• ই-পেপার

সাক্ষাৎকার

বাংলাদেশ-ভারত বাণিজ্য ২০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব

  • বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে আবারও গতি ফিরছে। প্রায় দুই বছর ভ্রমণ ভিসা বন্ধ থাকলেও আবার তা সচল হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য ও নানা বিষয় নিয়ে কথা বলেছেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি মো. মশিউর রহমান। কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারটি নিয়েছেন আবদুল্লাহ আল মিরাজ

এআই ও প্রযুক্তিতে বদলাচ্ছে পোশাক খাত

নিজস্ব প্রতিবেদক
এআই ও প্রযুক্তিতে বদলাচ্ছে পোশাক খাত
‘বায়লা ফিউচার সামিট ২০২৬’ নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে বায়লার উদ্যোক্তারা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল অটোমেশন, ইন্ডাস্ট্রি ৪.০ এবং টেকসই উৎপাদন প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ব্যয় হ্রাস এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রযুক্তিনির্ভর এই রূপান্তরকে সামনে রেখে আগামী ২০ ও ২১ জুলাই ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে বায়লা ফিউচার সামিট ২০২৬

গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত বনানী শেলটেক গার্ডেনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যালায়েন্স (বায়লা) এ সম্মেলনের বিস্তারিত তুলে ধরে। আয়োজকদের মতে, থিংক বিয়ন্ড টুডে প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলন দেশের পোশাকশিল্পকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতে, নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই দিনব্যাপী এ আয়োজনে দেড় হাজারেরও বেশি অংশগ্রহণকারী, ৫০০-এর বেশি সিএক্সও এবং দেশি-বিদেশি ২০ জনের বেশি বক্তা অংশ নেবেন। সম্মেলনের বিভিন্ন সেশনে নেতৃত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্ডাস্ট্রি ৪.০, টেকসই উন্নয়ন, অর্থায়নের ভবিষ্যৎ, উদ্ভাবন এবং বৈশ্বিক পোশাকশিল্পের নতুন প্রবণতা নিয়ে আলোচনা হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলছেন, বর্তমানে এআই-সমন্বিত ইআরপি ও এমআইএস ব্যবস্থার মাধ্যমে ব্যাবসায়িক তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুততর হচ্ছে। ভয়েসভিত্তিক প্রযুক্তির ব্যবহার ক্রেতাদের সঙ্গে যোগাযোগকে আরো সহজ ও কার্যকর করছে। একই সঙ্গে কোনো পোশাকের ছবি বিশ্লেষণ করে তাৎক্ষণিক কস্টিং ও স্যাম্পলিংয়ের মতো প্রযুক্তি উৎপাদন প্রক্রিয়াকে আরো দক্ষ ও সময় সাশ্রয়ী করে তুলছে।

আয়োজকরা জানান, এআই শুধু স্বয়ংক্রিয়করণের প্রযুক্তি নয়, এটি মানবসম্পদের দক্ষতা বৃদ্ধিরও একটি শক্তিশালী হাতিয়ার। এর ফলে একই জনবল দিয়ে অধিক উৎপাদন ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদন প্রযুক্তি, কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই কাঁচামাল ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম টেকসই উৎপাদন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে। সম্মেলনে বিশ্ববাজারে দ্রুত সম্প্রসারিত ম্যান-মেড ফাইবার (এমএমএফ) খাতের সম্ভাবনা, গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং সরবরাহ চেইনের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে। উদ্যোক্তারা মনে করেন, এমএমএফ খাতে বিনিয়োগ বৃদ্ধি বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনের আলোচনায় অংশ নেবেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, উদ্যোক্তা কুতুবউদ্দিন আহমেদ, লেখক ও ব্যাংকার মাশরুর আরেফিন, অর্থনীতিবিদ ড. এম মাসরুর রিয়াজ, উদ্যোক্তা মিরন আলীসহ দেশি-বিদেশি খ্যাতনামা বিশেষজ্ঞরা। তাঁরা শিল্পের আগামী দশকের রূপান্তর, প্রযুক্তিগত অভিযোজন এবং বৈশ্বিক নেতৃত্বের কৌশল নিয়ে মতামত তুলে ধরবেন।

