তার বন্ধুরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য কাঠালবাগানের পদ্মা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়েছে।








