শেয়াল মামা করতে যাবে বিয়ে
বরযাত্রী উঠল নায়ে গিয়ে।
হাল ধরেছে ধোপার গাধা খাড়া দুটি কান
দাঁড় টানে দুই হুলো বেড়াল হেঁইও মেরে টান।
চশমা চোখে, খুশবু মাখা তুলো দিয়ে কানে
ঘটক ছাগল বসে আছে আসরের মাঝখানে।
গান জুড়েছে তিনটে বলদ হেঁড়ে গলা ছেড়ে
ভীষণ রেগে সিংহ বলে, চেঁচাচ্ছে কে কে রে?
মিনমিনিয়ে বলল হরিণ—হচ্ছে হুজুর গান
সিংহ বলে, সুরে গা নয়, ধরব টেনে কান!
লাল ঠোঁটে শাণ দিচ্ছে টিয়ে কাটবে গেটে ফিতে
প্রয়োজনে বলবে কথা খাঁটি ইংরেজিতে।
কোলা ব্যাঙের পাশে রাখা একটা ছোট ঝুলি
দেখছে গুনে—থাকার কথা তেরোটা আধুলি
হিসেব করে রাখছে কারণ দায়িত্বটা তার
কনেপক্ষ এটাই পাবে গেটে উপহার।
হচ্ছে তুমুল হাসিঠাট্টা গল্প ও কৌতুক
বানর বলে, কত হবে বিয়েতে যৌতুক?
এটা শুনে সিংহ চেঁচায়—বলল এটা কে রে!
আন তো ধরে আমার কাছে হাড় ভেঙে দেই মেরে।
আমরা হলাম পশুপাখি, নই তো রে ভিখারি
সম্মান দিয়ে জলাঞ্জলি যৌতুক নিতে পারি?




![[ মাথা খাটাও ]](https://asset.kalerkantho.com/public/news_images/2026/07/06/1783276631-693128e7d60181d5ce2e97e04e872e85.jpg)