বৈশ্বিক লজিস্টিকস জায়ান্টের প্রশংসা

৬ মাসেই বদলে গেল চট্টগ্রাম বন্দর

বন্দরের সামগ্রিক নিরাপত্তা জোরদার ও কার্যক্রমে গতিশীলতা আনতে সফলভাবে ইলেকট্রনিক ই-গেট পাস প্রবর্তন করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৬ মাসেই বদলে গেল চট্টগ্রাম বন্দর

বাংলাদেশের অর্থনৈতিক চালিকাশক্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যক্রমে আধুনিকায়ন, ডিজিটাইজেশন এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের মাধ্যমে এক অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়েছে। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বের কারণে বিগত মাত্র ছয় মাসেই বন্দরের পরিচালনগত সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এই অসামান্য সাফল্যে বৈশ্বিক শিপিং ও লজিস্টিকস জায়ান্ট সিএমএ সিজিএম বন্দর কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ও ভূয়সী প্রশংসা জ্ঞাপন করেছে।

গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামানের সঙ্গে সিএমএ সিজিএম-এর উচ্চপদস্থ প্রতিনিধিদলের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সামুদ্রিক খাতের ভবিষ্যৎ পরিকল্পনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে চেয়ারম্যানের দূরদর্শী ভাবনার প্রশংসা করে সিএমএ সিজিএমের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেটওয়ার্ক ম্যানেজার জুলিয়েন লেকুয়ার একটি আনুষ্ঠানিক ই-মেইল বার্তা প্রেরণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামানের নেতৃত্বে বিগত ছয় মাসে বন্দরে বেশ কিছু প্রধান সাফল্য ও যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো :

জাহাজের টার্ন-অ্যারাউন্ড টাইম হ্রাস : বিগত ছয় মাসে নেওয়া বিভিন্ন কার্যকর পদক্ষেপের মাধ্যমে বন্দরে জাহাজের অপেক্ষমাণ সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হয়েছে, যা বন্দরের ইতিহাসে এক বড় অর্জন।

ডিজিটাইজেশন ও ই-গেট পাস : বন্দরের সামগ্রিক নিরাপত্তা জোরদার ও কার্যক্রমে গতিশীলতা আনতে সফলভাবে ইলেকট্রনিক ই-গেট পাস প্রবর্তন করা হয়েছে।

কাগজবিহীন আধুনিক প্রক্রিয়া : দাপ্তরিক কাজ ও বন্দর ব্যবস্থাপনায় গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পেপারলেস বা কাগজবিহীন প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা : সামুদ্রিক পরিবেশ রক্ষা ও টেকসই গ্রিন-পোর্ট গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ জোর দিয়েছেন বর্তমান চেয়ারম্যান। এই লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে সিএমএ সিজিএমের প্রতিনিধিদল দেশের অর্থনীতি ও জনগণের কল্যাণে বন্দর চেয়ারম্যানের এই অঙ্গীকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে। একই সঙ্গে বাংলাদেশের সামুদ্রিক খাতের এই উচ্চাভিলাষী ও আধুনিক পরিকল্পনাগুলো বাস্তবায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার এবং বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে অংশীদারি বজায় রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে বৈশ্বিক এই প্রতিষ্ঠান।

অভিমত

দেশে ডুরিয়ান চাষের সম্ভাবনা উজ্জ্বল প্রয়োজন গবেষণাভিত্তিক উদ্যোগ

ড. জাহাঙ্গীর আলম খান

দেশে ডুরিয়ান চাষের সম্ভাবনা উজ্জ্বল প্রয়োজন গবেষণাভিত্তিক উদ্যোগ

বাংলাদেশে ডুরিয়ান ফলের বাণিজ্যিক চাষ ও রপ্তানির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ডুরিয়ান দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও আকারে তুলনামূলক ছোট এবং অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ। ছোট আকৃতির কারণে আন্তর্জাতিক বাজারে পরিবহন, সংরক্ষণ ও রপ্তানি করা তুলনামূলক সহজ। এ কারণেই দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, বিশেষ করে থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়া ডুরিয়ানকে উচ্চমূল্যের রপ্তানি পণ্যে পরিণত করতে সক্ষম হয়েছে।

দেশে ডুরিয়ান চাষের সম্ভাবনা উজ্জ্বল প্রয়োজন গবেষণাভিত্তিক উদ্যোগমালয়েশিয়া গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস সনদের আওতায় ডুরিয়ান উৎপাদন ও রপ্তানিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছে। এর ফলে দেশটি প্রতিবছর ডুরিয়ান রপ্তানি থেকে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা আয় করছে। বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে ডুরিয়ান একটি সম্ভাবনাময় রপ্তানিযোগ্য ফল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

বাংলাদেশে কাঁঠালের ব্যাপক উৎপাদন হয় এবং দেশের জলবায়ু ও মাটির বৈশিষ্ট্য বিবেচনায় ডুরিয়ান চাষেরও সম্ভাবনা রয়েছে। তবে সরাসরি বাণিজ্যিক চাষে যাওয়ার পরিবর্তে প্রথমে গবেষণাভিত্তিক উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব বিভাগে প্রকল্প আকারে ডুরিয়ানের পরীক্ষামূলক চাষ শুরু করা যেতে পারে। বিভিন্ন জাতের উপযোগিতা, উৎপাদনশীলতা, রোগবালাই এবং বাজার সম্ভাবনা মূল্যায়নের পর ইতিবাচক ফল পাওয়া গেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে এর চাষ সম্প্রসারণ করা সম্ভব হবে।

বর্তমানে বাংলাদেশে ডুরিয়ান বিদেশ থেকে আমদানি করা হয়, যা প্রমাণ করে দেশের অভ্যন্তরীণ বাজারে এ ফলের চাহিদা রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারেও ডুরিয়ানের চাহিদা দ্রুত বাড়ছে। ফলে দেশে সফলভাবে ডুরিয়ান উৎপাদন করা গেলে একদিকে আমদানিনির্ভরতা কমবে, অন্যদিকে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির মাধ্যমে নতুন বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এতে কৃষকের আয় বাড়বে, ফলের বহুমুখীকরণ ঘটবে এবং কৃষি খাতে নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে।

ডুরিয়ানের সম্ভাবনা মূল্যায়নে ড্রাগন ফলের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ উদাহরণ হতে পারে। একসময় বাংলাদেশে ড্রাগন ফল পুরোপুরি আমদানিনির্ভর ছিল। কিন্তু গত এক দশকে দেশে এর বাণিজ্যিক চাষ ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। উৎপাদন বাড়ায় বাজারে দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে এবং এর বাজারও সম্প্রসারিত হয়েছে। একইভাবে পরিকল্পিত গবেষণা, উন্নত চারা, কৃষক প্রশিক্ষণ, মানসম্মত উৎপাদন এবং সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে ডুরিয়ানও বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডুরিয়ানের পরীক্ষামূলক চাষ শুরু করে সফল হলে তা সারা দেশে সম্প্রসারণ করা উচিত। একই সঙ্গে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দিকেও গুরুত্ব দিতে হবে। সময়োপযোগী পরিকল্পনা ও নীতিগত সহায়তা থাকলে ভবিষ্যতে ডুরিয়ান বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় উচ্চমূল্যের ফল ও রপ্তানি পণ্যে পরিণত হতে পারে।

লেখক : কৃষি অর্থনীতিবিদ

অনুলিখন : সজীব আহমেদ

বিশ্বে ডুরিয়ান রপ্তানিতে ১৫ বিলিয়ন ডলারের হাতছানি

আনিকা জীনাত
বিশ্বে ডুরিয়ান রপ্তানিতে ১৫ বিলিয়ন ডলারের হাতছানি

ডুরিয়ানের শাঁস খুবই নরম, ঘন ও ক্রিমের মতো। এক কথায় এর স্বাদ বোঝানো কঠিন। তবে বাংলাদেশি ফল কাঁঠালের সঙ্গে এর মিল রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি কিং অব ফ্রুটস নামে পরিচিত। তীব্র গন্ধের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশের পাঁচতারা হোটেলে নিষিদ্ধ ডুরিয়ান। তবে এই ফল এখন বিশ্বের সবচেয়ে লাভজনক রপ্তানি পণ্যের একটি। ডুরিয়ানের বৈশ্বিক বাজার ২০২৫ সালে পৌঁছেছে ৯২৩ কোটি ডলারে। ডাবলিনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড মার্কেটসের তথ্য মতে, ২০৩১ সালের মধ্যে এ বাজারের আকার বেড়ে এক হাজার ৫০৪ কোটি ডলারে পৌঁছতে পারে। এই বাজার দখলে এখন প্রতিযোগিতায় রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো দেশগুলো।

বিশ্বে ডুরিয়ান রপ্তানিতে ১৫ বিলিয়ন ডলারের হাতছানিথাইল্যান্ড : ডুরিয়ান রপ্তানিতে দীর্ঘদিন ধরেই শীর্ষ স্থানে রয়েছে থাইল্যান্ড। গত বছর তারা ৪৩০ কোটি ডলারের ডুরিয়ান রপ্তানি করে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটি শুধু চীনেই ৩১০ কোটি ডলারের ডুরিয়ান রপ্তানি করেছে। বছরের শেষে এ আয় ৪৬০ কোটি ডলারে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। রপ্তানিতে শীর্ষ স্থান ধরে রাখতে থাইল্যান্ড সরকার কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করে। বাগান থেকে ডুরিয়ান সংগ্রহের আগেও কৃষকদের অনুমতি নিতে হয়। জেলা প্রশাসনের মাধ্যমে ফলের মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই রপ্তানির অনুমোদন মেলে এবং এরপর ফল ডিপোতে পাঠানো হয়।

ভিয়েতনাম : মাত্র কয়েক বছরের ব্যবধানে ডুরিয়ান রপ্তানিতে দ্রুত উত্থান ঘটিয়েছে ভিয়েতনাম। চার বছর ধরে আলোচনা শেষে ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো চীনে ডুরিয়ান রপ্তানির অনুমতি পায় দেশটি। সে বছর তাদের আয় ছিল ৪২ কোটি ডলার। পরের বছর সেই আয় বেড়ে দাঁড়ায় ২২৪ কোটি ডলারে। ২০২৪ সালে তা আরো বেড়ে হয় ৩৩০ কোটি ডলার। গত বছর চীনের কঠোর আমদানি নীতিমালা অনুসরণ করেও দেশটি ৩৮৬ কোটি ডলারের ডুরিয়ান রপ্তানি করে। বিশ্ববাজার মিলিয়ে মোট রপ্তানি আয় দাঁড়ায় প্রায় ৪০০ কোটি ডলারে। দেশটির সবজি ও ফল রপ্তানি আয়ের প্রায় অর্ধেকই এসেছে ডুরিয়ান থেকে। চীন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ২৮টি দেশে ডুরিয়ান রপ্তানি করে ভিয়েতনাম। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই তারা রপ্তানি করেছে ৫৬ কোটি ২০ লাখ ডলারের ডুরিয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৬ শতাংশ বেশি। দেশটিতে বর্তমানে প্রায় এক লাখ ৯২ হাজার হেক্টর জমিতে ডুরিয়ানের চাষ হচ্ছে।

মালয়েশিয়া : মালয়েশিয়ার অন্যতম রপ্তানি আয়ের উৎস ডুরিয়ান। ফলটির আন্তর্জাতিক পরিচিতি আরো বাড়াতে দেশটির পর্যটন মন্ত্রণালয় গত ৪ জুলাই কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ারের নিচে উদ্বোধন করেছে কুয়ালালামপুর ডুরিয়ান এক্সপেরিয়েন্স সেন্টার (কেএলডিইএক্স)। কেন্দ্রটির মূল উদ্যোক্তা ডুরিয়ান রপ্তানিকারক প্রতিষ্ঠান মাইবোলেবোলেহ। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত টিকিট কেটে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারেন প্রায় এক হাজার ৯০০ বর্গমিটারের এ প্রদর্শনীকেন্দ্র। এখানে রয়েছে ডুরিয়ান জাদুঘর, ছোট নাট্যমঞ্চ ও আর্ট গ্যালারি। দর্শনার্থীরা ডুরিয়ানের ইতিহাস, চাষাবাদ ও বিভিন্ন উদ্ভাবনের গল্প সম্পর্কে জানতে পারে। চাইলে দর্শনার্থীরা বিভিন্ন জাতের ডুরিয়ানের স্বাদও নিতে পারে। মালয়েশিয়া শুধু টাটকা ডুরিয়ান নয়, হিমায়িত, পাল্প ও পেস্টও রপ্তানি করে। সব মিলিয়ে গত বছর দেশটি ডুরিয়ান রপ্তানি করে প্রায় ২৩ কোটি ৯০ লাখ ডলার আয় করেছে। বিশ্বের প্রায় ৪০টি দেশে তাদের ডুরিয়ান রপ্তানি হয়। এর মধ্যে রয়েছে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ইতালি, ফ্রান্স ও স্পেন। গত বছর শুধু চীনে প্রায় তিন কোটি ৭০ লাখ ডলারের ডুরিয়ান রপ্তানি করেছে মালয়েশিয়া। এদিকে ট্রানজিট ও পুনঃরপ্তানি কেন্দ্র হিসেবে হংকংও গত বছর ডুরিয়ান বাণিজ্য থেকে সাড়ে চার কোটি ডলার আয় করেছে। ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভেনেজুয়েলাও উল্লেখযোগ্য পরিমাণে ডুরিয়ান রপ্তানি করে থাকে।

সবচেয়ে বড় বাজার চীন : বিশ্বের সবচেয়ে বড় ডুরিয়ান ক্রেতা এখন চীন। দেশটির শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর তারা ৭৪৯ কোটি ডলারের ডুরিয়ান আমদানি করেছে। আমদানি করা ডুরিয়ানের পরিমাণ ছিল প্রায় ১৮ লাখ ৬৮ হাজার টন। চীনের বাজারে ডুরিয়ান সরবরাহকারী শীর্ষ পাঁচ দেশ হলো থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ফিলিপাইন। এর মধ্যে ভিয়েতনাম থেকে ৯৪ হাজার মেট্রিক টন, থাইল্যান্ড থেকে ৭২ হাজার মেট্রিক টন ও মালয়েশিয়া থেকে ১৫ হাজার মেট্রিক টন ডুরিয়ান আমদানি করেছে চীন। চীনে রপ্তানির পরিমাণের দিক থেকে প্রথমবারের মতো থাইল্যান্ডকে ছাড়িয়ে গেছে ভিয়েতনাম। বিশ্লেষকদের মতে, আগামী কয়েক বছরে এই প্রতিযোগিতা আরো তীব্র হতে পারে।

বাংলাদেশের কাঁঠালের সুযোগ : ডুরিয়ানের জাতভাই হিসেবে পরিচিত কাঁঠাল এখন বাংলাদেশের জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। সম্প্রতি চীন সফরের সময় এসংক্রান্ত একটি চুক্তি সই হয়, যার ফলে দেশটিতে বাংলাদেশের কাঁঠাল রপ্তানির পথ তৈরি হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চীনের বাজারে বাংলাদেশের কাঁঠালের ভালো সম্ভাবনা রয়েছে এবং শিগগিরই রপ্তানি শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। তিনি আরো জানান, চীন সফরের আগে মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী তাঁকে জানিয়েছেন, মালয়েশিয়া প্রতিবছর ডুরিয়ান রপ্তানি করে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করে। একইভাবে বাংলাদেশও যদি আন্তর্জাতিক বাজারে কাঁঠালের অবস্থান তৈরি করতে পারে, তবে জাতীয় ফলটিও হতে পারে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা আয়ের একটি নতুন উৎস।

সূত্র : এশিয়া নিউজ নেটওয়ার্ক, ভিএনএক্সপ্রেস